'এক টাকার কর দিতে তিন টাকার হয়রানি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান গতকাল রাজধানীর মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে করদাতা উদ্বুদ্ধকরণ–বিষয়ক এক সেমিনারে বক্তব্য দেন l প্রথম আলো
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান গতকাল রাজধানীর মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে করদাতা উদ্বুদ্ধকরণ–বিষয়ক এক সেমিনারে বক্তব্য দেন l প্রথম আলো

‘এক টাকার কর দিতে তিন টাকার হয়রানি হতে হয়। এটা ব্যবসায়ীরা কোনোভাবে মেনে নেবেন না। ব্যবসায়ীরা কর দিতে চান।’ এমন মন্তব্য করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ।

গতকাল মঙ্গলবার নতুন মূসক আইন নিয়ে অনুষ্ঠিত এক সেমিনারে হয়রানির মাত্রা বোঝাতে আবদুল মাতলুব আহমাদ এ কথা বলেন। তিনি রাজস্ব কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘এ মানসিকতা আপনাদের বদলাতে হবে। আবার ব্যবসায়ীদেরও কর দেওয়ার মানসিকতা থাকতে হবে। ইতিমধ্যে এনবিআর নিজেদের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে।’

রাজধানীর মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে এই সেমিনারের আয়োজন করে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট (ঢাকা উত্তর)। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান।

আবদুল মাতলুব আহমাদ বলেন, ‘এনবিআর থেকে বলা হয়, আর হয়রানি হবে না। কিন্তু কিছু মূসক কর্মকর্তা অনেক দোকানে গিয়ে খাতাপত্র নিয়ে চলে যান। তাঁকে (মূসক কর্মকর্তা) যদি খুশি করা হয়; তবে খাতাপত্র ফেরত পাওয়া যায়।’ এ সময় তিনি হয়রানির আরেকটি উদাহরণ দিয়ে বলেন, গতকাল (সোমবার) একজন মোটর পার্টস আমদানিকারকের মালবাহী ট্রাক আটকে দিয়েছেন রাজস্ব কর্মকর্তারা। অথচ ওই আমদানিকারক সব ধরনের শুল্ককর দিয়েছেন। তিনি আক্ষেপ করে করে বলেন, ‘এখন আপনারা বলেন, পণ্যবাহী ট্রাকের সঙ্গে কী কী কাগজপত্র রাখতে হবে। আমি এফবিসিসিআই থেকে এ-সংক্রান্ত নির্দেশ জারি করে দেব।’ এ ছাড়া যেকোনো বিষয়ে অভিযোগ বা তথ্য জানতে হটলাইন চালুর সুপারিশ করেন তিনি।

আগামী জুলাই মাস থেকে নতুন মূসক আইন বাস্তবায়ন হওয়ার কথা আছে। এ বিষয়ে এফবিসিসিআইয়ের সভাপতির মতে, প্রতিটি ধাপে ১৫ শতাংশ কর দিলে ব্যবসায়ীদের ওপর করভার অনেক বেড়ে যাবে। তাই মূসক হার ৭ শতাংশ করার প্রস্তাব দেন তিনি। এ ছাড়া আপাতত বিনা মূল্যে ইলেকট্রনিকস ক্যাশ রেজিস্টার (ইসিআর) মেশিন সরবরাহ করে পরে তা দুই বছরে কিস্তিতে মূল্য পরিশোধের সুযোগ দেওয়ার দাবি জানান এই ব্যবসায়ী নেতা।

একই অনুষ্ঠানে করদাতাদের হয়রানির অভিযোগ তোলেন ঢাকা চেম্বারের সভাপতি আবুল কাশেম খান। তিনি বলেন, ‘আমাকে হয়রানির সম্মুখীন হতে হয়েছে। আমার শ্বশুর এনবিআরের একজন সাবেক সদস্য, তাঁকেও হয়রানি হতে হয়। আমাদের মতো লোক হয়রানি হলে সাধারণ করদাতা কীভাবে সেবা পাবেন?’

করদাতাদের হয়রানির অভিযোগ সম্পর্কে এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমান তাঁর বক্তৃতায় বলেন, হয়রানি করেন—এমন কর্মকর্তাদের চিহ্নিত করা হচ্ছে। কোথাও কোনো হয়রানির ঘটনা ঘটলে এনবিআরকে জানালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাঁর মতে, ইসিআর মেশিন ব্যবহার করলে রাজস্ব কর্মকর্তারা হয়রানি করার সাহস পাবেন না।

আগামী ১ জুলাই থেকে নতুন মূল্য সংযোজন কর (মূসক) আইন বাস্তবায়ন করা হবে—এ কথা আবারও জানালেন এনবিআরের চেয়ারম্যান। তিনি বলেন, নতুন মূসক আইন নিয়ে ক্ষুদ্র ও খুচরা ব্যবসায়ীদের কিছু আপত্তি আছে। এ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এনবিআর।

অনুষ্ঠানে এনবিআরের সদস্য জাহাঙ্গীর হোসেন বলেন, নতুন মূসক আইন বাস্তবায়িত হলে ব্যক্তিগত শুনানি ছাড়া আর কোনো কাজে মূসক কার্যালয়ে যেতে হবে না। এমনকি কোনো বিষয়ে জানতে চাইলে ১৬৫৫৫ নম্বরে ফোন করলেই হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনবিআরের সদস্য খন্দকার সুলতান মো. ইকবাল, আমিনুর রহমান, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট (ঢাকা উত্তর) কমিশনার মাসুদ সাদিক, অতিরিক্ত কমিশনার লুৎফর রহমান প্রমুখ।