'এটা একচেটিয়া ব্যবস্থা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্র খাতের ব্যাংকগুলোর সুদের হার অভিন্ন করার সিদ্ধান্তে ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের সংগঠন এবিবি (অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ) বলছে, এভাবে সুদের হার ঠিক করা যায় না। একই ধরনের বক্তব্য পাওয়া গেছে মুদ্রাবাজারের সঙ্গে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও ব্যবসায়ীদের কাছ থেকেও।
দেশের বেসরকারি ব্যাংকগুলো বেশ কয়েক মাস ধরেই বিভিন্ন ক্ষেত্রে সুদের হার অনেকটা কমিয়ে এনেছে।
রাষ্ট্র খাতের বাণিজ্যিক ও বিশেষায়িত আটটি ব্যাংকের শীর্ষ নির্বাহীরা গত মঙ্গলবার এক বৈঠকে ব্যাংকগুলোর মেয়াদি ঋণ ও আমানতের সুদ কিছু কমিয়ে অভিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী নভেম্বরের মধ্যে সব কটি ব্যাংক তাদের মেয়াদি আমানতের সুদ ৯ শতাংশ ও ঋণের সর্বোচ্চ সুদ ১৫ শতাংশ করতে নীতিগত সিদ্ধান্ত নেয়। এখন প্রতিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের আগামী বৈঠকে ওই সিদ্ধান্ত অনুমোদনের জন্য উত্থাপন করা হবে।
বর্তমানে এই ব্যাংকগুলোতে মেয়াদি আমানতের সুদ বেশির ভাগ ক্ষেত্রে সাড়ে ৯ শতাংশ রয়েছে। অন্যদিকে, চলতি মূলধন ও শিল্পের মেয়াদি ঋণের সুদ রয়েছে ১৪ থেকে ১৭ শতাংশ।
যোগাযোগ করা হলে এবিবির প্রেসিডেন্ট আলী রেজা ইফতেখার জানান, রাষ্ট্র খাতের ব্যাংকগুলোর এভাবে সুদের হার নির্ধারণের কথা তাঁদের আগে বলা হয়নি। তিনি বলেন, ‘কয়েকটি ব্যাংক মিলে এভাবে অভিন্ন সুদের হার নির্ধারণ একধরনের ক্যাপ বা সর্বোচ্চ সীমা আরোপ, তাও আবার আনুষ্ঠানিকভাবে। এটা করা যায় না।’ তাঁর মতে, সরকার কখনো কখনো কোনো অগ্রাধিকার খাত বিবেচনায় নিয়ে কিছু পরামর্শ দিতে পারে। নিজেরা বসে নির্দেশনা তৈরি করা যায় না।
রেজা ইফতেখার ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি জানান, বেসরকারি ব্যাংকগুলো কিছু ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) ঋণ ছাড়া সব ক্ষেত্রেই সুদের হার ১২ থেকে ১৩ শতাংশের মধ্যে নামিয়ে এনেছে। অন্তত ছয় মাস আগেই স্থায়ী আমানতে সুদের হার একক অঙ্কে অর্থাৎ ৯ শতাংশে নামিয়ে এনেছে। এটা নির্ধারিত হয়েছে বাজারে চাহিদা ও সরবরাহের ভিত্তিতে।
সুদের হার ওঠা-নামাতে ব্যবসায়ীরা সরাসরি প্রভাবিত হন। যোগাযোগ করা হলে তৈরি পোশাক মালিক সমিতি বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম এ বিষয়ে বলেন, প্রথমত, তাঁরা চান সুদের হার একক অঙ্কে নামিয়ে আনা হোক। সে ক্ষেত্রে রাষ্ট্র খাতের ব্যাংকগুলোকেই নেতৃত্ব করতে হবে। তবে তিনি এভাবে সবগুলো রাষ্ট্র খাতের ব্যাংক একত্রে বসে অভিন্ন সুদের হার নির্ধারণের বিরোধিতা করেন। বলেন, ‘তাহলে তো এটা একটা সিন্ডিকেট হলো।’
