'ঈদ যেন অভিশাপ'

‘বিগত ছয়টা ঈদ যেন অভিশাপ। বাড়িতে যেতে পারি না। মা-বাবা, পোলাপাইনরে কিছু দিতে পারি না। নিজেরাও কিছু নিতে পারি না। তাই আমাদের জন্য ঈদ না আসাই ভালো।’
গত বৃহস্পতিবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে পলাশ নামের এক বিনিয়োগকারী এমনভাবেই নিজের কথা বলছিলেন।
পলাশ বলেন, ‘ভেবেছিলাম চাকরি করব না। তাই পড়াশোনা শেষ করে সাত বছর আগে শেয়ার ব্যবসা শুরু করি। এখান থেকে রুটি-রুজির জোগাড় হবে। কিন্তু ২০১০ সালের ধসে সব পুঁজি হারিয়েছি। এখন নিঃস্ব। কাউকে কিছু বলতে পারি না। বাসায় চোরের মতো ঢুকি, চোরের মতো বের হই। এমন পরিস্থিতিতে আমাদের ঈদের দরকার নেই। যাঁরা আমাদের নিঃস্ব করেছেন, তাঁরাই ঈদ করুক।’
শুধু পলাশ নন, শেয়ারবাজারে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হয়েছেন এমন আরও অনেক বিনিয়োগকারীর মনের কথা এটা।
২০১০ সালের ডিসেম্বরে দেশের শেয়ারবাজারে ধস নামে। এতে পুঁজি হারিয়ে নিঃস্ব হন লাখো বিনিয়োগকারী। প্রায় তিন বছর পরও এর রেশ কাটেনি এখনো। অব্যাহত রয়েছে দরপতনের ধারা। ফলে ক্ষতি পুষিয়ে উঠতে পারছেন না বিনিয়োগকারীরা। আর তাই ঈদ সামনে রেখে এমন মন্তব্য বিনিয়োগকারীদের অনেকের।
মতিঝিলের ডিএসই ভবনের একটি ব্রোকারেজ হাউসে কথা বেশ কয়েকজন বিনিয়োগকারীর সঙ্গে। ষাটোর্ধ্ব এক বিনিয়োগকারী বলেন, ‘সরকারি চাকরি করতাম। অবসর নিয়েছি। অবসর ভাতা যা পেয়েছিলাম, প্রায় সব শেয়ারবাজারে খাটিয়েছি। এখন অবস্থা খুবই খারাপ।’ তিনি আরও বলেন, ‘তিন বছর ধরে আমাদের ঈদ নেই। খুব কষ্টে আছি আমরা। আমাদের বিষয়টি কেউ দেখে না।’
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক বিনিয়োগকারীর প্রশ্ন, ‘আমাদের কথা লিখে লাভ কী বলেন? অনেকই তো লিখলেন, কোনো লাভ নেই।’ এই বিনিয়োগকারীর নাম জানতে চাইলে তিনি বলেন, ‘৩৩ লাখ বিনিয়োগকারী শেয়ার ব্যবসায় জড়িত। সরকার ৩৩ লাখের কথাই ভাবে না। নাম প্রকাশ হলে আবার না বিপদে পড়ি।’
মতিঝিলে আন্দোলনরত ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা। ছবি: ফাইল ফটোজাফর উল্লাহ নামের আরেক বিনিয়োগকারী জানান, তিনি ১০ লাখ টাকা বিনিয়োগ করেছিলেন। এখন তাঁর বিও হিসাবে মাত্র ৩৫ হাজার টাকা আছে।

নিজের বিও হিসাবের তথ্য দেখিয়ে জাফর উল্লাহ বলেন, ‘ভাই দ্যাহেন, কোডে মাত্তর ৩৫ হাজার ট্যাহা আছে। আমাগো লাইগা একটু ল্যাখেন। বাবুগো নজর পড়ে না কি।’
এ বিষয়ে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কাজী আবদুর রাজ্জাক প্রথম আলো ডটকমকে বলেন, ‘সবাই কিছু লাভের আশায় শেয়ারবাজারে বিনিয়োগ করে থাকেন। কিন্তু বাজারের বর্তমান অবস্থায় অধিকাংশ লোকই লোকসানে রয়েছেন। ফলে ঈদের খরচের জন্য বিও হিসাব থেকে টাকা তুলতে পারেননি তাঁরা। আর এ কারণেই অনেকে গ্রামের বাড়িতে পরিবার পরিজনের সঙ্গে ঈদ করতে যেতে পারেননি। খুবই নিরানন্দ ঈদ কাটছে বিনিয়োগকারীদের।’