‘ক্রেতাদের ঠকাবেন না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসার নামে ক্রেতাদের না ঠকাতে এবং দেশের আইন মেনে চলতে আবাসন ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান। আবাসন ব্যবসায়ীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ‘টাকা খরচ করে ব্যবসা করবেন কিন্তু বুক ফুলিয়ে বলতে পারবেন না, এটা তো হতে পারে না। তাই আইন মেনে ব্যবসা করুন, ক্রেতাদের ঠকাবেন না।’ প্রতিমন্ত্রী আরও বলেন, ‘দু-একজনের ভুল-ত্রুটি ও মুনাফালোভীদের জন্য আবাসন খাতের ব্যবসায়ীদের একসময় ভূমিদস্যু বলা হতো। জমির মালিকানা নাই, দলিল নাই, ৩০ ফুট পানির নিচের জমিতে লাঠি গেড়ে সাইনবোর্ড লাগিয়ে প্রতারণা করা হতো।’ বর্তমান সরকারের কঠোর পদক্ষেপের কারণে এসব বন্ধ হয়েছে বলে দাবি করেন তিনি। রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত আবাসন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল বুধবার পাঁচ দিনের এই মেলা শুরু হয়।রিয়েল এস্টেট প্রতিষ্ঠানগুলোর উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, ঢং করে, চটকদার বিজ্ঞাপন দিয়ে আর প্রতারণা করে বাংলাদেশে ব্যবসা করা যাবে না। ক্রেতাদের আস্থা ও ভালোবাসা অর্জন করতে হবে। তবে একপর্যায়ে আবদুল মান্নান দেশের আবাসন-সংকট নিরসনে ব্যবসায়ীদের অবদানেরও প্রশংসা করেন। তাঁদের ‘আবাসন শিল্পী’ হিসেবে অখ্যায়িত করেন তিনি। রিহ্যাবের জ্যেষ্ঠ সহসভাপতি মোকারম হোসেন খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ভূঁইয়া, মেলা কমিটির চেয়ারম্যান মো. আবদুর রহিম ও আহ্বায়ক মো. আবদুর রশিদ। আনিসুজ্জামান বলেন, ‘সবাই বলেন, ফ্ল্যাটের দাম আকাশচুম্বী। কিন্তু এগুলো ঢাকার ৮০ শতাংশ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যেই আছে। তবে এ জন্য ক্রেতাদের জন্য স্বল্প সুদে দীর্ঘমেয়াদি ঋণের ব্যবস্থা করা প্রয়োজন। সরকারি জমি পেলে আমরা আরও কম দামে ফ্ল্যাট দিতে পারব।’ রাজউকের স্টল নেই: এবারের মেলায় অনুমোদনহীন বা ভুয়া প্রকল্প চিহ্নিত করতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কোনো স্টল বসতে দেয়নি রিহ্যাব। গত শুক্রবার এক সংবাদ সম্মেলেনে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয় সংগঠনটি। তাদের অভিযোগ, ‘মেলায় রাজউকের অবৈধ হস্তক্ষেপের কারণে সাধারণ ক্রেতা ও আবাসন কোম্পানি উভয়েই আতঙ্কিত হয়ে পড়ে।’ওই দিনই রিহ্যাব ঘোষণা দেয়, প্রতিটি স্টলেই অনুমোদিত প্রতিষ্ঠান ও প্রকল্প নিয়ে একটি বই বাধ্যতামূলকভাবে প্রদর্শন করা হবে। এটি দেখে ক্রেতারা আবাসন প্রতিষ্ঠানের প্রকল্পের অনুমোদন বিষয়ে জানতে পারবেন। কিন্তু গতকাল উদ্বোধনের পর পুরো মেলা ঘুরে দেখা গেছে রিহ্যাবের প্রকাশিত বইটি কোনো স্টলেই নেই। এ বিষয়ে জানতে চাইলে আনিসুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘কাল বৃহস্পতিবার (আজ) থেকে সব স্টলে বইটি থাকবে।’ এদিকে রাজউকের পূর্ব ঘোষণা অনুযায়ী স্টল না থাকলেও তাদের একটি টিম মেলা প্রাঙ্গণে থাকবে। কোনো প্রতিষ্ঠান অননুমোদিত প্রকল্প প্রদর্শন বা বেচাকেনা করলে তারা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আইনগত ব্যবস্থা নেবে। ফ্ল্যাটের ছড়াছড়ি: এবারের মেলায় প্লটের চেয়ে ফ্ল্যাটের প্রদর্শনীই বেশি করছে আবাসন প্রতিষ্ঠানগুলো। রাজধানীসহ সিলেট, চট্টগ্রাম ও কুমিল্লায় অবস্থিত বেশ কিছু প্রকল্পের ফ্ল্যাট প্রদর্শন করছে একাধিক প্রতিষ্ঠান। এসব ফ্ল্যাটের দাম বর্গফুটপ্রতি দাম বলা হয়েছে সাড়ে তিন হাজার থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত। বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, নির্মাণাধীন কিংবা সম্পন্ন কোনো ফ্ল্যাটেই গ্যাস সংযোগ নেই। অধিকাংশেরই আবার বিদ্যুৎসংযোগ নেই। এ ক্ষেত্রে অবশ্য কর্মকর্তারা ক্রেতাদের এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবহারের পরামর্শ দিচ্ছেন। এবারের মেলায় ২১৯টি প্রতিষ্ঠান স্টল নিয়েছে। এর মধ্যে রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার প্রতিষ্ঠানের ২১২টি, ভবন নির্মাণসামগ্রীর ছয়টি প্রতিষ্ঠান ও অর্থলগ্নিকারী একটি প্রতিষ্ঠানের স্টল আছে। মেলার পৃষ্ঠপোষকতায় রয়েছে ১৫টি প্রতিষ্ঠান। সাধারণ দর্শনার্থীদের জন্য মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে। জনপ্রতি প্রবেশ টিকিটের মূল্য ৫০ টাকা। তবে তিন দিনের টিকিট কিনলে লাগবে ১০০ টাকা। মেলা চলবে ৬ জানুয়ারি পর্যন্ত।