‘কারুপল্লি গড়তে সহায়তা চাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে হস্তজাত পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ছড়িয়ে-ছিটিয়ে আছে। কিন্তু এসব প্রতিষ্ঠানকে একটি নির্দিষ্ট সীমানার মধ্য আনা প্রয়োজন। কারণ, অনুন্নত যোগাযোগ ও যানজটের কারণে বিদেশি ক্রেতাদের প্রত্যন্ত এলাকায় নিয়ে যাওয়া সম্ভব হয় না। ফলে সব ধরনের পণ্য সম্পর্কে জানতে পারেন না। কিন্তু এ ক্ষেত্রে চীন, ভারত ও ভিয়েতনাম অনেক এগিয়ে। তারা বিদেশি ক্রেতাদের জন্য ‘ক্রাফট ভিলেজ’ গড়ে তুলেছে। এখান থেকে সহজেই একজন ক্রেতা পছন্দমতো হস্তজাত বিভিন্ন পণ্যসামগ্রী আমদানি করতে পারেন। এসব তথ্য দিয়ে বাংলাদেশ হস্তশিল্প প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বাংলাক্রাফট) জ্যেষ্ঠ সহসভাপতি ফওজিয়া আমীন নীনা বলেন, সমস্যাটির সমাধানের জন্য ঢাকার আশপাশে বৃহৎ পরিসরে একটি কারুপল্লি গড়ে তুলতে হবে, যেখানে ডিজাইন সেন্টারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শোরুম থাকবে। অবশ্য এ জন্য সরকারের প্রত্যক্ষ সহায়তা প্রয়োজন। আগামী ২০১২-১৩ অর্থবছরের বাজেটে বাস্তবায়নের জন্য বাংলাক্রাফট এই কারুপল্লি গড়াসহ বিভিন্ন দাবি-দাওয়া জানিয়েছে। প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে সমিতির পক্ষে এসব বিষয়ে বিস্তারিত বলেন ফওজিয়া আমীন। বাংলাক্রাফটের জ্যেষ্ঠ সহসভাপতি আরও বলেন, ‘বিদেশিদের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাদের নিত্যনতুন ডিজাইন করতে হবে। পণ্যের মানোন্নয়ন করতে হবে। গবেষণা করতে হবে।’ ফওজিয়া আমীন জানান, এ জন্য একটি হস্তশিল্প গবেষণা ও ডিজাইন উন্নয়নের জন্য ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা প্রয়োজন। সরকারও এই দাবির সঙ্গে একমত পোষণ করেছে এবং একখণ্ড জমি বরাদ্দ করেছে। কিন্তু জমিটি বুঝে না পাওয়ায় এখন পর্যন্ত অগ্রগতি সামান্য। রপ্তানি বৃদ্ধির স্বার্থে দাবিটি বাস্তবায়নে সরকারকে আন্তরিক হওয়ার অনুরোধ করেন তিনি। ফওজিয়া আমীন বলেন, হস্তজাত পণ্য উৎপাদনকারী ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলোর জন্য ব্যাংকঋণ পাওয়া খুবই কষ্টকর। কিন্তু প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে হলে আমাদের অবশ্যই পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতেই হবে। এ জন্য সহজশর্তে ব্যাংকঋণ প্রাপ্তি নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে সুদের হার পাঁচ শতাংশ করার দাবি জানান তিনি। হস্তশিল্প পণ্য জন্য অপরিহার্য বাঁশ, বেত, ছন প্রভৃতি এখন অনেকটাই বিলুপ্ত হওয়ার পথে। এ জন্য রপ্তানিকারকদের এসব কাঁচামাল চাষের জন্য খাসজমি বরাদ্দ দেওয়ার দাবি জানান তিনি।