এ সপ্তাহের সাক্ষাৎকার: দেশে হরতাল-অবরোধসহ রাজনৈতিক অস্থিরতায় জাহাজ, কারখানা, গুদামে আটকে আছে পণ্য। এর প্রভাব পড়ছে ব্যবসা-বাণিজ্যে।এ নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের পরিচালক ও বিএসএম গ্রুপের চেয়ারম্যান আবুল বশর চৌধুরী

প্রথম আলো: লাগাতার হরতাল-অবরোধসহ রাজনৈতিক কর্মসূচির কারণে দেশের ব্যবসা-বাণিজ্যে কী প্রভাব পড়ছে বলে আপনি মনে করেন?
আবুল বশর চৌধুরী: হরতাল-অবরোধে সড়ক, বন্দর ও গুদাম থেকে পণ্য সরবরাহ কার্যত বন্ধ বললেই চলে। সরবরাহ বন্ধ থাকায় ব্যবসা-বাণিজ্যও এখন স্থবির। অথচ বন্দরে ও বেসরকারি ডিপোতে পড়ে থাকা পণ্যের বন্দর ও শিপিং মাশুল দিতে হচ্ছে ব্যবসায়ীদের। বিদেশি জাহাজেও পণ্য পড়ে থাকার ক্ষতিপূরণ দিতে হচ্ছে। নদীতে ভাসমান লাইটার জাহাজের ভাড়া গুনতে হচ্ছে। গুদাম খুলে পোকামাকড় নিরোধক ব্যবস্থা নিতে না পারায় পণ্য নষ্ট হচ্ছে। স্বাধীনতার পর অনেক কঠোর রাজনৈতিক কর্মসূচি পালন হলেও এখনকার মতো পরিস্থিতি কখনো দেখা যায়নি। এবারের ক্ষতি সত্যিই অপূরণীয়।
প্রথম আলো: হরতাল-অবরোধের মতো রাজনৈতিক কর্মসূচির কারণে ভোগ্যপণ্যের সরবরাহব্যবস্থা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এতে ভোগ্যপণ্যের দামে কী প্রভাব পড়বে?
আবুল বশর চৌধুরী: টানা হরতাল-অবরোধের মতো কর্মসূচির ফলে ব্যবসায়ীদের পাশাপাশি ভোক্তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। পণ্য আনা-নেওয়ার কার্যক্রম কার্যত অচল থাকায় পণ্য সরবরাহের মূল উৎস আমদানিকারক পর্যায়ে পণ্যের মজুদ বেড়ে যাচ্ছে। কিন্তু ব্যাংকঋণের কিস্তি পরিশোধ করতে এখন ব্যবসায়ীরা কম দামে পণ্য বিক্রি করতে চাইছেন। বাজারে ইতিমধ্যে এর প্রভাব পড়েছে। যেমন প্রতি মণে চিনির দাম ৮০ টাকা কমেছে। মসুর ডালের দাম কমেছে মণে ২৫০-৩০০ টাকা। অন্যদিকে ভোক্তা পর্যায়ে বেশি দামে কিনতে হচ্ছে। কারণ, পণ্য পরিবহন খরচ দ্বিগুণের বেশি বেড়ে গেছে। আবার চাহিদামতো পণ্য বিপণনও বাধাগ্রস্ত হচ্ছে। যেকারণে বেশ কিছুদিন ধরেই সব জায়গায় চাহিদামতো পণ্য যাচ্ছে না।
প্রথম আলো: হরতাল-অবরোধের মতো রাজনৈতিক কর্মসূচি আসলে ব্যবসায়ীরা প্রায়ই বলে থাকেন, তাঁরা বিপর্যয়ের মুখোমুখি হচ্ছেন। এ রকম অচলাবস্থায় দীর্ঘমেয়াদে ব্যবসা-বাণিজ্যে কী ধরনের প্রভাব হতে পারে?
