
২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে জটিল বলে অভিহিত করে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেছেন, ‘এমন জটিল বাজেট আমরা ইহজনমে পাইনি।’
বাজেটকে কেন জটিল মনে হয়েছে তার একটা ব্যাখ্যাও তিনি দিয়েছেন। বলেছেন, এবারের বাজেট অনেক বড়। লাইনে লাইনে এমন চেষ্টা করা হয়েছে, যাতে বাজেট বুঝতে কষ্ট হয়।
বাজেটের ওপর পূর্ণাঙ্গ প্রতিক্রিয়া দিতে এফবিসিসিআই আয়োজিত সংবাদ সম্মেলনে মাতলুব আহমাদ এসব কথা বলেন। গতকাল শনিবার মতিঝিলের ফেডারেশন ভবনে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এতে এফবিসিসিআইয়ের সহসভাপতি মো. শফিউল ইসলামসহ বেশ কয়েকজন পরিচালক উপস্থিত ছিলেন।
লিখিত প্রতিক্রিয়ায় মাতলুব আহমাদ বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে দক্ষতা, জবাবদিহি ও তদারকের মান বাড়ানোর তাগিদ দেন। ঘাটতি পূরণের ক্ষেত্রে সুলভ বিদেশি উৎসের বেশি ব্যবহারের পরামর্শ দিয়ে তিনি বলেন, দেশীয় অর্থায়নের ক্ষেত্রে মান যথাযথ অনুসরণ করতে হয় না। তাই বিদেশি উৎস থেকে সুলভ অর্থ ব্যবহারে নিদারুণ অনীহা দেখা যাচ্ছে।
এবারের বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১ লাখ ৮৬ হাজার ৪৮০ কোটি টাকার মধ্যে সীমিত রাখার পরামর্শ দেন মাতলুব। রাজস্ব আদায় এর বেশি হলে উৎপাদনশীল খাতে চাপ বাড়বে এবং ব্যবসায়িক খরচ বৃদ্ধির কারণে অর্থনৈতিক উন্নয়নের গতি ব্যাহত হবে বলে উল্লেখ করেন তিনি।
তবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আগামী অর্থবছর ২ লাখ ৪২ হাজার ৭৫২ কোটি টাকা রাজস্ব আদায়ের ঘোষণা দিয়েছেন।
সংবাদ সম্মেলনে বিনিয়োগ বাড়াতে মাতলুব আহমাদ জ্বালানি তেল বিক্রি করে পাওয়া লাভের অর্থ থেকে বিদ্যুতে ভর্তুকি দেওয়া, সরকারি-বেসরকারি অংশীদারত্বে (পিপিপি) গতি আনা, ঋণের সুদের হার প্রাক্কলিত তহবিল বাবদ ব্যয় যোগের পর ৩ শতাংশে সীমিত রাখা, ক্ষুদ্র ও মাঝারি শিল্প ঋণ বিতরণে ব্যাংকের লক্ষ্যমাত্রা ঠিক করে দেওয়াসহ বেশ কয়েকটি প্রস্তাব তুলে ধরেন। তিনি বলেন, বিনিয়োগের ক্ষেত্রে এখন সবকিছুই আছে। সুদের হারও কমেছে। তবে সরকার জ্বালানি-নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। এ কারণেই বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ছে না। ইউনিটপ্রতি বিদ্যুতের দাম ৫ থেকে ৬ টাকার মধ্যে রেখে মানসম্পন্ন বিদ্যুৎ দিলে বিনিয়োগ হবে।