'গোল্ড আনোয়ারের' বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনোয়ার হোসেন
আনোয়ার হোসেন

ফেনীর স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনের বিরুদ্ধে অনুসন্ধানে নামছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার আনোয়ারের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
দুদক সূত্র জানায়, গত সোমবার প্রথম আলোতে ‘গোল্ড আনোয়ারের টাকার খনি রূপালী ব্যাংক’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনটি আমলে নিয়ে এ-সংক্রান্ত অনুসন্ধানের নির্দেশ দেন দুদক কমিশনার (অনুসন্ধান) নাসিরউদ্দীন আহমেদ। এ প্রক্রিয়ায় ‘গোল্ড আনোয়ার’ হিসেবে পরিচিতি পাওয়া আনোয়ার হোসেনের সম্পদের অনুসন্ধান করা হবে। পাশাপাশি বাছবিচার ছাড়াই ঋণ দেওয়ার ঘটনায় রূপালী ব্যাংকের কর্মকর্তাদের অনিয়মের বিষয়ও অনুসন্ধান করা হবে।
প্রথম আলোতে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, রূপালী ব্যাংকের ফেনীর ইসলামপুর শাখা কোনো ধরনের বাছবিচার ছাড়াই ১৫১ কোটি টাকার ঋণসুবিধা দেয় আনোয়ার হোসেনকে। ১৫১ কোটি টাকার মধ্যে ৬০ কোটি টাকার ঋণ অনুমোদন দেয় ব্যাংকটির পরিচালনা পর্ষদ। বাকি ঋণের মধ্যে ৭৩ কোটি টাকা দেওয়া হয়েছে কোনো অনুমোদন ছাড়াই।
ব্যাংকটির ওই শাখায় ব্যবসায়িক ঋণগ্রহীতা মাত্র পাঁচজন। শাখার মোট ঋণ ১৫২ কোটি টাকা, যার ১৫১ কোটি টাকাই নিয়েছেন আনোয়ার হোসেন। এসব ঋণের কোনো নথিপত্রই ওই শাখায় নেই।