‘এমআই সিমেন্ট তালিকাভুক্ত না হওয়ার কোনো কারণ নেই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমআই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্তি না হওয়ার কোনো কারণ নেই। আজ বুধবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মাদ জাহাঙ্গীর আলম। তাঁর মতে, প্রতিষ্ঠানের শেয়ারের দাম অতি মূল্যায়িত নয়। তিনি দাবি করেছেন, কোম্পানির পুরো কার্যক্রমে কোনো ত্রুটি নেই। সুতরাং, তালিকাভুক্তির জন্য এসইসির দেওয়া যেকোনো ধরনের সিদ্ধান্ত তাঁরা মেনে নেবেন। আজ একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ দাবি করেছেন। এতে জানানো হয়, এমআই সিমেন্ট তিন কোটি শেয়ার বিক্রির লক্ষ্যে প্রতি শেয়ারের নির্দেশক মূল্য ৯৩ টাকা নির্ধারণ করা হয়, যা এসইসি অনুমোদন করে। এর ভিত্তিতে নিয়ম অনুযায়ী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের (ব্যাংক, এনবিএফআই, বিমা কোম্পানি, মার্চেন্ট ব্যাংক, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ও স্টক ডিলার) আহ্বান জানানো হলে ২০৮টি প্রতিষ্ঠান বিডিংয়ে অংশ নেয়। এদের সবাই নির্দেশক মূল্যের চেয়ে ২০ শতাংশ ওপরে অর্থাত্ ১১১.৬০ টাকা মূল্যে আইপিওর অনুমতি দেয়। এর ভিত্তিতে বিনিয়োগকারীদের কাছে শেয়ার ক্রয়ের আহ্বান জানালে বিপুল সাড়া পড়ে।সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গত ৯ ফেব্রুয়ারি লটারির মাধ্যমে ওই আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেওয়া হয়। এদিকে শেয়ারবাজারে সম্প্রতি ভয়াবহ ধসের পরিপ্রেক্ষিতে এসইসি বিনিয়োগকারীদের স্বার্থে এমআই সিমেন্টের কাছ থেকে দুই দফা অঙ্গীকার নেয়। এর মধ্যে রয়েছে, বাজারে আসার এক মাসের মধ্যে বিক্রীত মূল্যের চেয়ে বাজারমূল্য কমে গেলে উদ্যোক্তারা প্রাথমিক শেয়ার হোল্ডারদের কাছ থেকে বিক্রয়মূল্যে শেয়ার ক্রয় করবেন এবং বাজারে আসার ছয় মাসের মধ্যে শেয়ারের মূল্য যতটুকু কমবে ততটুকু আর্থিক ক্ষতিপূরণ কোম্পানির পক্ষ থেকে প্রদান করবে। বিনিয়োগকারীদের স্বার্থে ক্রাউন সিমেন্ট কর্তৃপক্ষ উভয় শর্ত মানার অঙ্গীকারনামা প্রদান করে। সংবাদ সম্মেলনে বিনিয়োগকারীদের স্বার্থে যেকোনো ধরনের শর্ত সাপেক্ষে এমআই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেডকে পুঁজিবাজারে তালিকাভুক্তির দাবি জানানো হয় । এতে কোম্পানির অতীত ও বর্তমান আর্থিক অবস্থাও তুলে ধরা হয়।১৮ এপ্রিল প্রতিষ্ঠানটির তালিকাভুক্তির মেয়াদ এক মাস বাড়ানোর আবেদন করা হয় বলেও জানানো হয়। কাল তালিকাভুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।আজ সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খবির উদ্দিন মোল্লা, প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) তালুকদার মোক্তার হোসেন, ব্যবস্থাপনা পরিচালক এ বি সিদ্দিক, স্পনসর পরিচালক এম এ রউফ, মিজানুর রহমান মোল্লা, মোল্লা মোহাম্মাদ মজনু, মো. আলমগীর কবির প্রমুখ।