অস্ট্রেলিয়ার একটি ব্র্যান্ডের কাছে গত বছরের প্রথম চার মাসে ১৩ লাখ ৪৪ হাজার পিস তৈরি পোশাক রপ্তানি করেছে শানিলা ফ্যাশন। চলতি বছরের প্রথম চার মাসে সেটি বেড়ে হয়েছে ১৪ লাখ ৩৮ হাজার। তার মানে প্রতিষ্ঠানটিতে একটি ব্র্যান্ডের ক্রয়াদেশই বেড়েছে ৭ শতাংশ।
ইউরোপীয় ক্রেতাদের জোট অ্যাকর্ডের প্রকৌশলীরা গত বছরের জুন-জুলাইয়ের তিন দিন রাজধানীর পূর্ব ভাটারার সৈয়দ নগরের এই কারখানাটি পরিদর্শন করেন। তখন কারখানার বৈদ্যুতিক, অগ্নি ও ভবনের কাঠামোগত ৯৪টি ত্রুটি চিহ্নিত করে সেগুলো সমাধান করতে সময়সীমা বেঁধে দেয় অ্যাকর্ড। পরে দুই কোটি টাকা বিনিয়োগ করে এসব ত্রুটির অধিকাংশই সংস্কার করে কারখানা কর্তৃপক্ষ। গত মাসে ফলোআপ পরিদর্শনে কারখানাটিকে সবুজসংকেত দেয় অ্যাকর্ড।
শানিলা ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রেজাউল হোসেন কাজী গতকাল বুধবার এসব তথ্য দিয়ে বলেন, ‘কারখানার কর্মপরিবেশ উন্নয়নে অ্যাকর্ডের পরিদর্শন পর সংস্কারকাজ করায় ক্রয়াদেশ বাড়ছে।’ বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, ‘সংস্কারকাজের অর্থায়নের জন্য আমরা অস্ট্রেলিয়ার ব্র্যান্ডটির সঙ্গে কথা বলেছিলাম। তখন তারা সেটিতে আগ্রহ না দেখালেও ভবিষ্যতে আমাদের ক্রয়াদেশ বেশি দেওয়ার প্রতিশ্রুতি দেয়।’
অ্যাকর্ড কারখানাটির বৈদ্যুতিক, অগ্নি ও ভবনের কাঠামোগত ৯৪টি ত্রুটি চিহ্নিত করে। পরে দুই কোটি টাকা বিনিয়োগ করে এসব সংস্কার করে কারখানা কর্তৃপক্ষ
এটি একটি কারখানার চিত্র। বাকিগুলোর কি অবস্থা—জানতে চাইলে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি শহিদউল্লাহ আজিম গতকাল রাতে বলেন, ‘অনেকেরই ক্রয়াদেশ বেড়েছে সত্য। তবে সেটি পরিমাণে খুব কম। উল্টো গত বছরের চেয়ে ইউরোপের ক্রেতারা পোশাকের মূল্য ১০–১৫ শতাংশ কমিয়ে দিয়েছে। ফলে সবমিলিয়ে এক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন হয়েছে বলা যাবে না।’
অ্যাকর্ড অন ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি ইন বাংলাদেশের আমন্ত্রণে গতকাল সকালে প্রথম আলোর এই প্রতিবেদকসহ গণমাধ্যমের দুজন কর্মী শানিলা পোশাক কারখানাটির সংস্কার কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় অ্যাকর্ডের নির্বাহী পরিচালক রব ওয়েজ, প্রধান প্রকৌশলী (বৈদ্যুতিক নিরাপত্তা) শাহীন আজাদ, প্রধান প্রকৌশলী (অগ্নিনিরাপত্তা) মো. কামরুজ্জামান, কাঠামোগত নিরাপত্তা প্রকৌশলী নিজাম উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
৮২০ জন পোশাকশ্রমিক কাজ করেন কারখানাটিতে। আগে বের হওয়ার পথে ছিল কেচিগেট। সেখানে এখন লাগানো হয়েছে ফায়ার ডোর। এতে করে ভেতরে কখনো আগুন লাগলে সহজেই শ্রমিকেরা বের হতে পারবেন। এ ছাড়া ভবনের আন্ডারগ্রাউন্ডে কারখানার আরেকটি ফ্লোর আছে। সেখানকার প্রবেশ ও বের হওয়ার পথ এবং গুদামের দুই পাশে লাগানো হয় দুটি ফায়ার ডোর। পাশাপাশি কারখানার দুটি তলাতেই স্মোক ডিটেক্টরসহ স্বয়ংক্রিয় ফায়ার অ্যালার্ম লাগানো হয়েছে। জরুরি অবস্থায় বের হওয়ার জন্য পথ প্রদর্শনের জন্য ফ্লোরে সবুজ রং লাগানো হয়েছে। যা দেখে শ্রমিকেরা সহজেই বুঝতে পারবেন কোন দিকে বের হওয়ার পথ।
কারখানার নিচতলায় বিদ্যুতের সাব-স্টেশনে লাগানো হয়েছে ফায়ার ডোর। সেখানের বিদ্যুতের সার্কিটগুলো আলাদা করে নিরাপত্তাবেষ্টনী দেওয়া হয়েছে। আবার সেলাই মেশিন ও এর ওপরের বৈদ্যুতিক বাতির তার অ্যালুমিনিয়াম ও স্টিলের পাত দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। ফলে কোনো কারণে আগুন লাগলে তা দ্রুত ছড়াবে না। আগে বৈদ্যুতিক তারগুলো খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। আবার ভবনের বিভিন্ন তলায় থাকা অতিরিক্ত ভার কমানো হয়েছে। বিশেষ করে কারখানার ছাদের পাঁচটি পানির ট্যাঙ্ক স্থানান্তর ও নতুন করে একটি কলাম নির্মাণ করেছে কারখানা কর্তৃপক্ষ।
সৈয়দ রেজাউল হোসেন কাজী জানান, ‘সব মিলিয়ে নয়টি ফায়ার ডোর লাগানো হয়েছে। এগুলো ইতালি ও তাইওয়ান থেকে আমদানি করা হয়েছে। দিনের কর্মঘণ্টার পরই সংস্কারকাজগুলো করা হয়েছে। ফলে এ জন্য উৎপাদন বন্ধ রাখতে হয়নি কারখানাটির।’
সংস্কারকাজের বিষয়ে কারখানার এই ব্যবস্থাপনা পরিচালক বললেন, ‘আমরা ইতিবাচক মনোভাব নিয়েই কাজগুলো করেছি। এ জন্যই শ্রমিকেরা এখন কারখানায় কাজ করতে আগের চেয়ে অনেক বেশি নিরাপদ মনে করেন।’ তিনি জানান, অ্যাকর্ডের তিন সদস্য ছাড়াও পাঁচটি ক্রেতা প্রতিষ্ঠানের কাজ করে শানিলা। বছরে রপ্তানি হয় প্রায় ২০০ কোটি টাকার পোশাক।
কারখানার কর্মপরিবেশ উন্নতিতে শানিলার অগ্রগতিতে সন্তুষ্টি প্রকাশ করেন রব ওয়েজ। তিনি বলেন, অ্যাকর্ডের পরিদর্শনের বড় উদাহরণ হচ্ছে এই কারখানাটি। তিনি জানালেন, ভবিষ্যতেও কারখানাটির ফলোআপ পরিদর্শন অব্যাহত রাখবেন অ্যাকর্ডের প্রকৌশলীরা।