'উৎসে কর না কমালে বস্ত্রশিল্প টিকবে না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী অর্থবছরের বাজেটে পণ্য রপ্তানিতে উৎসে কর দশমিক ৬ শতাংশ থেকে বৃদ্ধি করে দেড় শতাংশ করা হয়েছে। এটি কার্যকর হলে পোশাক ও বস্ত্রশিল্পের প্রতিযোগিতা সক্ষমতা কোনোভাবেই ধরে রাখা সম্ভব হবে না। ফলে অধিকাংশ কারখানা ব্যবসায় টিকে থাকতে পারবে না।

আগামী ২০১৬-১৭ অর্থবছরের ঘোষিত বাজেট নিয়ে বস্ত্র ও পোশাক খাতের ছয়টি ব্যবসায়িক সংগঠনের যৌথ সংবাদ সম্মেলনে এমন আশঙ্কার কথা বলেন ব্যবসায়ী নেতারা। ব্যবসা টিকিয়ে রাখতে উৎসে কর ও করপোরেট কর কমানোর দাবি করেন তারা। আজ শনিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ কার্যালয়ে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এতে সব সংগঠনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান।

বিজিএমইএ সভাপতি বলেন, ‘পোশাকশিল্পের যে কারখানাটি শ্রমিকের মজুরি, বিদ্যুৎ ও গ্যাস বিল, পরিবহন ব্যয়সহ অন্যান্য খরচ বাদ দিলে ৩ শতাংশ মুনাফা অর্জন করতে পারে, দেড় শতাংশ উৎসে কর কর্তন করলে সেটির করহার দাঁড়ায় ৫০ শতাংশ। এটি ব্যাংক-বিমাসহ অন্য সব শিল্প কিংবা সেবা খাতের ওপর প্রযোজ্য করহারের চেয়ে অনেক বেশি।’

পোশাক রপ্তানির ক্ষেত্রে ফ্রেইড অন বোর্ড (এফওবি) বা মোট রপ্তানি মূল্যের ওপর উৎসে কর দিতে হয়। সিদ্দিকুর রহমান বলেন, ‘একজন পোশাক রপ্তানিকারককে কেন মোট রপ্তানি মূল্যের ওপর উৎসে কর দিতে হবে? তিনি যা উৎপাদন করেন না, যেখান থেকে কোনো আয় নেন না-সে অংশের ওপর উৎসে কর কর্তন বাবদ আর্থিক মাশুল কেন তিনি দেবেন। শুধুমাত্র পোশাক তৈরির কাটিং মেকিং (সিএম) মূল্যের ওপর উৎসে কর নির্ধারণ করা হোক। এটিই যৌক্তিক।’

বিজিএমইএ ছাড়া সংবাদ সম্মেলনের আয়োজক বাকি পাঁচ সংগঠন হচ্ছে-নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ, বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএ, বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ), টেরি টাওয়েল অ্যান্ড লিলেন ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিটিটিএলএমইএ) ও বাংলাদেশ এক্সপোর্ট ওরিয়েন্টেড গার্মেন্টস ওয়াশিং ইন্ডাস্ট্রিজ ওনার্স অ্যাসোসিয়েশন (বিইওজিডব্লিউআইওএ)।

বিটিএমএ সহসভাপতি ফজলুল হক বলেন, ‘গত বছর সেপ্টেম্বরে গ্যাসের দাম শতভাগ বাড়ানো হয়েছে। এবার বাজেটে আবার উৎসে কর দেড় শতাংশ বৃদ্ধি করা হলো। এই দেশে কি শিল্প চান না?’ তিনি বলেন, ‘একের পর এক করের বোঝা চাপানোর পর শিল্প বৃদ্ধি তো দূরে থাক, যেগুলো আছে সেগুলোই মুখ থুবড়ে পড়ে যাবে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত বিজিএমইএর সাবেক সভাপতি ও এফবিসিসিআইয়ের সহসভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, ‘প্রত্যক্ষ কর আরোপের চেয়ে পরোক্ষ কর বৃদ্ধি করা দরকার। যাতে করে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান হয়।’ তিনি বলেন, ‘করের আওতা বৃদ্ধি পাক সেটি আমরা ব্যবসায়ীরা চাই। তবে আমরা চাই না এতে করে বিনিয়োগকারীরা শঙ্কিত হোক। এটি কোনোভাবেই কাম্য নয়।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিকেএমইএর সভাপতি সেলিম ওসমান ও সহসভাপতি আসলাম সানি, বিটিটিএলএমইএর সভাপতি হোসেন মেহমুদ ও পরিচালক শাহদাৎ হোসেন, বিটিএমএর পরিচালক মাসুদ রানা, বিজিএপিএমইএর উপদেষ্টা রাফেজ আলম চৌধুরী ও সহসভাপতি মোয়াজ্জেম হোসেন, বিইওজিডব্লিউআইওর সভাপতি হেলাল উদ্দিন আহমেদ, বিজিএমইএ সহসভাপতি ফারুক হাসান, এস এম মান্নান, মাহমুদ হাসান খান ও মোহাম্মদ নাছির প্রমুখ।