বাংলাদেশি শ্রমিকেরা অধিকারবঞ্চিত। এ কারণে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে জিএসপি-সুবিধা আংশিক বা সম্পূর্ণ প্রত্যাহারের কথা ভাবছে। আগামী মাসে এর শুনানি। সার্বিক পরিস্থিতি নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমানপ্রশ্ন: আগামী মাসের শেষে বাংলাদেশের জিএসপি বিষয়ে যুক্তরাষ্ট্রে শুনানি। সত্যি সত্যিই যদি এ সুবিধা বাতিল হয়ে যায়, আমাদের রপ্তানি বাণিজ্যে কী প্রভাব পড়বে?মোস্তাফিজুর রহমান: যুক্তরাষ্ট্রের জিএসপি থেকে টাকার অঙ্কে খুব বেশি লাভবান আমরা হই না। সুতরাং, জিএসপি যদি তুলেও নেওয়া হয়, তাৎক্ষণিক কোনো খারাপ প্রভাব পড়বে না। তবে অপ্রত্যক্ষ ও মধ্যমেয়াদি নেতিবাচক প্রভাব পড়তে পারে। কারণ হলো, তৈরি পোশাক আমদানির জন্য বাংলাদেশকে বেছে নেওয়ার ক্ষেত্রে তখন অনেক দেশ আড়চোখে দেখবে। বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের কথা চিন্তা করছে যুক্তরাষ্ট্র। এ ক্ষেত্রেও নিরুৎসাহিত হতে পারে দেশটি। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিরা (ইউএসটিআর) যে প্রশ্নমালা পাঠিয়েছিল, যথাসময়ে তার জবাব দেওয়া হয়েছে। এখন দেখা যাক, শুনানি পর্যন্ত কী হয়।প্রশ্ন: দেশের তৈরি পোশাক কারখানাগুলোর পরিপালনীয় শর্ত বা কর্মপরিবেশ কি সন্তোষজনক? যুক্তরাষ্ট্রের মূল আপত্তির জায়গা কী? মোস্তাফিজুর রহমান: কর্মপরিবেশের উন্নতি হয়েছে, তবে যথেষ্ট নয়। আরও উন্নতি দরকার। সাম্প্রতিক তাজরীন ফ্যাশনসসহ কয়েকটি কারখানায় আগুন লেগে শতাধিক নিরীহ শ্রমিকের প্রাণহানি হয়েছে। এসব ঘটনাকে বিচ্ছিন্ন বলা যায় না। কারণ, ঘটনাগুলো একের পর এক হচ্ছে। কর্মপরিবেশের উন্নতির জন্য অনেকে চেষ্টা করছে, আবার অনেকে করছেও না। রপ্তানি বাজারের কথা যদি বাদও দিই, এ অবস্থার উত্তরণ দরকার নিজেদের জন্যই। এসবসহ যুক্তরাষ্ট্রের মূল আপত্তির জায়গাটি হলো শ্রম অধিকার রক্ষায় বাংলাদেশ অনেক পিছিয়ে। এ ব্যাপারে আন্তর্জাতিক মানসম্পন্ন কোনো জায়গা তৈরি হয়নি এ দেশে। এ ছাড়া শ্রমিকদের দর-কষাকষি করার সক্ষমতাও তৈরি হয়নি। আপত্তি অমূলক নয়।প্রশ্ন: তাহলে করণীয় কী?