
ভাঙা সড়ক আর হাঁটুসমান কাদাপানি ভেঙে ট্যানারির কঠিন বর্জ্য ঠেলাগাড়িতে করে প্রতিদিন ডাম্পিং ইয়ার্ডে এনে ফেলেন প্রিন্স ট্যানারির শ্রমিক মো. খোকন। বললেন, ‘এক হাঁটু কাদাপানিতে কি গাড়ি চালানো যায়? মার পেট থেকে সন্তান জন্ম নিতে যে কষ্ট, সেই রকম কষ্ট করে আমাগো কাজ করতে হয়। সরকার আমাগো জেলখানায় এনে ফেলাইছে।’
প্রতিদিনের দুর্ভোগে ত্যক্তবিরক্ত খোকন বলেন, ‘ডেইলি দুই-তিনডা ট্রাক উল্টাইয়া যায়। সিইপিটির সামনে দিয়ে কোমরসমান পানি। আসা-যাওয়া খুব মুশকিল। এত সমস্যা, তবু দেখার কেউ নাই।’
সাভারের হেমায়েতপুরে চামড়াশিল্প নগর গড়ে তোলা হয়েছে। সেখানে চামড়ার উচ্ছিষ্টের তীব্র বোটকা গন্ধের মধ্যে কাজ করতে করতে ৬ আগস্ট দুপুরে এসব কথা বলেন খোকন। এ সময় আশপাশে কর্মরত পাঁচ-ছয়জন শ্রমিক খোকনের কথায় সায় দিলেন।
চামড়াশিল্প নগরের সড়কগুলো এতটাই ভাঙা যে মূল ফটক থেকে ডাম্পিং ইয়ার্ডে যেতে রিকশা থেকে তিনবার নামতে হয়েছিল এই প্রতিবেদককে। ডাম্পিং ইয়ার্ডের সামনের সড়কের কাদা মাড়িয়ে সিইটিপির সামনে যেতেই হাঁটুপানির খপ্পরে পড়তে হলো। শেষ পর্যন্ত সড়কের পাশে রাখা বিদ্যুতের খুঁটির ওপর দিয়ে পার হয়ে শেষ রক্ষা হলো। ওই সময় এক ভ্যানচালক পানির মধ্য দিয়ে যেতে গিয়ে সড়কের খানাখন্দে ভ্যানসহ উল্টে পড়লেন।
পরে পুরো চামড়াশিল্প নগর ঘুরে দেখা গেল, অধিকাংশ সড়কের পিচ উঠে গেছে। কোথাও কোথাও বড় বড় গর্ত তৈরি হয়ে হাঁটুপানি জমেছে। ভেতরের কয়েকটি সড়ক ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। আবার কিছু সড়কের পাশের ড্রেন আবর্জনায় অর্ধেকটা ভরে গেছে। সে জন্য বৃষ্টি হলেই ময়লা পানিতে সড়ক একাকার হয়ে যায়।
কয়েকজন ট্যানারি মালিক জানান, কোরবানির চামড়া প্রক্রিয়াকরণের জন্য অধিকাংশ ট্যানারি নির্মাণকাজ জোরেশোরে চলছে। সে জন্য ভারী যন্ত্রপাতি, ইট, বালু ও সিমেন্টসহ প্রতিদিনই অতিরিক্ত ওজন নিয়ে ট্রাক আসে। আর প্রায়ই বৃষ্টি হচ্ছে। সব মিলিয়ে চামড়াশিল্প নগরের সব সড়কই কমবেশি ভেঙে গেছে। ফেন্সি লেদার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. শামসুল হুদা বলেন, ‘কোরবানির পর চামড়াবাহী শত শত ট্রাক চামড়া আসবে। শিল্পনগরের ভেতরে ও বাইরের সড়কের যে অবস্থা, তাতে দুর্ঘটনা ঘটতে পারে। তাই সড়কগুলো দ্রুত মেরামত করা দরকার।’
চামড়াশিল্প নগর প্রকল্প নেওয়া হয় ২০০৩ সালে। এর ভেতরকার রাস্তার আয়তন ৮৩ হাজার ৬৯৬ বর্গমিটার। প্রবেশ সড়ক ২ হাজার ৩৮৫ ফুট। সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, এসব রাস্তার নির্মাণকাজ শতভাগ শেষ হয়েছে। তবে প্রতিবেদনেই বলা হয়েছে, এসব রাস্তা প্রশস্ত করাসহ পুনর্নির্মাণ প্রয়োজন।
চামড়াশিল্প নগর প্রকল্পের পরিচালক মোহাম্মদ জিয়াউল হক বলেন, ‘ট্যানারির নির্মাণকাজের কারণে রাস্তাঘাটের ক্ষতি হয়েছে। রাস্তাঘাট আমরা সংস্কার করে দেব।’