প্রায় দুই হাজার কোটি টাকায় বঙ্গবন্ধু উপগ্রহ উৎক্ষেপণ প্রকল্পের ‘উপগ্রহ সিস্টেম’ কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
সচিবালয়ে গত মঙ্গলবার অনুষ্ঠিত এই বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, ক্রয় কমিটি আগেও প্রকল্পটির দুটি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে। এর একটি হচ্ছে স্লট কেনা, অন্যটি পরামর্শক নিয়োগ। তিনি বলেন, উপগ্রহ সিস্টেম কেনাই হচ্ছে প্রকল্পটির মূল বিষয়। আর তা কেনার কাজটি পেয়েছে ফ্রান্সের প্রতিষ্ঠান থেলাস এলিনিয়া স্পেস।
সূত্র জানায়, উপগ্রহ নির্মাণের এ প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৯৬৮ কোটি টাকা। এর মধ্যে সরকারি অর্থায়নের পরিমাণ ১ হাজার ৩১৬ কোটি টাকা। আর থেলাস এলিনিয়া স্পেস বাকি টাকার জোগান দেবে।
এদিকে দ্বিতীয় সর্বনিম্ন দরদাতা হয়েও ফ্রান্সের কোম্পানিটি কাজ পেয়েছে বলে জানা গেছে। বৈঠক সূত্র জানায়, আর্থিক দরে দ্বিতীয় থাকলেও কোম্পানিটি কারিগরি দিক দিয়ে এগিয়ে ছিল। তাই কাজ দেওয়া হয়েছে।
নিজস্ব স্যাটেলাইট বা উপগ্রহ না থাকায় দেশের টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনগুলো বর্তমানে বিদেশি অপারেটরদের কাছ থেকে ব্যান্ডউইট্থ ভাড়া করে সম্প্রচার কার্যক্রম চালাচ্ছে। যে কারণে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ অনেক চ্যানেল দেখতে পান না।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) হিসাব মতে, শুধু সম্প্রচার কার্যক্রমের জন্যই বছরে ১১০ কোটি টাকা দেশের বাইরে চলে যাচ্ছে। নিজস্ব উপগ্রহ থাকলে টাকাগুলো দেশেই থাকত। নতুন উপগ্রহ চালু হলে শুধু বৈদেশিক মুদ্রারই সাশ্রয় হবে না, অব্যবহৃত ব্যান্ডউইট্থ নেপাল, ভুটান ও মিয়ানমারের মতো দেশগুলোর কাছে ভাড়া দিয়ে বছরে ভালো একটি অঙ্ক আয়ও করা যাবে।
গাজীপুর জেলার জয়দেবপুর ও রাঙামাটি জেলার বেতবুনিয়ায় ২০১৭ সালের জুন নাগাদ প্রকল্পটি শেষ হওয়ার কথা। সরকার ২০১৭ সালের ১৬ ডিসেম্বর উপগ্রহটি মহাকাশে ওড়াতে চায়।
ক্রয় কমিটির ওই বৈঠকে ঢাকার মোহাম্মদপুর ‘এফ’ ব্লকে সীমিত আয়ের লোকদের কাছে বিক্রির জন্য ১ হাজার ২০টি ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের দ্বিতীয় ভেরিয়েশন-সংক্রান্ত প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, এ প্রকল্পের আওতায় ১৬তলা বিশিষ্ট দুটি ভবন নির্মাণ করা হচ্ছে।