সিটি ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কার ঘোষণা: শ্রেষ্ঠ সৃজনশীল ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থা, শ্রেষ্ঠ ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থা, শ্রেষ্ঠ কৃষি ক্ষুদ্র উদ্যোক্তা, শ্রেষ্ঠ মহিলা ক্ষুদ্র উদ্যোক্তা ও শ্রেষ্ঠ কৃষি উদ্যোক্তা—এই পাঁচ বিভাগে সম্মাননা দেবে সিটি
'ক্ষুদ্রঋণে এখন ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি হচ্ছে'
আগে দারিদ্র্য বিমোচনের হাতিয়ার হিসেবে ক্ষুদ্রঋণকে ব্যবহার করা হতো। এখন নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে। ক্ষুদ্রঋণের মাধ্যমে এখন ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি হচ্ছে, যা মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ভূমিকা রাখছে।
গতকাল শনিবার দশম সিটি ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কার ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বিশিষ্ট অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ এ কথা বলেন।
বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান সিটিগ্রুপের সংগঠন সিটি ফাউন্ডেশন দশমবারের মতো ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কারের আয়োজন করেছে। এ বছর পাঁচটি বিভাগে পুরস্কার দেওয়া হবে। এগুলো হলো শ্রেষ্ঠ সৃজনশীল ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থা, শ্রেষ্ঠ ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থা, শ্রেষ্ঠ কৃষি ক্ষুদ্র উদ্যোক্তা, শ্রেষ্ঠ মহিলা ক্ষুদ্র উদ্যোক্তা ও শ্রেষ্ঠ কৃষি উদ্যোক্তা।
আয়োজকেরা জানান, এই পুরস্কারের মূল উদ্দেশ্যে হলো বাংলাদেশের অর্থনীতিতে ক্ষুদ্র উদ্যোক্তারা যে অবদান রাখছেন, তার স্বীকৃতির পাশাপাশি ক্ষুদ্রশিল্প স্থাপনকে উৎসাহিত করা এবং ক্ষুদ্র আর্থিক প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেওয়া। আগামী বছরের জুন মাসে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদান করা হবে।
সংবাদ সম্মেলনে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘প্রতি সপ্তাহে আড়াই কোটি টাকার ক্ষুদ্রঋণ লেনদেন হয়। এ নিয়ে কোনো ধরনের অনিয়মের কথা শোনা যায় না। বাংলাদেশের মতো দেশে এর চেয়ে বড় অর্জন আর কী হতে পারে?’
এই অর্থনীতিবিদ মনে করেন, একদম গরিব নয়, একটু ওপরের দিকের গরিবেরাও ক্ষুদ্রঋণ পাচ্ছেন। এতে উদ্যোক্তা তৈরি হচ্ছে। নিজেরা ছোট ছোট ব্যবসায় সম্পৃক্ত হচ্ছেন, আবার তিন থেকে ২০ জনের কর্মসংস্থানও করছেন। ক্ষুদ্রঋণের মাধ্যমে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে। ক্ষুদ্রঋণ এখন অর্থনৈতিক অবদান জোরদার করছে। এখন নতুন করে বিতর্ক হচ্ছে, ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি করে জিডিপিতে কতটা অবদান রাখা সম্ভব হচ্ছে।
ওয়াহিদউদ্দিন জানান, দেশের ক্ষুদ্রঋণের ঘূর্ণমান তহবিলের পরিমাণ ৩০ হাজার কোটি টাকা।
উল্লেখ্য, এ বছরের সিটি ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কারের জন্য ঘোষিত উপদেষ্টা পরিষদের সভাপতি হলেন ওয়াহিদউদ্দিন মাহমুদ।
সোনারগাঁও হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন গ্রামীণ টেলিকম ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক পারভীন মাহমুদ, উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সেলিমা আহমাদ, বাংলাদেশ সিটি কান্ট্রি অফিসার রাশেদ মাকসুদ, চ্যানেল আইয়ের পরিচালক (বার্তা) শাইখ সিরাজ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আবদুল আজিজ, সিডিএফের সভাপতি মোশাররফ হোসেন প্রমুখ।
সেলিমা আহমাদের মতে, ক্ষুদ্র নারী উদ্যোক্তারা এখন মূলধারার ব্যবসা-বাণিজ্যে আসতে চান। তাঁদের সেই সুযোগ করে দিতে হবে।
শাইখ সিরাজ বলেন, ক্ষুদ্রঋণ বিতরণকারী প্রতিষ্ঠানগুলোর সদস্য না হলে ঋণ পাওয়া যায় না। এতে বিপুলসংখ্যক গরিব মানুষ এখনো ক্ষুদ্রঋণের আওতায় আসছে না।
পারভীন মাহমুদ মনে করেন, চরাঞ্চলের গরিব মানুষের জন্য শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে ক্ষুদ্রঋণ।
রাশেদ মাকসুদ বলেন, ক্ষুদ্রঋণের সুদের হার যে পর্যায়ে নামিয়ে আনা দরকার, সেই পর্যায়ে আনা সম্ভব হয়নি। তবে ক্ষুদ্রঋণের ব্যবহার নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি।
এ পুরস্কার কার্যক্রম পরিচালনা করছে সিটিব্যাংক এনএ ও বেসরকারি সংস্থা ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম (সিডিএফ)। সহযোগিতা করছে দ্য ডেইলি স্টার, চ্যানেল আই ও প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল।