দেশের শেয়ারবাজারে গতকাল রোববার বড় ধরনের দরপতনের ঘটনা ঘটেছে। এতে পুঁজি হারিয়ে দিশেহারা বিনিয়োগকারীরা ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে আবারও বিক্ষোভ-সমাবেশ ও মিছিল করেছেন। বিনিয়োগকারীদের অনেককেই এ সময় ‘আমাদের গুলি করে মেরে ফেলুন’ এমন প্ল্যাকার্ড বহন করেছেন। তাঁরা বাজারে স্থিতিশীলতা ফেরাতে সরকারের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেন।এদিকে, বাজার পরিস্থিতি পর্যালোচনায় নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে গতকাল জরুরি বৈঠক করেছে। বৈঠকে বলা হয়েছে, তদন্ত প্রতিবেদনের ব্যাপারে সরকারের অবস্থান নিয়ে এখনো নানা অনিশ্চয়তা রয়ে গেছে। এর হাত ধরে বাজারে ছড়িয়ে পড়ছে নানা ধরনের গুজব, যা বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা নষ্ট করছে। আবার ব্যক্তিশ্রেণীর বিনিয়োগকারীদের মূলধনি আয়ের ওপর করারোপ ও বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব খোলার ক্ষেত্রে করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন) বাধ্যতামূলক করা হচ্ছে—এ খবরটিও অনেক বিনিয়োগকারীর মধ্যে আতঙ্ক হিসেবে দেখা দিয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে তারল্যসংকট। ফলে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও ক্রেতার ভূমিকায় অবতীর্ণ হতে পারছে না।এ অবস্থায় বাজারের স্থিতিশীলতার স্বার্থে সরকারের বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের পরামর্শ দেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।এ বৈঠকে ডিএসই, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন ও সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। যোগাযোগ করা হলে এসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান প্রথম আলোকে বলেন, বাজার পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্টদের ভাবনা জানতেই এ বৈঠকের আয়োজন। বৈঠকে সংশ্লিষ্টদের কাছ থেকে যেসব বক্তব্য পাওয়া গেছে, তা কমিশনকে অবহিত করা হবে।জানা গেছে, বৈঠকে মার্চেন্ট ব্যাংক ও সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিগুলোকে দরপতন ঠেকাতে শেয়ার কেনার জন্য আহ্বান জানানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দরপতনের মধ্য দিয়েই গতকাল শেয়ারবাজারের লেনদেন শুরু হয়। বেলা একটার দিকে ডিএসইর সাধারণ মূল্যসূচক ২২৩ পয়েন্টের বেশি পড়ে যায়। এ সময় আতঙ্কিত বিনিয়োগকারীরা বিভিন্ন ব্রোকারেজ হাউস থেকে বেরিয়ে ডিএসইর কার্যালয়ের সামনে জড়ো হন। তাঁরা সেখানে বিক্ষোভ-সমাবেশ করেন। বিনিয়োগকারীরা এ সময় অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান (এসইসি) ও ডিএসইর সভাপতির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।বিনিয়োগকারীদের অনেককেই এ সময় ‘আমাদের গুলি করে মেরে ফেলুন’ এমন প্ল্যাকার্ডও বহন করতে দেখা যায়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের আহ্বায়ক মিজানুর রশীদ চৌধুরী, আবদুর রাজ্জাক, জাহাঙ্গীর আলম, সাজ্জাদ হোসেন, জব্বারসহ বেশ কয়েকজন বক্তব্য দেন। এ সময় বক্তারা এসইসি পুনর্গঠন নিয়ে সরকারের দোদুল্যমানতার সমালোচনা করেন। তাঁরা বলেন, একজন সদস্য পদত্যাগ করলেও চেয়ারম্যান ও একজন সদস্য বহাল রয়েছেন, যা এসইসি পুনর্গঠনের সরকারি প্রতিশ্রুতিকে প্রশ্নবিদ্ধ করছে।একপর্যায়ে বিকেল তিনটার দিকে ডিএসইর সামনে থেকে মিছিল শুরু করেন বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা। মিছিলটি ডিএসইর সামনে থেকে শুরু হয়ে কিছুক্ষণ পর একই জায়গায় এসে শেষ হয়। পরে বিকেল সোয়া তিনটার দিকে বিনিয়োগকারীরা তাঁদের বিক্ষোভ কর্মসূচি শেষ করেন। তবে এ কর্মসূচি চলাকালে ডিএসইর সামনের সড়কে যান চলাচল স্বাভাবিক ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান।বাজার পরিস্থিতি: দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক প্রায় ২৮৮ পয়েন্ট বা ৪ দশমিক ৮৮ শতাংশ কমে পাঁচ হাজার ৬১১ পয়েন্টে নেমে আসে। এ নিয়ে ১৯ কর্মদিবসের মধ্যে ডিএসইর সাধারণ সূচক এক হাজার পয়েন্টের মতো কমেছে। গত মাসে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পরের দিন ডিএসইর সাধারণ সূচক ছিল ছয় হাজার ৫৫৬ পয়েন্ট।অন্যদিকে সিএসইর সার্বিক মূল্যসূচক ৪ দশমিক ৫৩ শতাংশ বা ৭৪৫ পয়েন্ট কমে ১৫ হাজার ৭০০ পয়েন্টে নেমে এসেছে। স্টক এক্সচেঞ্জটিতে ৬৬ কোটি টাকার লেনদেন হয়েছে।ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ার তালিকায় ছিল মাত্র একটি কোম্পানির নাম। ভাগ্যবান সেই কোম্পানিটি হলো রহিম টেক্সটাইল লিমিটেড। ডিএসইতে গতকাল দাম কমার তালিকায় ছিল ২৪৪টি এবং অপরিবর্তিত থাকে তিনটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। জানা গেছে, একপর্যায়ে ডিএসইতে তালিকাভুক্ত ৬০টির মতো কোম্পানি ক্রেতাশূন্য হয়ে পড়ে, লেনদেনের ওপর যার নেতিবাচক প্রভাব পড়ে। ডিএসইতে গতকাল ৪৬২ কোটি টাকার লেনদেন হয়েছে।