'অ্যাকর্ড চায় না কোনো কারখানা বন্ধ হোক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে (বাঁ থেকে) অ্যাকর্ডের প্রধান নিরাপত্তা পরিদর্শক ব্র্যাড লয়েন, নির্বাহী পরিচালক রব ওয়েজ ও স্থায়ী কমিটির সদস্য রায় রমেশ ।  প্রথম আলো
সংবাদ সম্মেলনে (বাঁ থেকে) অ্যাকর্ডের প্রধান নিরাপত্তা পরিদর্শক ব্র্যাড লয়েন, নির্বাহী পরিচালক রব ওয়েজ ও স্থায়ী কমিটির সদস্য রায় রমেশ । প্রথম আলো

অ্যাকর্ড চায় না বাংলাদেশের কোনো পোশাক কারখানা বন্ধ হোক। পরিদর্শন কার্যক্রম নিয়মতান্ত্রিকভাবে চলছে। পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে সবকিছু করা হয়েছে।
এমন দাবিই করেছেন বাংলাদেশি তৈরি পোশাকের ইউরোপীয় ক্রেতাদের জোট অ্যাকর্ডের নির্বাহী পরিচালক রব ওয়েজ।
রাজধানীর একটি হোটেলে গতকাল মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে পোশাক কারখানা পরিদর্শনের প্রথম প্রতিবেদনটি প্রকাশ করে অ্যাকর্ড অন ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি ইন বাংলাদেশ (অ্যাকর্ড)। ১০টি কারখানা পরিদর্শনের এই প্রতিবেদন প্রকাশের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অ্যাকর্ডের এই কর্মকর্তা।
এর আগে গত রোববার এক অনুষ্ঠানে কারখানা পরিদর্শন নিয়ে ‘ষড়যন্ত্র’ হচ্ছে, এমন অভিযোগ তোলেন বিজিএমইএর নেতারা। তবে এটি ভিত্তিহীন বলে দাবি করে রব ওয়েজ বলেন, ‘পোশাকশিল্পের ভালোর জন্যই অ্যাকর্ড পরিদর্শন করছে। কারখানা পরিদর্শন পুরোপুরি বৈজ্ঞানিকভাবে হচ্ছে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিজিএমইএ ও আইএলও এর সঙ্গে যুক্ত আছে। পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ। তার পরও কারও কোনো প্রশ্ন থাকলে আমরা স্বাগত জানাব।’
কর্মপরিকল্পনা অনুযায়ী প্রতি মাসে ২৫০টি কারখানা পরিদর্শন শেষ করবে অ্যাকর্ড। এটি কতটুকু যুক্তিযুক্ত, এমন প্রশ্নের জবাবে অ্যাকর্ডের নির্বাহী পরিচালক বলেন, ‘সবাই পরিদর্শনের কার্যক্রমের জন্য অপেক্ষা করছে। সে জন্য এ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। আর পর্যাপ্ত প্রস্তুতিও আমাদের আছে।’ একসঙ্গে প্রকৌশলীদের ৩৮টি দল কাজ করছে বলেও জানান তিনি।
শেয়ারড বিল্ডিং বা অন্য প্রতিষ্ঠানের সঙ্গে থাকা অনেক কারখানায় কাজ দেওয়া বন্ধ করেছে অ্যাকর্ডের চুক্তিতে স্বাক্ষরকারী একাধিক ব্র্যান্ড। এ বিষয়ে রব ওয়েজ বলেন, শেয়ারড ভবনে কাজ না দেওয়ার বিষয়ে চুক্তি সমর্থন করে না। তবে ব্র্যান্ডগুলো নিজস্ব নিয়ম-কানুনের মাধ্যমে এটি করেছে।
রব ওয়েজ আরও বলেন, ‘কারখানা সংস্কারে প্রাথমিকভাবে সমস্ত ব্যয়ভার উদ্যোক্তাদের নিতে হবে। তবে তা যদি কোনো মালিকের সামর্থ্যের বাইরে হয়, সে ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্র্যান্ডের সঙ্গে আলাপ-আলোচনা করব। এ ক্ষেত্রে অবশ্য মালিক কতটুকু পারবেন, সেটিও আমরা বিবেচনায় নেব।’
অ্যাকর্ডের নির্বাহী পরিচালক বলেন, অতিরিক্ত ঝুঁকির কারণে কোনো কারখানা পরিদর্শনের পর অ্যাকর্ড পরিদর্শক দল তা বন্ধ করতে পারে না। এ ক্ষেত্রে সিদ্ধান্ত নেয় একটি পর্যালোচনা কমিটি। এই কমিটিতে সরকারসহ চার পক্ষের বিশেজ্ঞরা থাকেন। তবে শেষ পর্যন্ত যদি কোনো কারখানা সাময়িকভাবে বন্ধ বা স্থানান্তর করতে হয়, তার দায়িত্ব মালিককেই নিতে হবে। এ ছাড়া শ্রমিকদের ক্ষতিপূরণ দেওয়ার দায়িত্ব মালিককেই নিতে হবে।
অ্যাকর্ডের স্থায়ী কমিটির সদস্য রায় রমেশ বলেন, ‘স্টিয়ারিং কমিটির পক্ষ থেকে অ্যাকর্ড পরিদর্শনে নমনীয়, সহনশীল ও বস্তুনিষ্ঠ হওয়ার অনুরোধ জানিয়েছে। সংশ্লিষ্ট সবার অংশগ্রহণে নিরাপদ ও টেকসই পোশাকশিল্প গড়ে তোলাই আমাদের লক্ষ্য।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অ্যাকর্ডের প্রধান নিরাপত্তা পরিদর্শক ব্র্যাড লয়েন। তিনি পরিদর্শন প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, অগ্নি নিরাপত্তার জন্য অ্যাকর্ডের তালিকায় থাকা এক হাজার ৭০০ কারখানার প্রায় ২৫ শতাংশে স্ক্রিপ্রিংকলার (একধরনের অগ্নি নির্বাপক যন্ত্র) লাগাতে হতে পারে।