‘অর্থনীতির জন্য অন্ধকার ছায়া’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে ভবনধসে তিন শতাধিক ব্যক্তির প্রাণহানির ঘটনা বাংলাদেশের অর্থনীতির ওপর ‘অন্ধকার ছায়া’ ফেলবে বলে শঙ্কা প্রকাশ করা হয়েছে। গতকাল শনিবার ওয়াশিংটন পোস্ট পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে এই শঙ্কা প্রকাশ করা হয়েছে।প্রতিবেদনটিতে বলা হয়েছে, সাভারের রানা প্লাজা ধসের আগেই রাজনৈতিক অস্থিরতার কারণে ১৯ বিলিয়ন ডলারের তৈরি পোশাকশিল্প চাপের মুখে পড়েছে। ক্ষমতাসীন দলের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর রাজনৈতিক বিরোধী পক্ষের মুখোমুখি অবস্থানের কারণে এ পরিস্থিতি তৈরি হয়।এতে বলা হয়, গত ফেব্রুয়ারি মাসের শুরু থেকে বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা হরতালসহ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ও সহিংসতায় বাংলাদেশ কার্যত ৩৩ দিন অচল ছিল। যদিও পশ্চিমা বিভিন্ন প্রতিষ্ঠিত ব্র্যান্ডের সরবরাহকারী পোশাকশিল্প প্রতিষ্ঠানগুলো উৎপাদন স্বাভাবিক রাখার চেষ্টা করে আসছিল। কিন্তু বন্দর, সড়কপথসহ যোগাযোগব্যবস্থা অচল হয়ে পড়ায় আমদানি-রপ্তানি কার্যক্রম বাধার মুখে পড়ে।প্রতিবেদনটিতে বলা হয়, গত সপ্তাহে বিজিএমইএ সংবাদ সম্মেলন করে জানিয়েছে, রাজনৈতিক অস্থিরতায় ৩০০ কোটি ডলারের নতুন কার্যাদেশ হারিয়েছে। বিদ্যমান আদেশগুলোর মধ্যে ৫০ কোটি ডলারের আদেশ ভারতে চলে গেছে। এসব কারণে তৈরি পোশাকশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের অনেকে মনে করছেন, আগামী দিনে রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা ও রানা প্লাজার ঘটনা এ খাতের জন্য বড় হুমকি হয়ে দেখা দেবে। বিশ্বের বড় ক্রেতা ওয়ালমার্টের মতো প্রতিষ্ঠান এ দেশ থেকে মুখ ফিরিয়ে নিতে পারে।