‘ক্ষুদ্রঋণকে গ্রামের মানুষের কাছে নিয়ে গেছেন ইউনূস’
ড. মুহাম্মদ ইউনূস ক্ষুদ্রঋণকে গ্রামীণ মানুষের কাছে নিয়ে গেছেন বলে স্বীকার করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রী আরও বলেছেন, দেশের ক্ষুদ্রঋণ ব্যবস্থার আজকের কাঠামোর পেছনে গ্রামীণ ব্যাংকের অবদান রয়েছে। রাজধানীর সিরডাপ মিলনায়তনে গতকাল রোববার ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রক সংস্থা (মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি বা এমআরএ) আয়োজিত ‘আমানতকারী নিরাপত্তা তহবিল’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন।এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ। এমআরএর নির্বাহী ভাইস-চেয়ারম্যান খন্দকার মাজহারুল হক সেমিনারে স্বাগত বক্তব্য দেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনডেক্স ক্যাপিটাল গ্রুপ নামক একটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আনোয়ার। অর্থমন্ত্রী জানান, দেশে ক্ষুদ্রঋণের পরিমাণ ও ব্যাপকতা বেড়েছে। ১৯৮৬ সালে এর পরিমাণ ছিল ৪ শতাংশ, যা বেড়ে বর্তমানে হয়েছে প্রায় ৩০ শতাংশের কাছাকাছি। তবে ক্ষুদ্রঋণের সংজ্ঞা পুনর্বিবেচনা করা উচিত বলে মনে করেন তিনি। অর্থমন্ত্রী বৈদেশিক মুদ্রা বিমা (ফরেন এক্সচেঞ্জ ইনস্যুরেন্স) আবারও চালু করার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ১৯৮২ সালে তা চালু করা হয়েছিল। কিন্তু পরে সরকার তা বন্ধ করে দেয়। এখন আবার চিন্তা করার সময় এসেছে। কারণ, বেসরকারি খাত গতিশীল হয়েছে। তাদের অনেক ঋণ লাগছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেন, আমানতকারী নিরাপত্তা তহবিল একদিকে ক্ষুদ্রঋণ খাতের দরিদ্র সদস্যদের আমানতের নিরাপত্তা বিধান করবে, অন্যদিকে সামষ্টিকভাবে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর জন্য একটি নিরাপত্তাবলয় সৃষ্টি করতে সহায়ক হবে। এ তহবিলের ব্যবস্থাপনা বাংলাদেশ ব্যাংকের আমানত বিমা ট্রাস্ট তহবিলের অনুকরণেই পরিচালনা করা যৌক্তিক হবে বলে মনে করেন গভর্নর। মূল প্রবন্ধে বলা হয়, ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠানগুলোতে যাঁরা আমানত জমা রাখেন, তাঁদের ৮০ শতাংশের অর্থের পরিমাণ সাড়ে তিন হাজার টাকার নিচে। তাই তহবিলের আওতাও সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত রাখা হবে। এ ছাড়া ঝুঁকির ওপর ভিত্তি করে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোকে নিম্ন ঝুঁকি, মধ্যম ঝুঁকি (ওপরের ধাপ), মধ্যম ঝুঁকি (নিচের ধাপ) এবং উচ্চ ঝুঁকি—এ চারটি ধাপে ভাগ করা হবে। এর ওপর ভিত্তি করেই তহবিলের জন্য প্রতিষ্ঠানগুলোর ওপর প্রিমিয়াম ধার্য করা হবে।সেমিনারে আরও জানানো হয়, এমআরএর সনদপ্রাপ্ত সব ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান আলোচিত তহবিলের সদস্য হবে। সব প্রতিষ্ঠানের আমানত এ তহবিলের আওতাভুক্ত হবে। প্রাথমিকভাবে তহবিলের পরিমাণ হবে ৩০ কোটি টাকা।