'এটা কী করে ইসলাম রক্ষার আন্দোলন হতে পারে?'
‘পবিত্র রমজান মাস সামনে রেখে গত বৃহস্পতিবার এক থেকে দেড় লাখ টাকার নতুন টুপি ও জায়নামাজ উঠিয়েছি দোকানে। শনিবার রাতে বাসায় যাওয়ার আগে সুন্দরভাবে সাজিয়ে রেখে গেছি। গতকাল সোমবার এসে দেখি দোকানের চিহ্নই নেই। হেফাজতে ইসলামের কর্মীদের দেওয়া আগুনে সবকিছু ছাই হয়ে গেছে।’
আজ মঙ্গলবার দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকের পাশের ফুটপাতে নিজের দোকানের খালি জায়গায় দাঁড়িয়ে এভাবেই আক্ষেপ করছিলেন মো. দেলোয়ার হোসেন। শুধু দেলোয়ারই নন, একই অবস্থা দক্ষিণ ফটকের প্রায় সব দোকানমালিকের। দু-একটি ছাড়া সব দোকানই ছাই হয়ে গেছে।
দেলোয়ার জানান, তাঁর দোকানে সাত থেকে আট লাখ টাকার মালামাল ছিল। এই ব্যবসাই ছিল তাঁর একমাত্র অবলম্বন। সব হারিয়ে নিঃস্ব তিনি। তিনি বলেন, ‘ইসলামের নামে এমন জ্বালাও-পোড়াও মেনে নেওয়া যায় না।’
বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকের ফুটপাতে ছিল এমদাদিয়া বুক হাউস। ওই দোকানে পবিত্র কোরআন শরিফ, হাদিস শরিফ ও ইসলামি বইপুস্তক বিক্রি করা হতো। আজ দুপুরে দোকানের মালিক আবদুর রশীদের সঙ্গে কথা হয়। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘হেফাজত ইসলাম রক্ষার জন্য আন্দোলন করছে। অন্যদিকে পবিত্র কোরআন, হাদিস, ইসলামি বইপুস্তক ও জায়নামাজ পুড়িয়ে দিচ্ছে। এটা কী করে ইসলাম রক্ষার আন্দোলন হতে পারে?’ তাঁর ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
দক্ষিণ গেটে টুপি ও জায়নামাজ বিক্রি করতেন মো. ইব্রাহীম। এই ব্যবসায় চলে তাঁর আটজনের সংসার। রোববারের ঘটনায় অন্য দোকানের মতো তাঁর দোকানটিও পুড়ে যায়। এতে তাঁর অন্তত পাঁচ লাখ টাকার ক্ষতি হয়।
পাশেরই ফুটপাতের দোকানি ইউসুফ মিয়া জানান, তাঁর আতর ও তসবির দোকান ছিল। সবকিছুই ছাই হয়ে গেছে। একই ধরনের অভিযোগ করেছেন টুপি ব্যবসায়ী দেলোয়ার ও আজিজ বুক হাউসের মালিক আবদুল আজিজ।
এ বিষয়ে কথা হয় বায়তুল মোকাররম আদর্শ পুস্তক ব্যবসায়ী সমিতির সভাপতি এম মুজিবুর রহমানের সঙ্গে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, রোববার যে তাণ্ডব চালানো হয়েছে সেটাকে কোনোভাবেই ইসলাম সমর্থন করে না। তিনি বলেন, হেফাজতে ইসলামের কর্মীদের দেওয়া আগুনে বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকের ফুটপাতের প্রায় সব দোকান পুড়ে গেছে। এখানে পবিত্র কোরআন শরিফ, হাদিস, ইসলামি বইপুস্তক, জায়নামাজ, তসবি, টুপি ও আতরের দোকান ছিল। সব পুড়ে গেছে। এতে অন্তত তিন কোটি টাকার ক্ষতি হয়েছে।
সমিতির সাধারণ সম্পাদক মো. সিরাজুল হক প্রথম আলো ডটকমকে বলেন, ‘এফবিসিসিআইয়ের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে। তবে আনুষ্ঠানিকভাবে এখনো আমরা ক্ষতিপূরণের কোনো আশ্বাস পাইনি।’ ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান ও পুনর্বাসনের জন্য তিনি ইসলামিক ফাউন্ডেশনসহ সংশ্লিষ্টদের কাছে আহ্বান জানান।