'আমি মুখ দেখে কাজ করব না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোশাররফ হোসেন ভূঁইয়া
মোশাররফ হোসেন ভূঁইয়া

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, ‘আমি মুখ দেখে কাজ করব না। কাউকে বঞ্চিত করব না।’

আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এনবিআরের নতুন চেয়ারম্যান এ কথা বলেন। সেগুনবাগিচায় এনবিআরের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন হয়।
এনবিআর চেয়ারম্যান বলেন, ‘ঢালাওভাবে শুল্ক-কর রেয়াত দেওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। আমরা এখন আর শিশু না, আর ব্যবসায়ীরাও শিশু না। প্রয়োজন ছাড়া কোনো খাতকে শুল্ক-কর রেয়াত দেওয়া হবে না।’

এনবিআর চেয়ারম্যান জানান, বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) আর বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণে কাজ করবে না। এটি স্বাধীন প্রতিষ্ঠান হবে। ইতিমধ্যে দুর্নীতি দমন কমিশন, পুলিশসহ বিভিন্ন সংস্থার সঙ্গে কাজ করার জন্য সমঝোতা স্মারক হয়েছে। এক-দুই সপ্তাহের মধ্যে এনবিআরের সঙ্গেও হবে।
এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, ২০২০-২১ অর্থবছরে কর ও মোট দেশজ উৎপাদনের (জিডিপি) অনুপাত ১৫ শতাংশ উন্নীত করা হবে। এর মানে এই নয় যে মানুষকে চাপ দিয়ে, কষ্ট দিয়ে রাজস্ব আদায় করা হবে। বাণিজ্য-সহায়ক পরিবেশ তৈরি হলে আপনা-আপনিই রাজস্ব আসবে।

এনবিআর চেয়ারম্যান বলেন, বাণিজ্য-সহায়ক পরিবেশ সৃষ্টি অটোমেশনের পাশাপাশি অথরাইজড ইকোনমিক অপারেটর (এইও), ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো চালু করা হবে।

কাল শুক্রবার আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে এনবিআর। এ সময় এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।