'ঋণ কোনো দয়া নয়, উদ্যোক্তার অধিকার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঋণকে কোনো দয়া নয়, বরং উদ্যোক্তার প্রাপ্য অধিকার হিসেবে বিবেচনা করার জন্য ব্যাংকারদের প্রতি আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীরবাজারের এক রেস্তোরাঁয় গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) গ্রাহক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। অর্থমন্ত্রী বলেন, ঋণ কোনো দয়া নয়, এটা উদ্যোক্তার অধিকার। এই অধিকার থেকে তাঁদের বঞ্চিত করা যাবে না। এ ছাড়া তিনি ক্ষুদ্র ও মাঝারি শিল্প স্থাপনের বিষয়ে জোর দেন।
বিডিবিএলের চেয়ারম্যান মো. ইয়াছিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, ব্যাংকের পরিচালক দেওয়ান নুরুল ইসলাম, কাজী মুর্শেদ হোসেন, সৈয়দ এপতার হোসেন। স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. জিল্লুর রহমান।
অথমন্ত্রী বলেন, গ্রাহকের কী ধরনের সেবা প্রয়োজন এ বিষয়ে ব্যাংক কর্মকর্তাদের জানতে হবে এবং সেই অনুযায়ী সেবা দিতে হবে। তিনি বলেন, ‘দেশে এখন সব ব্যাংকের প্রায় সাড়ে আট হাজার শাখা আছে। এটা প্রয়োজনের তুলনায় মোটেও বেশি নয়। আমাদের দেশের জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি। ফলে প্রতিটি গ্রাহকের জন্য ব্যাংকিং সেবা নিশ্চিত করার জন্য আমাদের আরও বেশি করে ব্যাংক স্থাপন করতে হবে।’
অর্থমন্ত্রী বলেন, ব্যাংকিং সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। উদ্ভাবন করতে হবে নতুন নতুন পণ্য ও সেবা।
বাংলাদেশ শিল্প ব্যাংক (বিএসবি) ও বাংলাদেশ শিল্প ঋণ সংস্থার (বিএসআরএস) একীভূত হওয়ার সুবাদে ২০১০ সালের ৩ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় বিডিবিএলের। তখন এর শাখা ছিল ১৭টি; যা বর্তমানে ২৯। আগামী বছর দেশের বিভিন্ন স্থানে আরও ৩৮টি শাখা খোলার জন্য বাংলাদেশ ব্যাংকে প্রস্তাব পাঠানো হয়েছে বলে ব্যাংকটির কর্মকর্তারা জানান।