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি ও বিভিন্ন ব্যাংকে অর্থ আত্মসাতের ঘটনায় ব্যাংকিং খাতের শৃঙ্খলার ওপর নেতিবাচক প্রভাব পড়েছে বলে উল্লেখ করেন এফবিসিসিআইর সভাপতি। সরকারি ব্যাংককে পুনঃ অর্থায়নের জন্য ২ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়ার সমালোচনা করে মাতলুব বলেন, ‘এর ফলে এসব ব্যাংকের অনিয়মতান্ত্রিক কার্যক্রম আরও সক্রিয় হওয়ার সুযোগ সৃষ্টি হবে।’
এনবিআরের কর্মকর্তারাই চান না রাজস্ব বাড়ুক: সংবাদ সম্মেলনে অন্তত দুই দফায় এনবিআরের কর্মকর্তাদের সমালোচনা করেন মাতলুব আহমাদ। লাখ লাখ লোক করের আওতার বাইরে রয়ে গেলেও এনবিআর তাদের করের আওতায় না এনে বর্তমান করদাতাদের ওপর বেশি চাপ দেয় বলে অভিযোগ করেন তিনি।
মাতলুব আহমাদ বলেন, ‘আমরা অনেক খবর পেয়েছি, অনেকে বলেছে, এনবিআর কর্মকর্তারাই অনেক সময় কর দিতে উদ্বুদ্ধ করে না। তারা বলে, কেন সরকারকে দেবেন, আমাদের দিন।’ এনবিআরের উদ্দেশে তিনি বলেন, ‘ব্যবসায়ীরা কর দিতে চায় না, এ ধারণা মানুষের মধ্যে প্রতিষ্ঠিত করবেন না। বরং রাজস্ব কর্মকর্তারাই চায় না রাজস্ব বাড়ুক।’ মূসক আদায়ের দায়িত্ব ব্যবসায়ী সমিতিকে দেওয়ার প্রস্তাব দিয়ে তিনি বলেন, এতে আদায় ১০ গুণ বাড়বে।
কর-সংক্রান্ত প্রস্তাব: মাতলুব আহমাদ লিখিত বক্তব্যে দোকান পর্যায়ে লেনদেন কর শূন্য দশমিক ৫ শতাংশ করার প্রস্তাব দেন। বাজেটে অর্থমন্ত্রী ৮০ লাখ টাকা সীমা পর্যন্ত ৩ শতাংশ লেনদেন কর অথবা ন্যূনতম ২৮ হাজার টাকা প্যাকেজ মূসকের ব্যবস্থা রেখেছিলেন।
এফবিসিসিআইর সভাপতি ১২০ টাকা মূল্যমানের হাওয়াই চপ্পল ও প্লাস্টিকের পাদুকা, ১০০ টাকা মূল্যমানের পাউরুটি, বিভিন্ন বেকারি পণ্যসহ আরও কয়েকটি খাতের মূসক অব্যাহতি সুবিধা বহাল রাখার দাবি করেন।
আয়করের ক্ষেত্রে তিনি রপ্তানি খাতের উৎসে কর কমিয়ে দশমিক ৬ শতাংশ করা, যন্ত্রপাতি, কাঁচামাল ইত্যাদি আমদানিতে উৎসে আয়কর আদায়ের ব্যবস্থা তুলে নেওয়া, ব্যক্তির করমুক্ত আয়সীমা ৩ লাখ টাকায় উন্নীত করাসহ বেশ কিছু সুপারিশ তুলে ধরেন।
বাজেট আলোচনা প্রহসন: এবারের বাজেট উপলক্ষে সব মিলিয়ে ৪৪৭টি প্রস্তাব দিয়েছিল এফবিসিসিআই। এর মধ্যে আংশিকসহ ৫৩টি প্রস্তাব বাজেটে বাস্তবায়ন করা হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।
মাতলুব আহমাদ বলেন, ‘চার মাস খাটাখাটি করে বাজেট প্রস্তাব দেওয়ার পর দেখা গেল, মাত্র ১২ শতাংশ গ্রহণ করা হয়েছে। এফবিসিসিআইয়ের সভাপতি হিসেবে আমি লজ্জিত। এত আলোচনার পর এনবিআর তাদের সিদ্ধান্ত চাপিয়ে দিলে কেন এই প্রহসনের সংলাপ?’