এ সপ্তাহের সাক্ষাৎকার: ফাইন্যান্সিয়াল রিপোর্টিং আইন প্রণয়ন এবং ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল গঠনের বিষয়ে দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনটেন্টস অব বাংলাদেশের (আইসিএবি) আপত্তিগুলো নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন আইসিএবির সভাপতি সাইফুল ইসলাম
‘আমরাও হিসাব নিরীক্ষার মান উন্নত করতে চাই’
প্রথম আলো: ফাইন্যান্সিয়াল রিপোর্টিং আইন প্রণয়নের বিষয়ে আপনারা বিরোধিতা করছেন কেন? সাইফুল ইসলাম: বাংলাদেশের আর্থসামাজিক বাস্তবতার আলোকে ও বিভিন্ন যৌক্তিক কারণে আমরা এই আইনের বিষয়ে আপত্তি জানাচ্ছি। দক্ষিণ এশিয়ার কোনো দেশেই এ ধরনের কোনো আইন নেই। আর তাই যুক্তরাজ্যের ফাইন্যান্সিয়াল রিপোর্টিং আইনকে ভিত্তি ধরে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে এ ক্ষেত্রে পথিকৃৎ হতে চায় কেন, তা প্রশ্নসাপেক্ষ। প্রস্তাবিত আইনের খসড়ায় বিভিন্ন অসংগতি ও সীমাবদ্ধতা রয়েছে। সর্বোপরি যেভাবে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল গঠনের কথা বলা হয়েছে, সেটা আমলাতান্ত্রিক জটিলতা বাড়িয়ে দুর্নীতির নতুন পথ খুলে দিতে পারে বলে আমাদের আশঙ্কা হচ্ছে।প্রথম আলো: প্রস্তাবিত আইনের অসংগতির কয়েকটি উদাহরণ কী উল্লেখ করবেন?সাইফুল ইসলাম: আইনে ‘জনস্বার্থ সংস্থা’-র যে সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে, তার পরিধি অনেক বিস্তৃত। এতে তালিকাভুক্ত নয় এমন কোম্পানি, বাণিজ্য সংগঠন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ (এসএমই) এবং এনজিওকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা তো ব্যবসাবান্ধব হলো না। এসব প্রতিষ্ঠান ইতিমধ্যেই বিভিন্ন সরকারি বিধিবদ্ধ সংস্থার কাছে জবাবদিহির আওতায় রয়েছে। তাই তাদের আরেকটি বিধিবদ্ধ সংস্থার কাছে দায়বদ্ধ করা একদিকে যেমন তাদের ব্যবসায়িক কর্মকাণ্ড ব্যাহত করবে, অন্যদিকে দুর্নীতির পথও তৈরি হতে পারে। আবার আইনে নিরীক্ষক সংজ্ঞায়িত করতে গিয়ে নিরীক্ষা প্রতিষ্ঠানের (অডিট ফার্ম) কর্মচারীকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। কেননা, নিরীক্ষা প্রতিবেদন বা মতামতে তিনি স্বাক্ষর করতে পারেন না। আবার কোম্পানির কোনো অপরাধ সংঘটনে কর্মকর্তা-কর্মচারীকে দায়ী করার ধারা রাখা হয়েছে, তা-ও সঠিক নয়। কেননা, কোম্পানির নীতিনির্ধারণে তাঁদের কোনো ভূমিকা থাকে না। একইভাবে দেওয়ানি অপরাধের জন্য ফৌজদারি দণ্ডবিধির আওতায় বিচার করার বিধানটিও অগ্রহণযোগ্য।প্রথম আলো: কিন্তু দেশের হিসাবরক্ষণ ও নিরীক্ষা কার্যক্রমের মান উন্নয়নের তো প্রয়োজন আছে। সেটিতে তো বাংলাদেশ অনেক পিছিয়ে। এ ক্ষেত্রে কী করণীয়?