আবুল বশর চৌধুরী: চলতি বছরের শুরু থেকে হরতালসহ রাজনৈতিক কর্মসূচির কবলে পড়ি আমরা। রোজার আগে ও পরে দুই-আড়াই মাস পরিস্থিতি খানিকটা স্থিতিশীল থাকলেও অক্টোবরের শেষ দিক থেকে আবার লাগাতার অস্থিতিশীলতা শুরু হয়। যেকারণে ব্যবসায়ীরা আর ক্ষতি কাটিয়ে ওঠার সুযোগ পাননি। এ অবস্থায় বেসরকারি খাতে প্রবৃদ্ধি অর্জন দূরে থাক, অনেক শিল্প-কারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠানের অস্তিত্ব টিকিয়ে রাখাও কঠিন হয়ে পড়ছে। আমার জানামতে, অনেক কারখানায় ইতিমধ্যে উৎপাদন বন্ধ হয়ে গেছে। আবার অনেক কারখানার গুদামে পণ্য পূর্ণ হয়ে গেছে। সেই সব পণ্য বিক্রি করতে না পারায় তারা এখন আর নতুন করে পণ্য উৎপাদন করতে পারছে না।
আবার যেসব কারখানা সব সময় সচল রাখতে হয়, সেগুলো উৎপাদিত পণ্য নষ্ট করে কারখানা সচল রাখতে হচ্ছে। আগে কখনো এমন অবস্থা হয়নি। এ ক্ষতি পুষিয়ে ওঠা অনেক কষ্টসাধ্য হবে। কারণ, ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে গেলেও ব্যাংক যেমন সুদ মওকুফ করে না, তেমনি বন্দর ও জাহাজ কোম্পানিগুলো তাদের মাশুল ছাড় দেবে না। গুদামে যে পণ্য নষ্ট হচ্ছে, সেটিরও দায়ভার কেউ নেবে না। সহযোগিতাও করবে না। ঢাকায় স্ট্যান্ডার্ড পোশাক কারখানার আগুন ছিল দৃশ্যমান, ক্ষতিও দৃশ্যমান ছিল।
দেশে এখন যে পরিস্থিতি, এটা অব্যাহত থাকলে অনেক শিল্পপ্রতিষ্ঠান দৃশ্যমান আগুনে জ্বলা শিল্পকারখানার চেয়ে ক্ষতি বেশি বৈ কম হবে না। আবার রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে খাতুনগঞ্জে অনেকে কোটি কোটি টাকা নিয়ে উধাও হয়ে যাচ্ছে। এটিও বাজারে প্রভাব ফেলছে।
প্রথম আলো: চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে চট্টগ্রাম থেকে সারা দেশে আমদানি-রপ্তানি পণ্য সরবরাহ হয়। যেকোনো কর্মসূচিতে অন্যান্য এলাকার চেয়ে চট্টগ্রাম থেকে পণ্য পরিবহন বেশি বাধাগ্রস্ত হয়। এর কারণ কী বলে মনে করেন?
আবুল বশর চৌধুরী: প্রথমত রাজনৈতিক দলগুলো যেকোনো কর্মসূচিতে চট্টগ্রামকে টার্গেট করে থাকে। কারণ, আমদানি-রপ্তানি পণ্যের প্রায় ৯২ শতাংশ চট্টগ্রাম বন্দর দিয়ে আনা-নেওয়া হয়ে থাকে।ফলে এখানে কোনো কর্মসূচি সফল হলে সারা দেশেই এর প্রভাব পড়ে। আবার এ ধরনের পরিস্থিতিতে ব্যবসায়ীরাও খুব বেশি ঝুঁকি নিয়ে পণ্য পরিবহন করতে চান না। এতে অচলাবস্থা আরও বাড়ে।
প্রথম আলো: দেশে বিরাজমান এই অবস্থা থেকে বেরিয়ে আসার কোনো উপায় আছে বলে কী আপনি মনে করেন?
আবুল বশর চৌধুরী: ব্যবসায়ীরা সব সময় জ্বালাও-পোড়াও কর্মসূচির বিরুদ্ধে। কিন্তু সরকারি-বিরোধী দল কেউ ব্যবসায়ীদের কথা গুরুত্ব দিচ্ছে না। অথচ দেশের কল্যাণের জন্য রাজনীতি করে তারা। কিন্তু এখন রাজনৈতিক কর্মসূচির কারণে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ছে দেশের অর্থনীতি। অর্থনীতি পঙ্গু হয়ে গেলে ক্ষমতা দিয়ে কিছুই হবে না।
রাজনৈতিকভাবে স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনা না গেলে শুধু ব্যবসায়ী নয়, সবাইকে এর মাশুল দিতে হবে। বর্তমান অচলাবস্থা অব্যাহত থাকলে ব্যবসাপ্রতিষ্ঠানের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে।
[সাক্ষাৎকার নিয়েছেন মাসুদ মিলাদ]