‘ইউরো অঞ্চলের সংকটে কেউ নিরাপদ নয়’
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিসতিন লাগার্দে বলেছেন, ইতালির অর্থনৈতিক সংস্কারের উদ্যোগ ইউরো অঞ্চলে সংকটের প্রভাব কমাতে সহায়তা করবে। আর তাই এ উদ্যোগ বাস্তবায়নে ঘাটতি থাকলে বিশ্বের কোনো দেশই নিরাপদে থাকবে না। গতকাল শনিবার জাপান সরকারের এক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠককালে লাগার্দে এসব কথা বলেন। টোকিওতে অনুষ্ঠিত বৈঠকে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন জাপানের অর্থমন্ত্রী জুন আজুমি। আইএমএফের প্রধান আরও বলেন, ইতালির রাজনৈতিক স্থিতিশীলতা অবশ্যই ফিরিয়ে আনতে হবে। ‘স্বচ্ছতা’ ও ‘বিশ্বাসযোগ্যতা’র সঙ্গে সংস্কার-কার্যক্রম চালাতে হবে এবং আস্থা ফিরিয়ে আনতে হবে। এক সংবাদ সম্মেলনে লাগার্দে আরও জানান, ইতালির জন্য দরকার স্থিতিশীল, সুদৃঢ় ও টেকসই সংস্কার বাস্তবায়ন কার্যক্রম। ইউরো অঞ্চলের বাইরে বিশেষ করে এশিয়ার দেশগুলোতে ইতালিসহ ইউরোপের আর্থিক সংকটের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন আইএমএফের প্রধান। এ জন্য তিনি জাপানকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন। আইএমএফের প্রধান আরও বলেন, ‘আমি জাপানের অর্থমন্ত্রীকে বলেছি, বর্তমান পরিস্থিতিতে কোনো দেশই নিরাপদ নয়। এই ঝুঁকিতে উন্নত ও উন্নয়নশীল দেশও রয়েছে।’ তিনি আরও বলেন, ‘জাপান কোনোভাবেই অন্য দেশের চেয়ে অপেক্ষাকৃত নিরাপদ নয়।’আইএমএফ-প্রধানের মতে, জাপান যেহেতু একটি বড় রপ্তানিকারক দেশ, তাই কোনো আমদানিকারক দেশ গুরুতরভাবে আক্রান্ত হলে এর প্রভাব জাপানেও পড়বে। এর আগে গত সপ্তাহে চীন সফরকালে লাগার্দে বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎ বিরাট ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে রয়ে গেছে বলে মন্তব্য করেন। সে সময় তিনি বলেন, গ্রিসের আর্থিক সংকট মোকাবিলায় ইউরোপীয় নেতারা যেসব পদক্ষেপ নিয়েছে তা সঠিক। তবে এসব পদক্ষেপ সত্ত্বেও উন্নত দেশগুলোয় বিশেষ করে ইউরোপ ও আমেরিকায় বড় ধরনের অশ্চিয়তা রয়েই গেছে। দুই বছর আগে গ্রিসের মাত্রাতিরিক্ত ঋণের বোঝা বেড়ে গিয়ে ইউরো অঞ্চলে অর্থনৈতিক সংকট শুরু হয়। এই সংকট এখন ইতালিকে আকড়ে ধরেছে। ইউরো অঞ্চলে অভিন্ন মুদ্রা গ্রহণকারী ১৭টি দেশের মধ্যে ইতালির অর্থনীতি তৃতীয় বৃহত্তম। ইতালির এই সংকট প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনিকে পতনের মুখে ঠেলে দিয়েছে। সংস্কার-কার্যক্রম সংসদে অনুমোদন হওয়ার পরই তিনি পদত্যাগ করবেন বলে ঘোষণা দিয়েছেন। প্রসঙ্গত, অর্থনৈতিক মন্দা মোকাবিলায় গ্রিস, পর্তুগাল ও আয়ারল্যান্ডকে ইউরো অঞ্চলের পক্ষ থেকে সহায়তা দেওয়া হয়েছে। সূত্র: এপি ও এএফপি।