সাইফুল ইসলাম: আমরাও নিরীক্ষা কার্যক্রমের মানোন্নয়ন চাই, চাই হিসাবরক্ষণ উন্নততর ও আধুনিক করতে। সে জন্য বর্তমানে আর্থিক খাতে যেসব নিয়ন্ত্রক সংস্থা আছে, তাদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানো দরকার। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রক বাংলাদেশ ব্যাংক কিংবা পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর নিয়ন্ত্রক সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) মতো আইসিএবিও এক ধরনের নিয়ন্ত্রক সংস্থা। দেশে হিসাবরক্ষণ পেশাজীবীদের মান উন্নয়ন ও কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করার জন্য ১৯৭৩ সালে রাষ্ট্রপতি আদেশ-২ বলে আইসিএবি গঠন করা হয়। কাজেই আরেকটি নতুন কর্তৃপক্ষ গঠন করে কীভাবে কতটা সুফল পাওয়া যাবে, তা নিয়ে প্রশ্ন থাকছে। প্রথম আলো: কিন্তু হিসাব নিরীক্ষণে ত্রুটি ও অসম্পূর্ণতার জন্য যে ক্ষতি হয়, সেটা রোধের উপায় কী? আইসিএবিই বা কী করতে পারে? সাইফুল ইসলাম: প্রথমেই মনে রাখা দরকার যে হিসাব নিরীক্ষণের কাজটি করা হয় হিসাববিবরণী ও অন্যান্য দলিলপত্রের ভিত্তিতে। এ জন্য আন্তর্জাতিক যে গাইডলাইন আছে, সেটা অনুসরণ করা হয়। সে অনুসারে নিরীক্ষা প্রতিবেদন তৈরি করা হয়। এই কাজে যদি কোনো প্রতিষ্ঠান বা সিএ ফার্ম ভুল করে, সে জন্য আইসিএবির দিক থেকে শাস্তির ব্যবস্থা আছে। লঘু ভুলের জন্য তিরস্কার ও সতর্কীকরণ, ভুলের মাত্রা বেশি হলে এক-দুই বছর সদস্যপদ স্থগিত আর মারাত্মক ভুলের জন্য সদস্যপদ বাতিল করার বিধান আছে। আর আইসিএবির অনুমোদন ছাড়া কোনো সিএ ফার্ম বাংলাদেশে কাজ করতে পারবে না। তা ছাড়া বাংলাদেশ ব্যাংক বা এসইসি কিন্তু তাদের ক্ষমতাবলেই কোনো প্রতিষ্ঠান এই ধরনের ভুল করলে শাস্তি দিতে পারে।প্রথম আলো: আইসিএবি কীভাবে হিসাবরক্ষণ ও নিরীক্ষা কার্যক্রমের মানোন্নয়নে কাজ করছে?সাইফুল ইসলাম: আমরা আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দিচ্ছি। ইনস্টিটিউটের শিক্ষাকার্যক্রমে পাঠ্যসূচি আধুনিক ও হালনাগাদ করা হয়েছে যেন দক্ষ হিসাববিদ তৈরি করা যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, হিসাবমান ও নিরীক্ষণ নিবিড়ভাবে তদারকির জন্য আমরা আইসিএবির বর্তমান কাউন্সিলকে ঢেলে সাজানোর প্রস্তাব দিয়েছি যেখানে অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, এসইসি, রাজস্ব বোর্ডের মতো গুরুত্বপূর্ণ সরকারি সংস্থার উচ্চপর্যায়ের প্রতিনিধি অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। একইভাবে হিসাবমান ও নিরীক্ষামান-সংক্রান্ত বিভিন্ন বোর্ডকেও সরকারি পর্যায়ের গুরুত্বপূর্ণ প্রতিনিধি অন্তর্ভুক্তির সুপারিশ করা হয়েছে। [সাক্ষাৎকার নিয়েছেন আসজাদুল কিবরিয়া]