'আবাসন খাতে বিনিয়োগের এখনই উপযুক্ত সময়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের আবাসন খাতে বিনিয়োগের এখনই উপযুক্ত সময় বলে মনে করছেন আবাসন খাত বিশেষজ্ঞরা। আবাসন খাতের বিনিয়োগ নিরাপদ, ঝুঁকিমুক্ত ও স্থায়ী বিনিয়োগ হবে এমনটাই মনে করছেন তাঁরা।
আজ রোববার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) আয়োজনে ‘নিরাপদ এবং সম্ভাবনাময় বিনিয়োগ: বাংলাদেশ আবাসন খাত’—শীর্ষক সেমিনারে বক্তারা এ মত দেন বলে রিহ্যাবের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মশিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী ও সোনালী ব্যাংকের চেয়ারম্যান এ এইচ এম হাবিবুর রহমান। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রিহ্যাবের সেমিনার ও ট্রেনিং স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান শফিক রহমান। রিহ্যাবের ভারপ্রাপ্ত সভাপতি মোকাররম হোসেন খানের সভাপতিত্বে সেমিনারে সহসভাপতি মো. আবদুর রশিদ ও সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান বক্তব্য দেন।
আলোচনায় বিশেষজ্ঞরা বলেন নগর ক্রমশ সম্প্রসারণ হচ্ছে। এর সঙ্গে আবাসনের চাহিদাও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ফলে আবাসন খাতের পণ্যের চাহিদা কখনই কমার কোন সম্ভাবনা নেই।
সেমিনারে জানানো হয় বর্তমানে শহরাঞ্চলে আবাসনের বার্ষিক চাহিদা রয়েছে প্রায় ৩০ হাজার ইউনিট। আগামী পাঁচ বছরে এই চাহিদা ৬০ হাজার ইউনিট ছাড়িয়ে যাবে। ব্যক্তি পর্যায়ের রিয়েল এস্টেট ডেভেলপাররা বর্তমানে সব মিলিয়ে বছরে ১৭ হাজার থেকে ১৮ হাজার ইউনিট ফ্ল্যাট নির্মাণ করছেন। চাহিদার তুলনায় মাত্র ৫০ শতাংশ আবাসন সরবরাহ করছে আবাসন ব্যবসায়ীরা। আগামী ২০ বছরে আবাসনের চাহিদা পূরণের জন্য আরও ৪০ লাখ বাড়ি নির্মাণ প্রয়োজন হবে সুতরাং আবাসনের চাহিদা ২৫ শতাংশের বেশি থাকবে বলেও জানানো হয় সেমিনারে।