'কাঁচামালের সরবরাহ বাড়ালে মজুরি কোনো সমস্যা না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাঁচামালের অভাবে সক্ষমতার মাত্র ১৫-১৮ শতাংশ উৎপাদন করতে পারে চিংড়ি প্রক্রিয়াকরণ কারখানাগুলো। এসব প্রতিষ্ঠান দুরবস্থায় আছে। তাই কাঁচামালের (চিংড়ি) সরবরাহ নিশ্চিত বাড়ালে শ্রমিকদের মাসিক নিম্নতম মজুরি ১৫ থেকে ২০ হাজার টাকা দিতে মালিকদের কোনো আপত্তি নেই।
‘চিংড়ি ও মৎস্য প্রক্রিয়াকরণ শিল্পের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় গতকাল বৃহস্পতিবার এমনটাই বলেছেন বাংলাদেশ হিমায়িত খাদ্য রপ্তানিকারক সমিতির (বিএফএফইএ) তিন নেতা। এ সময় অভিযোগ করে তাঁরা বলেন, চিংড়ি রপ্তানির ওপর ভর্তুকির টাকা পেতে দ্বিগুণ টাকা ঘুষ দিতে হয়। এ জন্য সরকারকে কারখানাগুলোর সক্ষমতার ৫০ শতাংশ পর্যন্ত কাঁচামাল সরবরাহ নিশ্চিত, দুর্নীতি দূর ও চিংড়ি নীতিমালা বাস্তবায়নের দাবি করেন নেতারা।
এর আগে এই আলোচনায় চিংড়ি প্রক্রিয়াকরণশিল্প শ্রমিকদের পক্ষ থেকে ১২ হাজার ৬০০ টাকা নিম্নতম মজুরি দেওয়ার দাবি জানানো হয়। তবে একাধিকবার অন্য আলোচকের বক্তব্যের মধ্যে হস্তক্ষেপ করে মালিকপক্ষের নেতারা বলেন, এটা কোনো সমস্যা না। কারখানার মোট খরচের মাত্র ২ শতাংশ শ্রমিকদের মজুরির জন্য ব্যয় হয়। তাঁরা মজুরি নয়, শিল্পের অন্য সমস্যা নিয়ে আলোচনা করতে চাপ দেন। যদিও সঞ্চালক বারবার মনে করিয়ে দিচ্ছিলেন, এটি মজুরিবিষয়ক আলোচনা। এ নিয়ে সঞ্চালকের সঙ্গে ব্যবসায়ী নেতাদের বচসাও হয়।
এই নেতারা হচ্ছেন বিএফএফইএর সহসভাপতি এম খলিলুল্লাহ, সাবেক সভাপতি গোলাম মোস্তফা ও সমিতির লেবার কমপ্লায়েন্স কমিটির আহ্বায়ক এস হূমায়ূন কবীর। তাঁরা বলার চেষ্টা করেন, বর্তমানে শিল্পটি কঠিন সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। তাই সমস্যা সমাধানের আগে মজুরি পুনর্নির্ধারণ ঠিক হবে না।
সলিডারিটি সেন্টার বাংলাদেশ এবং সোশ্যাল অ্যাকটিভিটজ ফর দি এনভারনমেন্টের (সেফ) যৌথ উদ্যোগে রাজধানীর একটি হোটেলে এই গোলটেবিল আলোচনায় প্রধান অতিথি ছিলেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) সহকারী নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মেদের সঞ্চালনায় সাংসদ ও শ্রমিকনেত্রী শিরিন আখতার, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহিন আনামসহ কয়েকটি শ্রমিক সংগঠনের নেতা, চিংড়ি প্রক্রিয়াকরণ কারখানার শ্রমিক, বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা বক্তব্য দেন।
চিংড়ি ও মৎস্য প্রক্রিয়াকরণ শিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণের জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় গত ১৩ আগস্ট নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। শ্রমিকদের পক্ষ থেকে ১২ হাজার ৬০০ টাকার একটি প্রস্তাব তৈরি করা হয়েছে, যা বোর্ডের সভায় উপস্থাপন করা হবে। ২০০৯ সালে ২৫ নভেম্বর এ খাতের শ্রমিকদের জন্য প্রথম দুই হাজার ৬৪৫ টাকা নিম্নতম মজুরি নির্ধারণ করা হয়।
শ্রম প্রতিমন্ত্রী ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, ‘কী করলে দুর্নীতি ও সমস্যা দূর হবে, তা আমাদের বলুন। আমরা মালিক ও শ্রমিক উভয়ের সমস্যা সমাধানের জন্য তৈরি। বললেই ঝাঁপিয়ে পড়ব।’ তিনি আরও বলেন, মালিকদের মধ্যে এখনো সামন্তবাদী মনোভাব রয়ে গেছে। কোটি কোটি টাকা মুনাফা করলেও অনেকেই শ্রমিকদের ন্যায্য পাওনা দিতে চান না। তাই শ্রমিকদের জন্য অবশ্যই নিম্নতম মজুরি নির্ধারণ করতে হবে।
পরিসংখ্যান নিয়ে বিভ্রান্তিকর তথ্য: গোলটেবিল আলোচনায় চিংড়ি শিল্পের ওপর তিনটি প্রবন্ধ পাঠ করা হয়। এর মধ্যে সেফের প্রকল্প সমন্বয়কারী আসাদুজ্জামান বলেন, খুলনা, বাগেরহাট, চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় ১৪৮টি চিংড়ি ও মৎস্য প্রক্রিয়াকরণ কারখানা গড়ে উঠেছে। এতে ১০ লাখ লোকের কর্মসংস্থান হয়েছে। আর এদের ওপর নির্ভরশীল প্রায় সাড়ে ৩৫ লাখ মানুষ। নিজের প্রবন্ধ উপস্থাপনকালে শ্রমিকের সংখ্যার ক্ষেত্রে একই তথ্য দেন বিএফএফইএর এস হূমায়ূন কবীর। তিনি জানান, সারা দেশে ১৬৬টি কারখানা আছে।
অবশ্য এর কিছুক্ষণ পরই এসব তথ্য ভিত্তিহীন বলে দাবি করেন বিএফএফইএর সাবেক সভাপতি গোলাম মোস্তফা। তিনি বলেন, মাত্র ২২-২৩ কারখানা ভালোভাবে চালু আছে। আর পুরো শিল্পে কর্মরত আছে মাত্র পাঁচ হাজার শ্রমিক। আবার অনুষ্ঠান শেষে জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, সমিতির সদস্যসংখ্যা ৯৯। এর মধ্যে চালু ৫৪ ও বন্ধ কারখানা ৪৫। চালু কারখানার মধ্যে মাত্র ১০ শতাংশ মাসের ২৬ দিন উৎপাদন করে বলে জানান তিনি।
খুলনা চিংড়ি শিল্প শ্রমিক কল্যাণ সংঘের সাধারণ সম্পাদিকা মনিরা সুলতানা বলেন, শুধু রূপসা নদীর পাড়ে একসঙ্গে ৩০-৩৫টি কারখানা আছে। এসব কারখানার শ্রমিকসংখ্যা কোনোভাবেই ২৫ থেকে ৩০ হাজারের কম হবে না।
শ্রমিকনেতাদের মধ্যে বক্তব্য দেন ওয়াজেদ-উল ইসলাম খান, শুক্কুর মাহমুদ, রাজেকুজ্জামান রতন, বি এম জাফর, প্রমুখ। আলোচনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জাকির হোসেন একটি প্রবন্ধ পাঠ করেন।