'এটা অনেকটা টম অ্যান্ড জেরি খেলা'

বেসরকারি ফারমার্স ব্যাংকের বর্তমান পরিস্থিতি নিয়ে বেশ বিপাকে পড়েছে বাংলাদেশ ব্যাংক। টাকা তুলতে গিয়ে আমানতকারীদের বেশির ভাগই খালি হাতে ফিরছেন। গত ২৭ নভেম্বর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নতুন করে আরও তিনটি ব্যাংকের অনুমতির কথা বলেছেন। এ রকম পরিস্থিতিতে করণীয় বিষয়ে পাঠকের পরামর্শ চেয়েছিল প্রথম আলো ফেসবুক। নানা মতামত দিয়েছেন পাঠকেরা।
হাসিম রেজা লিখেছেন, ‘প্রথম আলো, আপনাকেই জিজ্ঞাসা করি! ধরি আপনার পাঁচটি সন্তান। তারা নষ্ট হয়ে যাচ্ছে! এখন আপনি কী করবেন? তাদের আগে ঠিক করবেন, নাকি আরও সন্তান নেবেন? যে বাংলাদেশ ব্যাংকের ক্ষমতায় কুলাচ্ছে না বর্তমান ব্যাংকগুলোকে দেখভাল করার, সে আরও ব্যাংক কীভাবে দেখভাল করবে? আর যেহেতু বোঝাই যাচ্ছে দেখভাল করতে পারবে না, তাহলে নতুন ব্যাংক কী উদ্দেশ্যে অনুমোদন দেওয়া হচ্ছে সেটা তো বুঝে নিন!’
এ অবস্থার জন্য মো. মনজুর হোসাইন দুষছেন রাজনীতিবিদদের। তিনি লিখেছেন, ‘রাজনীতিবিদদের ভাবমূর্তি অত্যন্ত খারাপ। প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে অনেক ফারাক। রাজনীতিকে যাঁরা ব্যক্তিস্বার্থ আর হীন চক্রান্তের বস্তু করেছেন, সম্পদ অর্জন আর ভোগ-বিলাসের ক্লাবে পরিণত করেছেন, ইতিহাস ও পরবর্তী প্রজন্ম তাঁদের ক্ষমা করবে না। ঠিকই প্রতিদান দেবে।’
কেউ কেউ দোষ দেখছেন মিডিয়ারও। তাঁদের মধ্যে শেখ মো. মজিদুল ইসলাম লিখেছেন, ‘মিডিয়া কম দোষে দুষ্ট নয়। সরকারের বিরাগভাজন হওয়ার ভয়ে, এবং তাদের দেওয়া মধু, কলা খেতে বেশির ভাগ রিপোর্ট তথ্যবহুল হয় না, অনেক ক্ষেত্রে প্রকাশই হয় না।’
আর কোনো নতুন ব্যাংকের অনুমতি দেওয়ার বিপক্ষে অনেক পাঠক। ফারুক আহমেদ লিখেছেন, ‘আর কোনো নতুন ব্যাংক খোলার অনুমতি দেওয়া সরকারের ঠিক হবে না। সরকারকে এখনই ব্যাংক সেক্টর ঢেলে সাজাতে হবে। লুটপাট বন্ধে সরকারকে এখনই উদ্যোগ নিতে হবে। সবকিছুর ঊর্ধ্বে উঠে সরকারকে ব্যাংক লুটপাটকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। লুটপাটকারীদের কাছ থেকে আত্মসাৎকৃত টাকা আদায় করতে হবে। অন্যথায় সরকার ও দেশকে আগামীতে চরম মূল্য দিতে হবে।’
রাজনৈতিক স্বার্থ বিবেচনায় না নিয়ে দেশের জন্য কাজ করার কথা বলেছেন হাসান মাহামুদ। মোহাম্মদ রোকনুজ্জামান লিখেছেন, ‘রাষ্ট্রের প্রধান প্রধান ব্যাংকের কর্মকর্তা আর কর্মচারীদের ব্যবহার দেখলে মনে হয় তাঁরা ব্যাংকের মালিক। আর ব্যাংকে রাখা পাবলিকের টাকা সব তাঁদের হয়ে গেছে। চোরের নতুন ফ্যাক্টরি না খুলে পুরাতন ফ্যাক্টরিতে চোরের উৎপাদন বৃদ্ধি করেন।’
নতুন সমস্যা সৃষ্টি না করে পুরোনো সমস্যার সমাধান বেশি জরুরি বলে মনে করছেন কেউ কেউ। আল ওমর লিখেছেন, ‘আমানতকারীদের আমানত সঠিকভাবে রাখতে পারছে না ব্যাংক কর্তৃপক্ষ! এই ব্যর্থতা কর্তৃপক্ষের। তাই এর সমাধান করা আগে জরুরি। আমাদের দেশে দেখি কোনো সমস্যা হলে তা সমাধান করতে চাই না বরং তা ঢাকা দেওয়ার জন্য আরেকটি সমস্যার সৃষ্টি করি। অদ্ভুত সব কার্যক্রম!’
