বাংলাদেশে বিনিয়োগ পরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন ভারতের সাহারা গোষ্ঠীর কর্ণধার সুব্রত রায় সাহারাপ্রথম আলো: কেন এবং কীভাবে বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে আগ্রহী হলেন?সুব্রত রায় সাহারা: গত বছরের জুন মাসে ভারতের দিল্লিতে ফাহিম সাহেবের বাবার (আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম) সঙ্গে আমার দেখা হয়। তিনি একটি টিম নিয়ে গিয়েছিলেন সে সময়। উনিই প্রথম আমাকে বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে প্রস্তাব দেন। তাঁর প্রস্তাবে আমি বিনিয়োগের ব্যাপারে কিছুটা স্বাচ্ছন্দ্য বোধ করি। এরপর আমাদের টিম বাংলাদেশে এসে বিভিন্ন বিষয়ে কাজ শুরু করে।প্রথম আলো: ব্যবসার জন্য রাজনৈতিক সহায়তা বা সাহায্যের প্রয়োজনের বিষয়টি কীভাবে দেখেন?সুব্রত রায়: আমি মনে করি না, ব্যবসা করার জন্য রাজনৈতিক সহায়তার কোনো দরকার হয়। এই সহায়তা তাদের জন্যই দরকার, যারা কারসাজির মাধ্যমে (ম্যানুপুলেটিভ) ব্যবসা করে। সাহারা কখনো সেভাবে কাজ করে না।প্রথম আলো: বাংলাদেশে আবাসন খাতে দেশীয় অনেক কোম্পানি কাজ করছে। তাদের সক্ষমতাও আছে। এ দেশের ব্যবসায়ীরা থাকতে সাহারা কেন আবাসন খাতে বিনিয়োগ করতে আগ্রহী?সুব্রত রায়: এখানে দুই ধরনের প্রতিষ্ঠান কাজ করে। কেউ ভূমি উন্নয়ন (ল্যান্ড ডেভেলপার) করে সেগুলো বিক্রি করে। আর কেউ ফ্ল্যাট তৈরি করে। এখানকার ব্যবসায়ীদের মতো করে আমরা কাজ করি না। আমরা যেখানেই কাজ করি, সেখানে আলাদা একটি জীবনধারা গড়ে তুলি। বাংলাদেশে এই ধরনের কোনো কাজ হয়েছে বলে আমার মনে হয় না। প্রথম আলো: বাংলাদেশে কোন জনগোষ্ঠীর জন্য আপনি আবাসন গড়ে তুলতে চান?সুব্রত রায়: এখানে দুটি শ্রেণী আছে। একটি শ্রেণী হলো অনেক ধনী; আরেকটি হলো, যাদের কিছুই নেই। বলতে পারেন, ‘হ্যাভ অ্যান্ড হ্যাভ নট’—এ দুটি শ্রেণী রয়েছে। আমরা এই দুই শ্রেণীর মানুষের জন্যই সর্বাধুনিক সুযোগ-সুবিধাসমৃদ্ধ আবাসন গড়ে তুলতে চাই।প্রথম আলো: ধরে নিলাম, আপনারা আবাসন খাতে প্রকল্পের কাজ শুরু করেছেন। তাহলে সর্বনিম্ন কত দামে আপনি এ দেশের গরিব শ্রেণীর মানুষের আবাসনের ব্যবস্থা করতে পারবেন?সুব্রত রায়: ভারতে আমরা এই ধরনের কিছু কাজ করছি। যেখানে পাঁচ লাখ রুপিতে ২৫০ বর্গফুটের স্টুডিও অ্যাপার্টমেন্ট কেনার সুযোগ রয়েছে। আর দুটি শয়নকক্ষ বিশিষ্ট অ্যাপার্টমেন্টের দাম পড়বে ১১ লাখ রুপি। আশা করছি বাংলাদেশেও আমরা এই দামে গরিবদের কিছু আবাসন দিতে পারব।প্রথম আলো: আপনারা কি কোনো জায়গা নির্বাচন করেছেন?