‘আমিনুল হত্যাকাণ্ড যুক্তরাষ্ট্রের কাছে একটি বড় ঘটনা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রমিকনেতা আমিনুল ইসলাম একজনমাত্র ব্যক্তি হলেও তাঁর মৃত্যু যুক্তরাষ্ট্র সরকারের কাছে একটি বড় ঘটনা।বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের শ্রম দপ্তরের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক ভারপ্রাপ্ত অ্যাসোসিয়েট ডেপুটি আন্ডার সেক্রেটারি এরিক বিল এ মন্তব্য করেছেন। গত বছরের এপ্রিলে শ্রমিকনেতা আমিনুল ইসলাম রহস্যজনকভাবে খুন হন। যুক্তরাষ্ট্র এ ঘটনায় উদ্বেগ প্রকাশের পাশাপাশি এর সুষ্ঠু তদন্ত চেয়ে আসছে।এরিক বিল বলেন, ‘আমিনুল ইসলামের মৃত্যুকে সব সময়ই গুরুত্বের সঙ্গে দেখছে যুক্তরাষ্ট্র। তবে আমরা জেনেছি, এরই মধ্যে আমিনুল হত্যাকাণ্ডের মামলাটি সিআইডিতে স্থানান্তরিত হয়েছে। এটা ইতিবাচক।’রাজধানীতে আমেরিকান সেন্টারে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে এরিক বিল অগ্রাধিকারমূলক বাণিজ্য-সুবিধা (জিএসপি) প্রত্যাহার বিষয়ে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় শুনানি এবং বাংলাদেশের তৈরি পোশাক কারখানায় অগ্নিনিরাপত্তা ও শ্রম অধিকার নিয়ে কথা বলেন।যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) ফেডারেল রেজিস্ট্রার গত জানুয়ারিতে একটি নোটিশ প্রকাশ করে। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য রপ্তানিতে জিএসপি সুবিধা প্রত্যাহার, স্থগিত বা সীমিত করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। কারণ, শ্রম অধিকার নিশ্চিতের বিষয়ে বাংলাদেশের কোনো অগ্রগতি নেই।তবে বাংলাদেশ শ্রমিকদের অধিকারবিষয়ক একটি অগ্রগতির চিত্র বাংলাদেশ ৩১ জানুয়ারির মধ্যে যুক্তরাষ্ট্রে পাঠায়।ব্রিফিংয়ে বিল জানান, আগামী ২৮ মার্চ ইউএসটিআরের শুনানি হবে। বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদেরসহ আরও কয়েকজন কর্মকর্তা সেখানে উপস্থিত থাকবেন। জিএসপি মোটেই কোনো রাজনৈতিক বিষয় নয় উল্লেখ করে এরিক বিল বলেন, এটি নিতান্তই আইনি কাঠামোর বিষয় এবং বাণিজ্যনীতির সঙ্গে সম্পর্কিত।এক সপ্তাহের সফরকালে এরিক বিল কয়েকটি কারখানা পরিদর্শন করেছেন। তৈরি পোশাক কারখানাগুলোতে অগ্নিনিরাপত্তার বিষয়গুলো ঘুরে ঘুরে দেখেছেন তিনি। এ ছাড়া বৈঠক করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়সহ কয়েকটি ট্রেড ইউনিয়নের সঙ্গে।বাংলাদেশের শ্রম মান বিষয়ে এরিক বিল বলেন, কিছুটা উন্নতি হচ্ছে বলে জানা গেছে। ট্রেড ইউনিয়নের নিবন্ধন বেড়েছে। এরিক বিল বলেন, ‘যুক্তরাষ্ট্র বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাজার। এ বাজার ধরে রাখা উচিত।’