'অসম্ভব আশাবাদী বলতে পারতাম'

গতকাল শুক্রবার প্রথম আলোর মূল শিরোনাম ছিল ‘অশোভনীয় আশাবাদের’ বাজেট। এই ‘অশোভনীয় আশাবাদ’ কথাটি নেওয়া হয়েছে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বাজেট বক্তৃতা থেকে।অর্থমন্ত্রী গত বৃহস্পতিবার জাতীয় সংসদে তাঁর বাজেট বক্তৃতার ১১৯ নম্বর পৃষ্ঠার ২৫৩ অনুচ্ছেদে বলেন, ‘আমি আশিতে পদার্পণ করেছি, জীবনে হতাশা ও সাফল্যের দোলাচলে বারবার নিক্ষিপ্ত হয়েছি। তবে সর্বদাই আমি ঘনঘটার মধ্যে শান্তি দেখেছি। মেঘের আড়ালে রুপালি নয়, সোনালি রেখা দেখেছি। আমি আসলেই কর্মশক্তি পাই আমার প্রবল তথা অশোভনীয় আশাবাদে।’প্রথম আলোর এই শিরোনাম নিয়ে গতকাল বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা প্রশ্ন করেছেন। জানতে চাওয়া হয়েছে, কেন তিনি ‘অশোভনীয় আশাবাদ’-এর কথা বলেছেন। অর্থমন্ত্রী এর একটি ব্যাখ্যাও দিয়েছেন। অর্থমন্ত্রী ব্যাখ্যা দিয়ে বলেন, ‘কেউ কেউ সমালোচনা করেছেন। এই শব্দকে সামনে নিয়ে এসেছেন। এটা ঠিক, অশোভনীয় শব্দটি খুব ভালো হয়নি। বাংলা একাডেমীর অভিধান থেকে এই শব্দটি নিয়েছি আমি। আমি আসলে অসম্ভব আশাবাদী বলতে পারতাম। কারণ, আমি এ রকমই একজন মানুষ। আমি অত্যন্ত আত্মতৃপ্ত একজন মানুষ।