'আপনারা বিদেশ থেকে ঋণ নিচ্ছেন না কেন?'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ব্যবসায়ীদের বিদেশি বিভিন্ন উৎস থেকে ঋণ নেওয়ার পরামর্শ দিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
মন্ত্রী বলেছেন, ‘আপনারা বলছেন, দেশে ব্যাংকঋণের সুদের হার অনেক বেশি। তাহলে আপনারা বিদেশ থেকে ঋণ নিচ্ছেন না কেন? সেখান থেকে ঋণ নিয়ে সব মিলিয়ে সুদ দিতে হবে ৫ থেকে ৬ শতাংশ।’
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এ কথা বলেন। মতিঝিলে ফেডারেশন ভবনে গতকাল বৃহস্পতিবার এ সভা অনুষ্ঠিত হয়।
এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদের সভাপতিত্বে সভায় পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব ভূঁইয়া সফিকুল ইসলাম, পরিকল্পনা কমিশনের সদস্য হেদায়েতুল্লাহ আল মামুন এবং এফবিসিসিআইয়ের দুই সহসভাপতি মনোয়ারা হাকিম আলী, হেলাল উদ্দিনসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
সভায় এফবিসিসিআইয়ের পরিচালক ওবায়দুর রহমান বলেন, ব্যাংক থেকে ঋণ নেওয়ার সুদের হার অনেক বেশি। কোনো কোনো ক্ষেত্রে ১৭ থেকে ২২ শতাংশ পর্যন্ত সুদ দিতে হয়। সুদের হার কমলে ব্যবসায়ীরা দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবেন।
সভায় পরিকল্পনামন্ত্রী বলেন, ২০২১ সালে দেশের মানুষের মাথাপিছু আয় হবে দুই হাজার ১০০ ডলার। আর ২০৩০ সালে এ দেশে কোনো গরিব মানুষ থাকবে না।
দেশে সুশাসনের অভাব রয়েছে স্বীকার করে মুস্তফা কামাল বলেন, ‘আমরা সুশাসন দিতে পারিনি। আমরা দিয়েছি জ্বালাও-পোড়াও রাজনীতি। এ দেশে এখনো রাজনীতির সংজ্ঞা কী, সেটাই ঠিক করা যায়নি। এটা ঠিক করতে পারলে দেশটা আরও ভালোভাবে চলত।’