সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, ‘ক্ষুদ্র উদ্যোক্তারা ঋণ নিয়ে তা ফেরত দেন। কারণ, এটা যে ফেরত দিতে হবে—সেই লজ্জাবোধ তাঁদের আছে। কিন্তু বড় ঋণগ্রহীতাদের ক্ষেত্রে অনেক সময়ই তা দেখা যায় না।’ ‘অষ্টম সিটি ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কার’ প্রদান উপলক্ষে গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ওয়াহিদউদ্দিন মাহমুদ এসব কথা বলেন। সিটিগ্রুপের মানবকল্যাণমুখী সংগঠন সিটি ফাউন্ডেশন আয়োজিত এই পুরস্কার পরিচালনা করবে সিটিব্যাংক এনএ, বাংলাদেশ ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম (সিডিএফ)। এতে সহযোগী হিসেবে থাকছে দ্য ডেইলি স্টার ও চ্যানেল আই। এ বছর ৩১ মে এই পুরস্কার প্রদান করা হবে।পুরস্কার প্রদানে গঠিত উপদেষ্টা পরিষদের সভাপতি ওয়াহিদ উদ্দিন মাহমুদ। সংবাদ সম্মেলনে পরিষদের সদস্য সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজড উইমেনের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. হুমায়রা ইসলাম, বাংলাদেশ উইমেন চেম্বারের প্রতিষ্ঠাতা সভাপতি সেলিমা আহমাদ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আবদুল আজিজ, বাংলাদেশে সিটি কান্ট্রি অফিসার রাশেদ মাকসুদ সিডিএফের নির্বাহী পরিচালক আবদুল আওয়াল উপস্থিত ছিলেন।মোট পাঁচটি বিভাগে এই পুরস্কার দেওয়া হবে: কৃষি খাতে বছরের শ্রেষ্ঠ ক্ষুদ্র উদ্যোক্তা, বছরের শ্রেষ্ঠ মহিলা ক্ষুদ্র উদ্যোক্তা, বছরের শ্রেষ্ঠ ক্ষুদ্র উদ্যোক্তা, বছরের শ্রেষ্ঠ ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থা এবং বছরের সেরা সৃজনশীল ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থা।