'কারসাজির পরিণতি হবে মীর গ্রুপের মতো'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়তি বা নিয়মের বাইরের মুনাফাকারীদের হুঁশিয়ার করে দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বাণিজ্যমন্ত্রী বলেন, যাঁরা কারসাজি করে পণ্যমূল্য বাড়াবেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং তাঁদের পরিণতি হবে মীর গ্রুপের মতো।
তবে ব্যবসায়ীরা বলেছেন, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণেই এবারের রমজানে কয়েকটি পণ্যের দাম বেড়েছে। অন্য পণ্যের দাম স্থিতিশীলই আছে। তারপরও তাঁরা রমজানে পণ্যমূল্য যাতে না বাড়ে, সে ব্যাপারে সতর্ক থাকবেন।
সচিবালয়ে গতকাল বৃহস্পতিবার নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্য নিয়ে অনুষ্ঠিত বৈঠকে বাণিজ্যমন্ত্রী ও ব্যবসায়ীদের এসব কথা উঠে আসে। বৈঠকে বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন, ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মুশফেকা ইকফাৎ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক শফিকুল ইসলাম লস্কর, টিসিবির চেয়ারম্যান আবু সালেহ মো. গোলাম আম্বিয়া, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালসহ নিত্যপণ্যের আমদানিকারক, পাইকারি ও খুচরা ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
তোফায়েল আহমেদ বলেন, গুদাম থেকে মাল কিনে মজুত রাখার কারণে চট্টগ্রামের খাতুনগঞ্জের হাজী মীর আহমেদ ট্রেডার্স নামক একটি প্রতিষ্ঠানকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। কেউ পণ্য মজুত রেখে কৃত্রিম সংকট সৃষ্টি করলে তাঁর পরিণতি ওই প্রতিষ্ঠানের মতোই হবে।
ব্যবসায়ীদের সংযমী হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা রোজা থাকি, তারাবির নামাজ পড়ি, ইফতার করি, সেহরি খাই। এটা হলো সংযমের মাস। সবাই যেন আমরা সংযমী হই।’
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আপনারা ক্ষতিগ্রস্ত হন এটা যেমন চাই না; আবার ভোক্তারাও ক্ষতিগ্রস্ত হবেন, সেটাও চাই না।’ বাজারে চিনি ও ছোলা ছাড়া বাকি সব নিত্যপণ্যের মূল্যই স্বাভাবিক রয়েছে বলে দাবি বাণিজ্যমন্ত্রীর।
মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে চিনি ও ছোলার দাম বাড়ায় দেশে এ দুটি পণ্যের দাম গত বছরের চেয়ে বেড়েছে। অন্য পণ্যের মূল্য শুধু স্থিতিশীল নয়, কিছু কিছু পণ্যের মূল্য গত বছরের চেয়েও বরং কম।
বাজারে চিনি বিক্রি হচ্ছে ৬৫ টাকা কেজি দরে। তবে চিনির কেজি ৬০ টাকার নিচে হওয়া উচিত বলে মনে করেন তোফায়েল আহমেদ। বলেন, আকস্মিকভাবে ব্যবসায়ীদের কেউ কেউ কারসাজি করে চিনির দাম বাড়িয়েছেন। অবশ্য তাঁরা ধরাও পড়েছেন। মন্ত্রী নিজেই একটি বিশ্লেষণ দেন, পরিশোধনকারীরা ৪৮ টাকা কেজি দরে চিনি বিক্রি করেন। পাইকাররা ব্যবসা করেন ২-৩ টাকা। খুচরা বিক্রেতারা যদি কেজিতে ৫ টাকাও মুনাফা করেন তারপরও ৫৭-৫৮ টাকার বেশি হওয়ার কথা নয়।
আর ছোলার দাম নিয়ে বাণিজ্যমন্ত্রী জানান, এক বছর আগে বিশ্ববাজারে এর দাম ছিল ৪৩ টাকা কেজি। এখন ৭৩ টাকা। অর্থাৎ, এক বছরে বেড়েছে ৩০ টাকা। মন্ত্রী বলেন, ‘একটা লোক ৩০ টাকা বেশিতে আমদানি করে আমাকে সুবিধা দেওয়ার জন্য তো আর লোকসানে বিক্রি করবে না।’
ডাল ব্যবসায়ী সমিতির সভাপতি শফিকুল ইসলাম বলেন, ‘ছোলার মজুত আছে খবর পেয়ে চট্টগ্রামে খোঁজ নিই। বলা হয়, ছোলা নেই। এগুলো নিয়ে তদন্ত হওয়া উচিত।’
পণ্যমূল্য নিয়ে গণমাধ্যমে কথা বলেন, তাঁদের তথ্য বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, যাঁরা নিজেরা পণ্য কেনেন না, বাজারে যান না, খবরও রাখেন না, এমন অনেকেই টিভি চ্যানেলের টক-শোতে গিয়ে বিভ্রান্তিকর তথ্য দেন। একশ্রেণির মানুষ বাজারে গিয়ে দরদাম ছাড়াই সওদা করেন এবং বাজারে এরও প্রভাব রয়েছে।