‘ওয়াশিংটন টাইমস’-এ খালেদা জিয়ার নিবন্ধে এফবিসিসিআইয়ের উদ্বেগ
গত ৩০ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন টাইমস-এ প্রকাশিত বাংলাদেশের বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার নিবন্ধে উদ্বেগ প্রকাশ করেছে দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। এফবিসিসিআই থেকে গতকাল গণমাধ্যমে পাঠানো এক লিখিত বিবৃতিতে বলা হয়েছে, ‘উক্ত নিবন্ধে তিনি (খালেদা জিয়া) বাংলাদেশকে প্রদত্ত যুক্তরাষ্ট্রের জিএসপি-সুবিধাসহ অন্যান্য সুবিধা প্রত্যাহারের জন্য এবং বাংলাদেশের ওপর অবরোধ আরোপের আহ্বান জানিয়েছেন, যার প্রতি ব্যবসায়ী সমাজ গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করছে।’ এফবিসিসিআই আরও বলেছে, মার্কিন জিএসপি-সুবিধা প্রত্যাহারের জন্য ইউএসটিআরের জারি করা নোটিশের পরিপ্রেক্ষিতে দেশের বাণিজ্য-সুবিধা অব্যাহত রাখতে সরকার ও বেসরকারি খাত একযোগে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি যে মুহূর্তে আহ্বান জানিয়েছে, সে সময় বিরোধীদলীয় নেত্রীর এ ধরনের আত্মঘাতমূলক আহ্বান কোনোভাবেই কাম্য নয় এবং এটা দেশের অর্থনীতি ও ব্যবসায়ীদের স্বার্থের পরিপন্থী। দেশের স্বার্থ বিঘ্নিত হয়, এমন কোনো বিবৃতি পরিহার করার জন্য ব্যবসায়ী সমাজ দেশের সব রাজনৈতিক পক্ষের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছে বলেও এফবিবিসিআইর বিবৃতিতে বলা হয়েছে।