আতিকুল ইসলাম ব্যাখ্যা করেন এভাবে, ‘এখন দেশে বিনিয়োগের গতি নেই, ব্যাংকগুলোকে বিপুল পরিমাণ অর্থ অলস ফেলে রাখতে হচ্ছে। ব্যাংকগুলো যদি দেশের শিল্প বা ব্যবসা-বাণিজ্যে এ অর্থ খাটাতে চাইত, তবে প্রতিযোগিতার মাধ্যমে সুদের হার কমিয়ে এনে সস্তায় ব্যবসায়ীদের কাছে টাকা দিতে চাইত। কিন্তু সেটা হলো না। তারা বসে সিদ্ধান্ত নিয়ে নিলেন সর্বোচ্চ সুদ ১৫ শতাংশ। এটা একচেটিয়া ব্যবস্থা।’
সুদের হার নিয়ে অনেক দিন ধরে কাজ করছেন বেসরকারি পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর। তিনি প্রথম আলোকে বলেন, সুদের হার কী হবে তা প্রতিটি ব্যাংকের নিজস্ব বিষয়। কোনো গ্রাহকের কাছে টাকা খাটানোর ঝুঁকি বিবেচনা করে প্রতিটি ব্যাংক তার সুদের হার নির্ধারণ করবে। রাষ্ট্র খাতের ব্যাংকগুলোর এ ধরনের সুদের হার নির্ধারণ প্রসঙ্গে তিনি বলেন, ‘অন্য কোনো দেশে হলে আজই এ সংবাদ আসার পর নিয়ন্ত্রক সংস্থা ব্যবস্থা নিয়ে ফেলত। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হতো। কেননা, যৌথভাবে এমন সিদ্ধান্ত বাজারব্যবস্থায় নেওয়া হলে তা সামগ্রিকভাবে বাজারকে ক্ষতিগ্রস্ত করে।’ তিনি এ প্রসঙ্গে ২০১২ সালে লন্ডন আন্তব্যাংক সুদ হার লাইবরকে কারসাজি করার দায়ে কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর (সিইও) বিরুদ্ধে ব্যবস্থার উদাহরণটি তুলে ধরেন।
সুদের হার কত হবে তা ঠিক করার একটি মাধ্যম হলো লাইবর। ‘লাইবর’ শব্দটির পূর্ণ অর্থ লন্ডন আন্তব্যাংক সুদ হার। লাইবরের সুদের হার নির্ধারণে কারসাজি করার কারণে বহুজাতিক কয়েকটি ব্যাংকের প্রধান নির্বাহীদের চাকরি চলে যাওয়ার পাশাপাশি এখনো মামলা চলছে। যেটিকে লাইবর কেলেঙ্কারি বলা হয়ে থাকে। এই কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে ২০১২ সালে ৩ জুলাই পদত্যাগ করেন যুক্তরাজ্যের বার্কলেজ ব্যাংকের প্রধান নির্বাহী বব ডায়মন্ড। লাইবরের সুদ হারকে কারসাজি করার অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে।
আহসান এইচ মনসুর বলেন, সুদের হার এখন স্বাভাবিক গতিতেই কমে আসার কথা। কেননা, বাংলাদেশ ব্যাংক বিদেশ থেকে ঋণ আনা উন্মুক্ত করে রেখেছে। এতে দেশের ব্যাংকগুলো চাপের মধ্যে রয়েছে। এ প্রতিযোগিতায় সুদের হার কমে আসার কথা। অন্যদিকে শিল্প-ব্যবসা-বাণিজ্যে বিনিয়োগের চাহিদা নেই। ফলে আমানত নেওয়া ও ঋণ বিতরণ—উভয় ক্ষেত্রেই সুদের হারে এর প্রভাব পড়ার কথা।