গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগকে না বলেছেন বিনিয়োগকারীরা। সেখানে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর পরাজয়ের অন্যতম কারণ শেয়ারবাজারে ধস। গাজীপুরে বসবাস করেন এমন বেশ কয়েকজন বিনিয়োগকারী এমনটিই মনে করছেন। এদিকে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় আজ রোববার বাজারে ইতিবাচক প্রভাব পড়ছে বলেও মনে করছেন তাঁরা।মো. জাহাঙ্গীর আলম গাজীপুর শহরের একজন ভোটার। আট-নয় বছর ধরে শেয়ার ব্যবসা করছেন তিনি। তিনি প্রথম আলো ডটকমকে বলেন, বিনিয়োগকারীরা এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। এর আগের চার সিটি করপোরেশনের মতো গতকাল গাজীপুরের নির্বাচনেও বিনিয়োগকারীরা তা প্রমাণ করেছেন। ‘এই সরকারের আমলে শেয়ারবাজারে ভয়াবহ ধসে নিঃস্ব হয়ে বিনিয়োগকারীরা গাজীপুরের নির্বাচনে আওয়ামী লীগকে না বলেছে।’ এমন মন্তব্য তাঁর।আলমগীর হোসেন নামের আরেক বিনিয়োগকারী বলেন, শেয়ারবাজারে এসে নিঃস্ব বিনিয়োগকারীরা এই সরকারকে চান না। গাজীপুরের নির্বাচনে বিনিয়োগকারীরা বর্তমান সরকারকে উচিত শিক্ষা দিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।এদিকে গাজীপুরের সিটি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় তার প্রভাব বাজারে পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী সম্মিলিত জাতীয় ঐক্যের সাধারণ সম্পাদক আতাউল্লাহ নাইম প্রথম আলো ডটকমকে বলেন, দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি শেয়ারবাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এদিক থেকে গাজীপুরের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় বাজারে ইতিবাচক প্রভাব পড়বে। কেননা রাজনৈতিক পরিস্থিতি ভালো থাকলে বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের আস্থার জায়গা তৈরি হয়।বাংলাদেশ বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক প্রথম আলো ডটকমকে বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে ১৯৯৬ সালে শেয়ারবাজারে ধসের ঘটনা ঘটে। ২০১০-১১ সালেও এই সরকারের আমলে আবারও একই ঘটনা ঘটে। এতে নিঃস্ব হয়ে বিনিয়োগকারীরা এই সরকারের বিপরীতে অবস্থান নিয়েছেন। তারই প্রমাণ চার সিটি করপোরেশন এবং গাজীপুরের নির্বাচনে পড়েছে।ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি আহসানুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। দুই পক্ষই জনগণের রায় মেনে নিয়েছে। ফলে পুনরায় এটা নিয়ে রাজনৈতিক সমস্যা হওয়ার আশঙ্কা নেই। তিনি বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা শেয়ারবাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের রাজনৈতিক পরিস্থিতি ভালো থাকলে শেয়ারবাজারও ভালো থাকে। বিনিয়োগকারীরা আস্থা পান। তাই অন্য চার সিটির মতো গাজীপুর সিটির নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় বাজারে ইতিবাচক প্রভাব পড়বে।ডিএসই সূত্রে জানা যায়, আজ সকাল থেকেই ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন চলছে। বেলা দেড়টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ১৯ পয়েন্ট বেড়ে ৪২৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এই সময়ে ডিএসইতে লেনদেন হওয়া ২৮৭টি প্রতিষ্ঠানের মধ্যে ১৮৮টির দাম বেড়েছে, কমেছে ৮২টির আর অপরিবর্তিত রয়েছে ১৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আলোচ্য সময়ে এই স্টক এক্সচেঞ্জে ৫৮৬ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে।