ডেনমার্কভিত্তিক বিশ্বের অন্যতম নেতৃস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান নোভো নরডিস্কের কর্মকাণ্ড ও বাংলাদেশে তাদের নতুন উদ্যোগ সম্পর্কে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন কোম্পানির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জেসপার হইল্যান্ড। সাক্ষাৎকার নিয়েছেন শিশির মোড়লপ্রথম আলো: পৃথিবীতে ডায়াবেটিসের প্রকোপ এখন কোন মাত্রায়?জেসপার হইল্যান্ড: ডায়াবেটিস মহামারি আকারে আসছে। একে সুনামির সঙ্গে তুলনা করা হচ্ছে। বর্তমানে ২০ কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত, যা আগামী ২০ বছরে ৩৫ কোটিতে পৌঁছাতে পারে। খাদ্যাভ্যাস ও জীবনযাপন প্রণালি পরিবর্তন হওয়ায় ডায়াবেটিসের প্রকোপ বাড়ছে। আর এই প্রকোপ বৃদ্ধির হার এশিয়া ও আফ্রিকায় বেশি। বাংলাদেশে বর্তমানে ৬০ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। আগামী ১০ থেকে ২০ বছরে যা এক কোটি ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। প্রথম আলো: ওষুধ বাজারজাতকরণ ছাড়াও নোভো নরডিস্কের সেবামূলক কর্মকাণ্ড আছে। বাংলাদেশে আপনারা সে ধরনের কী কাজ করছেন?জেসপার হইল্যান্ড: নোভো নরডিস্ক বাংলাদেশে প্রায় ৪০ বছর ধরে কাজ করছে। ডায়াবেটিস রোগীদের সেবাদানে সহায়তা করতে আমরা বেশ কয়েক বছর ধরে বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের (বাডাস) সঙ্গে কাজ করে আসছি। ডায়াবেটিসের বিষয়ে চিকিৎসকদের প্রশিক্ষণ, বাডাসের বিভিন্ন ক্লিনিকে রোগ শনাক্ত ও চিকিৎসায় নানা সহযোগিতা এবং ডায়াবেটিসের বিষয়ে সচেতনতা বাড়ানোর কর্মসূচিতে নোভো নরডিস্ক সহায়তা দেয়। নোভো নরডিস্ক এখন বিশ্বব্যাপী শিশুদের ডায়াবেটিসে চিকিৎসা দেওয়া ও তাদের সহায়তায় বিশেষ মনোযোগ দিয়েছে। ঢাকায় বারডেম হাসপাতালের মাধ্যমে ‘চেঞ্জিং ডায়াবেটিস ইন চিলড্রেন’ নামের পাঁচ বছর মেয়াদি প্রকল্পের আওতায় গরিব পরিবারের ৮০০ ডায়াবেটিক শিশুকে চিকিৎসা-সহায়তা দেওয়া হচ্ছে। বিনা মূল্যে চিকিৎসার পাশাপাশি শিক্ষার উপকরণও দিচ্ছি। কিন্তু বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশন যতটা করছে, আমরা হয়তো ততটা পারি না।প্রথম আলো: এসকেএফের সঙ্গে আপনাদের নতুন উদ্যোগটি আসলে কী?জেসপার হইল্যান্ড: আমরা এসকেএফের সঙ্গে যৌথ উদ্যোগে বাংলাদেশেই ইনসুলিন তৈরি করব। ইনসুলিন তৈরির প্রযুক্তি ও জ্ঞান এখানে আনব। এ জন্য দুই বছর আগে আমি একটি সমঝোতা চুক্তি করে গিয়েছিলাম ট্রান্সকম গ্রুপ অব কোম্পানির সঙ্গে। আশা করছি আগামী বছর এপ্রিলের মধ্যে ইনসুলিন তৈরির প্ল্যান্ট প্রস্তুত হবে। ভায়াল ও ইনসুলিনের মান নিশ্চিত হতে আমরা আরও কিছু সময় নেব। এরপর ২০১১ সালের নভেম্বর থেকে উৎপাদনে যেতে পারব। প্রথম আলো: এ ধরনের অংশীদারির উদ্যোগ বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের সঙ্গে আছে?জেসপার হইল্যান্ড: আছে। তা ভারতের একটি প্রতিষ্ঠানের সঙ্গে। তারা আমাদের পক্ষে মানসম্পন্ন ইনসুলিন উৎপাদন করছে। আসলে নোভো নরডিস্ক মনে করে সামনে এগিয়ে যাওয়ার একটি পন্থা হচ্ছে অংশীদারি। সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারির সম্পর্কটা গুরুত্বপূর্ণ। আমি এখানে বাংলাদেশের বারডেম হাসপাতাল ও অধ্যাপক ইব্রাহিমের কথা উল্লেখ করতে চাই। ডায়াবেটিস রোগীদের চিকিৎসা ও সেবার মহতী উদ্যোগ নিয়ে তিনি এই হাসপাতাল প্রতিষ্ঠা করেছিলেন, যা পৃথিবীর জন্য একটি গুরুত্বপূর্ণ মডেল।প্রথম আলো: বাংলাদেশে আপনারা অংশীদার হিসেবে এসকেএফকে বেছে নিলেন কেন? জেসপার হইল্যান্ড: আমরা মনে করি এসকেএফ আমাদের বিশিষ্ট অংশীদার, তারা বড় প্রতিষ্ঠান। আমরা মনে করি ইনসুলিন তৈরির সামর্থ্য ও আত্মবিশ্বাস এসকেএফের আছে। আমাদের বিশ্বাস করার কারণ আছে যে ট্রান্সকম গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আমাদের সঠিক অংশীদার হবে।প্রথম আলো: এই যৌথ উদ্যোগ থেকে এসকেএফ এবং বাংলাদেশের মানুষের কী লাভ হবে?জেসপার হইল্যান্ড: প্রথমত, এটা থেকে এসকেএফ আর্থিকভাবে লাভবান হবে। তার চেয়ে বড় হলো, বাংলাদেশে ও বাংলাদেশি প্রতিষ্ঠানে বিশ্বমানের ওষুধ পণ্য উৎপাদিত হবে। এই উদ্যোগের ফলে বাংলাদেশে নতুন প্রযুক্তি স্থানান্তর হবে। এতে মানুষের নতুন প্রযুক্তি ব্যবহারে জ্ঞান বাড়বে। মানুষের কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে। তা ছাড়া আমরা নোভো নরডিস্কের পক্ষ থেকে ২০ হাজার কোটি বিলিয়ন ডলার খরচ করছি নতুন পণ্য ও সেবার পন্থা উদ্ভাবনের জন্য। এ কাজে ছয় হাজার লোক নিযুক্ত আছেন। আবার আমরা যেসব দেশে কম মূল্যে ইনসুলিন বিক্রি করি, বাংলাদেশ তার একটি। আমরা সামাজিক দায়িত্ব থেকে এটা করে থাকি।