মোস্তাফিজুর রহমান: অনেক কিছুই করার আছে। সরকার, মালিকপক্ষ (তৈরি পোশাক মালিক সমিতি বিজিএমইএ) ও আন্তর্জাতিক সংস্থাগুলোর যৌথ সহায়তা থাকতে পারে। কিছু পদক্ষেপ নিতে হবে এককভাবে সরকারকে। কিছু পদক্ষেপ নেবে মালিক ও সরকার মিলে। আর বিজিএমইএ যেটা করতে পারে, কেউ যদি শর্ত পরিপালন না করে, সদস্যদের ক্ষেত্রে সহজেই ব্যবস্থা নিতে পারে। এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না। প্রয়োজনে সমিতি থেকে বহিষ্কার করতে হবে। পাশাপাশি যেসব কারখানা পরিপালনীয় শর্ত মেনে চলে, সেগুলোকে পুরস্কৃত করতেও পারে। আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে। বিশ্বের বড় বড় ক্রেতারা বাংলাদেশ থেকে সস্তা দামে পোশাক কেনে। তা করতে গিয়ে কারখানার মানের কথা বিবেচনায় নেয় না। আন্তর্জাতিক ফোরামগুলোতে তুলে ধরতে হবে এগুলো। প্রশ্ন: এত প্রাণহানির পরও কারখানার ভালো কর্মপরিবেশ তৈরিতে মালিকপক্ষ অনীহ কেন? মোস্তাফিজুর রহমান: এটা স্রেফ হীনমন্যতা ও নির্বুদ্ধিতার কারণে। আমার মনে হয় না যে এটা তাঁরা জানেন না, ‘উত্তম কর্মপরিবেশ উত্তম অর্থনীতিও বটে।’ যেখানে পরিবেশ ভালো, সেখানে উৎপাদনশীলতাও ভালো। প্রশ্ন: জিএসপি প্রসঙ্গে আবার ফিরে আসি। অনেকেই জিএসপির সঙ্গে টিকফাকে মিলিয়ে দেখছেন। আসলে কী? মোস্তাফিজুর রহমান: এখানে একটি বিষয়ে খোলাসা হতে হবে। টিকফা হলে কি যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাওয়া যাবে? আমার মনে হয়, টিকফা হলে ইতিবাচক ফল পাওয়া যেতে পারে। অন্তত একটি প্ল্যাটফর্ম তৈরি হবে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সুবিধার বিষয়ে আলাপ-আলোচনার জন্য। বর্তমানে যা নেই। অনেক দেশের সঙ্গেই যুক্তরাষ্ট্র এ ধরনের চুক্তি করেছে এবং কারও স্বার্থহানি হয়েছে বলে শোনা যায়নি। তবে বাংলাদেশ অবশ্যই তার নিজের স্বার্থ বিবেচনায় রেখেই টিকফা চুক্তিতে স্বাক্ষর করবে। বাংলাদেশের উচিত হবে অর্থনৈতিক কূটনীতিতে সক্ষম হওয়া। তাহলে অন্য অনেক দেশ থেকে তো বটেই, যুক্তরাষ্ট্রের কাছ থেকেও বিনিয়োগ আকর্ষণ করা যেতে পারে।প্রশ্ন: জিএসপির পাশাপাশি সার্বিকভাবে তৈরি পোশাক খাতের জন্য কী বার্তা রয়েছে? মোস্তাফিজুর রহমান: নির্দিষ্ট সময় দিয়ে একটি কর্মপরিকল্পনা তৈরি করা দরকার। ইউএসটিআর যে নোটিশ দিয়েছিল, তার জবাবে বাংলাদেশ এযাবৎ কী কী পদক্ষেপ নিয়েছে, সেগুলো উল্লেখ করেছে। দেখতে হবে বাকি আছে কী কী। সেগুলো পূরণের উদ্যোগ নিতে হবে। সরকারের দিক থেকে নিয়মিতভাবে কারখানা পরিদর্শন করতে হবে। পোশাক কারখানার ভবন তৈরির সময়ই দেখতে হবে যে বিল্ডিং কোড মানা হচ্ছে কি না। তখন অনেক সমস্যারই লাঘব হবে। যুক্তরাষ্ট্রকেও বলা যাবে আমরা আরও কিছু উদ্যোগ নিচ্ছি। সুতরাং, জিএসপি যেন বাতিল না করা হয়। [সাক্ষাৎকার নিয়েছেন ফখরুল ইসলাম]