‘কিছুটা রক্ষণশীলভাবে আইন প্রণীত হয়েছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো: প্রতিযোগিতা আইনের প্রয়োজনটা কেন হলো?মনজুর আহমেদ: অর্থনৈতিক উন্নয়নের জন্যই প্রতিযোগিতা আইন প্রয়োজন। যেসব দেশ আগে প্রতিযোগিতা আইন প্রণয়ন ও বাস্তবায়ন করেছে, তারা তুলনামূলকভাবে এগিয়ে গেছে। কানাডা ও দক্ষিণ কোরিয়ার কথা আমরা বলতে পারি। আমাদের দেশে একটা ভুল ধারণা আছে যে প্রতিযোগিতা আইন হলে ব্যবসা-বাণিজ্যের অগ্রগতি ব্যাহত হবে, প্রবৃদ্ধি আটকে যাবে। এগুলো ঠিক নয়। বরং ন্যায্যতা ও সমতার ভিত্তিতে প্রতিযোগিতার স্বার্থেই এই আইনটি প্রয়োজন। প্রতিযোগিতা আইনের মাধ্যমে প্রথমত ব্যবসা-বাণিজ্য বিকশিত করতে সহায়তা দেওয়া হবে। দ্বিতীয়ত, ভোক্তাদের স্বার্থও রক্ষা করা হবে।প্রথম আলো: বাংলাদেশে যে আইনটি করা হয়েছে, তার বৈশিষ্ট্যগুলো সংক্ষেপে বলুন।মনজুর আহমেদ: বাংলাদেশের প্রতিযোগিতা আইনটি কিছুটা রক্ষণশীলভাবে প্রণীত হয়েছে। এখানে উচ্চাকাঙ্ক্ষা নিয়ন্ত্রণ করা হয়েছে। অর্থাৎ এই আইন বাস্তবায়িত হলেই যে ব্যবসা-বাণিজ্যে যাবতীয় প্রতিযোগিতা সুষ্ঠু হয়ে যাবে, এমনটি মনে করার কোনো কারণ নেই। এই আইন বাস্তবায়নের জন্য সরকারকে একটি কমিশন গঠন করতে হবে। কমিশন আইনের বিভিন্ন ধারা অনুসারে রুলস বা বিধিবিধান প্রণয়ন করা হবে। এগুলো সময়সাপেক্ষ ব্যাপার।প্রথম আলো: আইন তো হলো। কিন্তু বাস্তবায়নের বিষয়টি তো আরও বেশি গুরুত্বপূর্ণ। সে ক্ষেত্রে কী কী বাধা তৈরি হতে পারে?মনজুর আহমেদ: প্রতিযোগিতা আইন বেশ জটিল ও কৌশলগত বিষয়। এর আওতায় কোনো ধারণাভিত্তিক বা খণ্ডিত বিশ্লেষণের অবকাশ নেই। কোনো খাতে প্রতিযোগিতা-বিরুদ্ধ কোনো কর্মকাণ্ডের অভিযোগ উঠলে তা তথ্য-উপাত্তসহকারে যথাযথ বিশ্লেষণের মাধ্যমে প্রমাণ করতে হবে। এ জন্য খুব ভালো বোঝাপড়া ও দক্ষতা দরকার, দরকার প্রশিক্ষণ। ইতিমধ্যে একাধিক বিশ্ববিদ্যালয় বিষয়টি পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করেছে। তাই ভবিষ্যতে কিছু মানবসম্পদ তৈরি হবে। পাশাপাশি এখন উন্নত ও নিবিড় প্রশিক্ষণের দিকে জোর দিতে হবে। তা না হলে যথাযথভাবে এই আইন প্রয়োগ করা যাবে না। এই আইনে প্রতিযোগিতা-বিরুদ্ধ কর্মকাণ্ড ও অন্যায্য চর্চাকে বিবেচনায় নেওয়া হয়েছে। এগুলোর পরিধি যথাযথভাবে বোঝা