জাহাঙ্গীর অরুণ লিখেছেন, ‘নতুন ব্যাংকগুলার কী অবস্থা হয় তা তো দেখা গেলই। তাই নতুন ব্যাংক না করে বরং পুরানো সফল ব্যাংকগুলোকেই বেশি ব্রাঞ্চ খুলতে দেওয়া হোক।’
এ বিষয়টিতে হতাশা ব্যক্ত করেছেন কাজী জিহাদ। তিনি লিখেছেন, ‘যত ব্যাংক তত লুট। আজ পর্যন্ত কোনো প্রতিকার হয়েছে? সোনালী, বেসিক ব্যাংকের রিজার্ভ হ্যাকের পর এখন ফারমার্স। বাচ্চুরা কখনো ধরা পড়ে না। এটা অনেকটা টম অ্যান্ড জেরি খেলা।’ জয়নাল আবেদিনের মন্তব্যেও হতাশার সুর। তিনি লিখেছেন, ‘আমি মতামত দিলেই কী, না দিলেই কী! আমি বলব যে যাঁরা এমডি ছিলেন, তাঁদের সব সম্পত্তি বাজেয়াপ্ত করে জনগণের মধ্যে দিয়ে দিন। সঙ্গে সঙ্গে প্রতারণার দায়ে তাঁদের নির্মম শাস্তি দেওয়া হোক। কিন্তু আপনারা কি তা করবেন?’
সাইদ মেহেদি বলেছেন প্রত্যক্ষ অভিজ্ঞতার কথা। তিনি লিখেছেন, ‘গতকাল আমি মাত্র পঞ্চাশ হাজার টাকার একটা চেক দিয়েছিলাম। অথচ ফারমার্স ব্যাংক আমাকে কোনো টাকা দিতে পারেনি।’
রিজু রিয়াজ লিখেছেন, ‘আমরা যারা ব্যাংকে চাকরি করি, আমাদের জন্যও এটা হুমকিস্বরূপ। কোনোভাবেই এটা উচিত হবে না। আত্মঘাতী হবে।’
অন্যের ব্যাংকে অনাস্থা রয়েছে আবুল সরকারের। তিনি লিখেছেন, ‘প্রতি ঘরে ঘরে মাটির ব্যাংকের বদলে ডিজিটাল ব্যাংক হচ্ছে। এটা কোনো বিষয় না। আপনি অন্যের ব্যাংকে টাকা না রেখে নিজের ব্যাংকে রাখার চেষ্টা করুন। নিরাপদ থাকবে।’
যথাযথ নজরদারি ও ব্যবস্থাপনার কথা বলেছেন জসিম উদ্দিন। তিনি লিখেছেন, ‘রাজনৈতিকভাবে ব্যাংকের অনুমোদন দেওয়া যাবে না। ব্যাংকের চেয়ারম্যান ও পরিচালক যোগ্যতা, সততা ও স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। প্রতি মাসে কেন্দ্রীয় ব্যাংকের মনিটরিংয়ের ব্যবস্থা করতে হবে। যারা ঋণ জালিয়াতি করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। ঋণ দেওয়ার সময় সব নির্দেশনা মেনে দিতে হবে।’