‘অবৈধ’ লেনদেনের অভিযোগ প্রত্যাখ্যান করেছে স্ট্যানচার্ট
স্ট্যান্ডার্ড চার্টার্ড পিএলসি (গ্রুপ) যুক্তরাষ্ট্রের আর্থিক খাতের অন্যতম নিয়ন্ত্রক প্রতিষ্ঠান নিউইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অব ফিন্যান্সিয়াল সার্ভিসেসের (ডিএফএস) পক্ষ থেকে পাঠানো একটি নির্দেশনা সম্পর্কে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে। এটি আরএনএসে উপস্থাপন করা হয়েছে। ডিএফএসের নির্দেশনায় যেসব তথ্য বর্ণনা করা হয়েছে, স্ট্যান্ডার্ড চার্টার্ড গ্রুপ তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে।উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে স্ট্যানচার্ট ইরান-সংশ্লিষ্ট ২৫ হাজার কোটি ডলারের ‘অবৈধ’ লেনদেন করেছে বলে ডিএফসি গত সোমবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এরপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্ট্যানচার্টের পক্ষ থেকে এই প্রতিক্রিয়া জানানো হয়।স্ট্যানচার্ট জানিয়েছে, পর্যালোচনার জন্য ব্যাংকটি তার পূর্ববর্তী বিভিন্ন অঙ্গীকারনামা ডিএফএসসহ যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট বিভিন্ন এজেন্সি যেমন ডিপার্টমেন্ট অব জাস্টিস, দি অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল, দ্য ফেডারেল রিজার্ভ গ্রুপ অব নিউইয়র্ক এবং নিউইয়র্কের ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কাছে উপস্থাপন করেছে এবং এসব বিষয়ে এখনো প্রতিষ্ঠানগুলোর সঙ্গে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের আলাপ-আলোচনা চলছে।গ্রুপ আরও জানিয়েছে, স্ট্যান্ডার্ড চার্টার্ড যেকোনো মুদ্রায় ইরানি গ্রাহকদের সঙ্গে সব ধরনের নতুন ব্যবসা পাঁচ বছর আগেই বন্ধ করে দিয়েছে। গ্রুপ ডিএফএস ও যুক্তরাষ্ট্রের অন্যান্য সব এজেন্সির কাছে নিজেদের নিয়মানুযায়ী কাজের সর্বশেষ চিত্র উপস্থাপন করেছে।জানুয়ারি ২০১০-এ গ্রুপ স্বেচ্ছায় ডিএফএসসহ অন্যান্য মার্কিন সংস্থাকে জানায় যে, তারা তাদের পূর্ববর্তী মার্কিন ডলার লেনদেনসমূহ পর্যালোচনা শুরু করেছে এবং মার্কিন নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে বিদ্যমান এ-সংক্রান্ত চুক্তি অনুযায়ী এই পর্যালোচনা চলছে। এই পর্যালোচনায় ২০০১ থেকে ২০০৭ সাল সময়ের মধ্যে ইরানের সঙ্গে সংশ্লিষ্ট সব লেনদেনের ব্যাপারে আলোকপাত করা হয়। এ ছাড়া, যুক্তরাষ্ট্রের গৃহীত ব্যবস্থা ইউটার্ন ফ্রেমওয়ার্ক, যা দ্বারা ইরানের সঙ্গে অন্যান্য দেশের বাণিজ্যে ব্যবহূত মার্কিন ডলারের বিনিময়নীতি সম্পর্কে পর্যালোচনায় অধিক জোর দেওয়া হয়।