জরুরি। যেমন—কোনো একটি পণ্যের ক্ষেত্রে যদি কোনো একটি প্রতিষ্ঠান বাজারে একক নিয়ন্ত্রণকারী হয়ে ওঠে, তা হলে তা প্রতিযোগিতা-বিরুদ্ধ অবস্থান হবে। যদি প্রতিষ্ঠানটি ৭০ বা ৮০ শতাংশ সরবরাহ নিয়ন্ত্রণ করে, তখন তা আইনের মাধ্যমে কমিয়ে আনতে হবে। আবার একক বা জোটবদ্ধভাবে দাম বাড়ানোই শুধু নয়, কোনো কোনো প্রতিষ্ঠান দাম কমিয়ে বাজারে নিয়ন্ত্রণ নিতে চায়। উল্লেখযোগ্য পরিমাণ সরবরাহ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান যখন কোনো পণ্যের দাম কমিয়ে দেয়, তখন অনেক প্রতিষ্ঠানই প্রতিযোগিতায় টিকতে না পেরে বাজার থেকে চলে যায়। তখন আবার ওই প্রতিষ্ঠান দাম বাড়িয়ে দেয়। আবার এক ব্র্যান্ডের জিনিস বলে অন্য ব্র্যান্ডের জিনিস চালিয়ে দেয়। এটা হলো অন্যায্য চর্চা। প্রথম আলো: দেশের ব্যবসায়ী-শিল্পপতিরা এই আইনকে কতটা মেনে নেবেন? তাঁরা কি স্বাগত জানাতে ও আইন বাস্তবায়নে সহায়তা করতে প্রস্তুত?মনজুর আহমেদ: এফবিসিসিআই, ঢাকা চেম্বার, মেট্রো চেম্বার, চট্টগ্রাম চেম্বারসহ দেশের বড় বড় বাণিজ্য সংগঠনগুলো এই আইনের খসড়া তৈরিতে অংশ নিয়েছে, মতামত দিয়েছে, পর্যালোচনা করেছে। সুতরাং কেউ এখন বলতে পারবে না যে তারা এ সম্পর্কে জানে না বা এটা গ্রহণ করে না। ১৯৯৪ সালে প্রথম একটা খসড়া করা হয়েছিল। এরপর তা নিয়ে আর অগ্রসর হওয়া যায়নি। বহুজাতিক কোম্পানিগুলো বাধা দিয়েছে। এবারও নানা যুক্তি দেখিয়ে তারা এই নেতিবাচক দিক তুলে ধরতে চেয়েছিল। কিন্তু এসব খোঁড়া যুক্তি ধোপে টেকেনি।প্রথম আলো: এই আইনের পরিধি কতটুকু বিস্তৃত? মানে পণ্য ও সেবা—দুই-ই এর আওতায় আনা হয়েছে?মনজুর আহমেদ: হ্যাঁ। পণ্য ও সেবা—দুই-ই প্রতিযোগিতা আইনের আওতায় এসেছে। যেমন, আর্থিক সেবা—যার মধ্যে ব্যাংক ও বিমা আছে। এই যে ব্যাংকগুলো একত্রে বসে সুদের হারের সীমা নির্ধারণ করল, এটা এই আইনের চোখে প্রতিযোগিতা-বিরুদ্ধ, তাই শাস্তিযোগ্য অপরাধ। কোনো পণ্যের দাম আইন দ্বারা নির্ধারিত হওয়ার পর যদি সেই দামে বিক্রি না হয়, তাহলে তা শাস্তিযোগ্য হবে। যেমন—ওষুধ প্রশাসন ওষুধের দাম নির্ধারণ করে দেয়। একইভাবে পরিবহন খাতে কোনো রুটে এক বা দুটির বেশি কোম্পানির বাস পরিচালনা করতে না দেওয়াও প্রতিযোগিতা-বিরুদ্ধ বিবেচিত হয়।[সাক্ষাৎকার নিয়েছেন আসজাদুল কিবরিয়া]