'ইপিজেডে ট্রেড ইউনিয়ন চালু করতে হবে না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) আর ট্রেড ইউনিয়ন চালুর সুযোগ তৈরি করতে হবে না। ট্রেড ইউনিয়নের বিকল্প হিসেবে ইপিজেডে যে শ্রমিক কল্যাণ সমিতি (ডব্লিউডব্লিউএ) রয়েছে, সেটিই চালু থাকবে। ফলে ইপিজেড আইন সংশোধনও এখন আর জরুরি নয়।
সম্প্রতি বেলজিয়ামের ব্রাসেলসে অনুষ্ঠিত ‘সাসটেইনেবিলিটি কমপ্যাক্ট’-এর ফলোআপ সভায় যোগদান শেষে দেশে ফিরে গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এসব কথা বলেন। ওই সভায় অংশ নেওয়া বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন, শ্রমসচিব মিকাইল শিপার, বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের (বিএফটিআই) সদস্য মোস্তফা আবিদ খানসহ বাণিজ্য মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বাধীন ১২ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয় ব্রাসেলস বৈঠকে।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ব্রাসেলস বৈঠকে আমরা বলেছি, সাধারণ কারখানার মতো ইপিজেডে ট্রেড ইউনিয়ন করা যাবে না। ইপিজেড স্থাপন করতে দেওয়ার সময় বলা হয়েছিল, এখানে ট্রেড ইউনিয়ন থাকবে না। এখন ট্রেড ইউনিয়ন করতে দিলে বিনিয়োগকারীরা চলে যাবে, বহু শ্রমিক বেকার হয়ে পড়বে। বরং ডব্লিউডব্লিউএ চালু আছে, থাকবে। এ ব্যাপারে দাড়ি, কমা, সেমিকোলনও পরিবর্তন করা সম্ভব না। তারাও বিষয়টি মেনে নিয়েছে।’
ইপিজেডের ৪০০ কারখানার মধ্যে ২১৭টিতে ইতিমধ্যেই ডব্লিউডব্লিউএ গঠিত হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, রানা প্লাজা ধসের পর পোশাক খাতের উন্নতির জন্য যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, সেগুলোর অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন সভায় অংশগ্রহণকারী বিদেশিরা। তবে আরও অগ্রগতির তাগিদও দেন তাঁরা।
বেটার ওয়ার্ক প্রোগ্রাম চালু প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এটা চালু করা মানে কোনো কারখানার চারজন শ্রমিক চাইলেই ট্রেড ইউনিয়ন করতে পারবে। এটাও এখন হতে দেওয়া সম্ভব নয়। বিদ্যমান শ্রম আইন অনুযায়ী একটি কারখানার কমপক্ষে ৩০ শতাংশ শ্রমিক চাইলে তারা ট্রেড ইউনিয়ন করতে পারে।’
শ্রম আইন সংশোধন হলেও কোনো বিধি হয়নি—এ প্রসঙ্গে জানতে চাইলে তোফায়েল আহমেদ বলেন, ‘এ ব্যাপারে ফলোআপ সভায় একটা সময়সীমা চাওয়া হলেও আমরা কোনো প্রতিশ্রুতি দিইনি। তবে বিষয়টি আমরা তাড়াতাড়িই করব। যার অংশ হিসেবে আগামী ৩০ অক্টোবর শ্রম মন্ত্রণালয়ে একটি বৈঠক বসবে।’
ব্রাসেলস বৈঠক সফল হয়েছে দাবি করে বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি এখন ইতিবাচক। আগামী দিনে তা আরও ইতিবাচক হবে।
রানা প্লাজা দুর্ঘটনার পর তৈরি পোশাকশিল্প খাতের নিরাপদ কর্মপরিবেশ ও শ্রম অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে ২০১৩ সালের ৮ জুলাই জেনেভায় সাসটেইনেবিলিটি কমপ্যাক্ট গৃহীত হয়। এতে শ্রম আইন সংশোধন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন পরিদপ্তরে (বর্তমানে অধিদপ্তর) পরিদর্শক নিয়োগ, ইপিজেড আইন সংশোধনসহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।