সুব্রত রায়: আমরা ঢাকা থেকে ১৮ বা ২৫ কিলোমিটার দূরে কিছু জায়গা দেখেছি। সেখানে জমির দামও কিছুটা কম। সেসব জায়গার কোনো একটিতেই আমরা আমাদের প্রথম কাজটি শুরু করতে চাই। এ নিয়ে আমাদের সঙ্গে এখানকার কয়েকটি প্রতিষ্ঠানের কথাও হয়েছে। ঢাকা থেকে কিছুটা দূরে হলে আমাদের প্রকল্পে যাঁরা আবাসন গড়বেন, তাঁদের যাতায়াতের কোনো অসুবিধা হবে না। কারণ, আমরা যেখানেই কাজ করি সেখানে নিজেরাই পরিবহনসুবিধা দিয়ে থাকি।প্রথম আলো: কবে নাগাদ এ দেশে সাহারা গ্রুপ কাজ শুরু করতে পারবে?সুব্রত রায়: সবকিছু ঠিকঠাকমতো চললে আশা করছি আগামী নভেম্বরের মধ্যে আমরা এ দেশে কাজ শুরু করতে পারব। প্রথম আলো: বাংলাদেশের কোনো ব্যবসায়ীর সঙ্গে জানাশোনা বা এ দেশের ব্যবসায়ীরা কেমন করছেন, সেই সম্পর্কে আপনার কোনো ধারণা আছে?সুব্রত রায়: না, আমি এ দেশের কোনো ব্যবসায়ীর নাম জানি না। এ দেশের ব্যবসায়ীদের সম্পর্কে তেমন কোনো ধারণাও নেই। তবে এবার বাংলাদেশ সফরে এসে অনেকের সঙ্গে কথা বলেছি। আমরা (সাহারা) কখনো অন্যের ব্যবসা বা অন্য ব্যবসায়ী সম্পর্কে খুব বেশি খবরাখবর রাখি না। আমরা আমাদের মতো কাজ করি। সাহারাকেই অনেকে অনুকরণ করে।প্রথম আলো: ১৯৭৮ সালের দুই হাজার রুপির সাহারা কীভাবে আজকের অবস্থানে পৌঁছাল?সুব্রত রায়: প্রথম আমরা যখন শুরু করি, তখন আমাদের পুঁজি ছিল দুই হাজার রুপি। একজন-দুজন করে ধীরে ধীরে আমাদের সঙ্গে অনেকে যুক্ত হলেন। সাহারায় মালিক-কর্মচারী বলে কিছু নেই। আমরা সবাই এক পরিবার। পিয়ন থেকে শুরু করে সাহারায় যাঁরাই আছেন, সবাই লাভের ভাগ পান। এ কারণে সবাই প্রতিষ্ঠানটিকে নিজের মনে করে কাজ করেন। সাহারা শেয়ারহোল্ডার বা মালিকানার অংশীদার এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত সবাই। তাই বছর শেষে যা লাভ হয়, তা তিনটি ভাগে ভাগ করা হয়। একটি অংশ (৪০ শতাংশ) যায় কোম্পানির কর্মকর্তা-কর্মচারী কল্যাণ তহবিলে, আরেকটি অংশ যায় (২৫ শতাংশ) সামাজিক উন্নয়ন খাতে আর বাকি ৩৫ শতাংশ কোম্পানির নিজস্ব তহবিলে যুক্ত হয়। যৌথ প্রবৃদ্ধি-যৌথ অংশীদারির ভিত্তিতে আমাদের প্রতিষ্ঠানটি পরিচালিত হয়। এ কারণে বিশ্ব মন্দার মধ্যে সবাই যখন বেতন-ভাতা কমানোর রাস্তায় হেঁটেছে, আমরা তখন সব অংশীদারের বেতন-ভাতা প্রায় দ্বিগুণ করেছি।প্রথম আলো: আবার কবে বাংলাদেশে আসবেন?সুব্রত রায়: খুব শিগগির আবার আসার ইচ্ছে আছে। লক্ষৌ থেকে বাংলাদেশে আসতে মাত্র দেড় ঘণ্টা সময় লেগেছে। তাই আবারও আসার ব্যাপারে আমি খুব আগ্রহী। এ ছাড়া বিক্রমপুরে আমার মাতুলালয়ে যাওয়ার ইচ্ছাটা তো এবার পূরণ হলো না! [গতকাল রূপসী বাংলা হোটেলে সাক্ষাৎকারটি নিয়েছেন সুজয় মহাজন]