'গোল্ড আনোয়ারের' ঋণ এখন খেলাপি
>ফেনীতে রূপালী ব্যাংকের ইসলামপুর রোড শাখা আনোয়ার হোসেনকে দেয় ১৫১ কোটি টাকা *অনুমোদন ছাড়াই দেওয়া হয় ৮৫ কোটি টাকা * এখনো ব্যাংকটির পাওনা ৯০ কোটি টাকা
রূপালী ব্যাংক ফেনীর ইসলামপুর রোড শাখা থেকে বাছবিচার ছাড়াই আনোয়ার হোসেন নামের এক স্বর্ণ ব্যবসায়ীকে দেওয়া ঋণ খেলাপি হয়ে গেছে। অবৈধভাবে নেওয়া টাকা ধাপে ধাপে পরিশোধ করার প্রতিশ্রুতি দিলেও তাতে ব্যর্থ হয়েছেন ‘গোল্ড আনোয়ার’ নামে পরিচিতি পাওয়া এই ব্যবসায়ী। সব মিলিয়ে তাঁর কাছে ব্যাংকের পাওনা ৯০ কোটি টাকা।
এদিকে, ওই স্বর্ণ ব্যবসায়ীর বন্ধকি জমির প্রকৃত দাম মূল্যায়নে রূপালী ব্যাংকের কুমিল্লার মহাব্যবস্থাপক আলতাফ হোসেনকে প্রধান করে কমিটি করে দিয়েছে প্রধান কার্যালয়। তারা ওই ব্যবসায়ীর বন্ধকি জমির প্রকৃত মূল্যায়ন করে প্রতিবেদন জমা দেবে। রূপালী ব্যাংক সূত্রে জানা গেছে, ওই ব্যবসায়ীর জমির দাম ১০ গুণ পর্যন্ত বাড়িয়ে মূল্যায়ন করে তবেই ঋণ দেওয়া হয়েছিল।
আলতাফ হোসেন এ বিষয়ে গতকাল প্রথম আলোকে বলেন, ‘প্রধান কার্যালয় থেকে আমাকে প্রধান করে কমিটি করে দেওয়া হয়েছে। তবে এখনো কমিটিতে সার্ভেয়ার দেওয়া হয়নি। সার্ভেয়ার দেওয়ার পরই আমরা কাজ শুরু করব।’
এদিকে, আনোয়ার হোসেন সম্প্রতি প্রধান কার্যালয়ে এসে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধানের সঙ্গে দেখা করেছেন। তিনি ঋণ পরিশোধে আরও সময় চেয়েছেন। তাঁকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছে রূপালী ব্যাংক।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আনোয়ার হোসেন গত শনিবার রাতে প্রথম আলোকে বলেন, ‘অতিরিক্ত নেওয়া বেশির ভাগ টাকা ফেরত দিয়েছি। বাংলাদেশে কেউ ব্যাংক থেকে টাকা নিয়ে ফেরত দেয় না। আমি কিন্তু দিয়েছি। সৎভাবে ব্যবসা করতে চাই। ব্যাংকের কাছে আমি সুযোগ চেয়েছি। সব টাকা ফেরত দিয়ে দেব।’
আনোয়ার হোসেন আরও বলেন, ‘ঋণ নবায়ন করতে আমি আবেদন করেছি। ব্যাংক কর্তৃপক্ষ আমাকে আশ্বাস দিয়েছে। অতিরিক্ত অর্থ ফেরত দিতে আমি সময় পেয়েছি।’ জমি বিক্রি না হওয়ায় টাকা ফেরত দিতে বিলম্ব হচ্ছে বলে জানান তিনি।
একই দিন ব্যাংকটির এমডি আতাউর রহমান প্রধান এ নিয়ে প্রথম আলোকে বলেন, ‘অতিরিক্ত অর্থ পরিশোধে তাঁকে কিছু বাড়তি সময় দেওয়া হয়েছে। এ সময়ে টাকা না পেলে আইনগত সব পদক্ষেপ নেওয়া হবে। আমরা এখন পর্যন্ত টাকা আদায়ের দিকে বেশি মনোযোগ দিচ্ছি।’
রূপালী ব্যাংক সূত্রে জানা গেছে, ফেনী শহরের ৩৩ বছর বয়সী স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনকে অনুমোদন ছাড়াই অর্থায়ন করে রূপালী ব্যাংকের ইসলামপুর রোড শাখা। সব মিলিয়ে তাঁকে ১৫১ কোটি টাকা দেয় শাখাটি। এর মধ্যে ৮৫ কোটি টাকাই অনুমোদন ছাড়া। গ্রাহক পুরো অর্থ নেন স্বর্ণ ব্যবসার নামে, তবে কেনা হয় জমি। ব্যাংকটির পরিচালনা পর্ষদ ও তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম ফরিদ উদ্দিনের প্রত্যক্ষ সহায়তায় তাঁর ঋণ অনুমোদন হয়েছে। এসব ঋণ পাইয়ে দিতে সব সময় ব্যতিব্যস্ত ছিলেন ফেনীর বাসিন্দা ও ব্যাংকটির সাবেক উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) কাজী নেয়ামত উল্লাহ।
গত ২০ ও ২১ নভেম্বর ফেনী শহরের কয়েকটি ব্যাংক ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া যায়। এ নিয়ে গত ২৮ নভেম্বর প্রথম আলোতে ‘গোল্ড আনোয়ারের’ টাকার খনি রূপালী ব্যাংক! শীর্ষক সংবাদ প্রকাশিত হয়। এরপর নড়েচড়ে বসে রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়।
জানা গেছে, ১৫১ কোটি টাকার মধ্যে দেশ জুয়েলার্সের নামে নেওয়া ৮৫ কোটি টাকার পুরোটাই ছিল অবৈধ। এ অর্থ পরিশোধে কোনো আইনি ব্যবস্থা না নিয়ে তাঁকে সময় বেঁধে দেয় ব্যাংকটি। প্রথম দিকে সময় মেনে টাকা পরিশোধ করলেও এখন আর করছেন না। ফলে গত ডিসেম্বরে তাঁর হিসাবটি খেলাপি করে দিয়েছে ব্যাংক শাখা। ওই হিসাবে বর্তমানে বকেয়া রয়েছে ২৬ কোটি টাকা। আনোয়ার হোসেনের আরেকটি প্রতিষ্ঠান রূপসী জুয়েলার্সের কাছে পাওনা ৬৪ কোটি টাকা। ফলে সব মিলিয়ে তাঁর কাছে পাওনা হয়েছে ৯০ কোটি টাকা।
ফেনীর ইসলামপুর রোডের শাখাটিতে গ্রাহক বলতে আনোয়ার হোসেনই। অন্য গ্রাহকদের ঋণ মাত্র ১ কোটি টাকা। ফলে আনোয়ার হোসেনের কারণে ব্যাংকের শাখাটিও ঝুঁকিতে পড়েছে।