'গোল্ড ব্যাংক' স্থাপনের দাবি ব্যবসায়ীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে বসেই আন্তর্জাতিক দর অনুযায়ী বৈধভাবে সোনা কিনতে চান জুয়েলার্স ব্যবসায়ীরা। সে জন্য সরকারের কাছে গোল্ড ব্যাংক স্থাপনের দাবি করেছেন তাঁরা, যাতে করে ব্যবসায়ীদের পাশাপাশি ক্রেতারাও সেই ব্যাংকের মাধ্যমে সোনা ক্রয়-বিক্রয় ও বন্ধক রাখতে পারেন।

বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে গোল্ড ব্যাংক স্থাপনের দাবি করেন সংগঠনের নেতারা। রাজধানীর পুলিশ কনভেনশন হলে গত মঙ্গলবার রাতে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম। অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুয়েলার্স সমিতির সভাপতি গঙ্গা চরণ মালাকার। গতকাল বুধবার সমিতির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

অনুষ্ঠানে এইচ টি ইমাম বলেন, স্বর্ণশিল্পের উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরনের সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হবে। গোল্ড ব্যাংক স্থাপনের জন্য সরকারকে বিশেষ অনুরোধ করবেন বলেও জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।

দাবির বিষয়ে জানতে চাইলে সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, সরকার যেকোনো ব্যাংককে দায়িত্ব দিয়েই ‘গোল্ড ব্যাংক’ করতে পারে। ক্রেতাদের জন্যও এটি খুব দরকার। কারণ, জমি ও ফ্ল্যাট ছাড়া এখন সাধারণ মানুষের সামনে বিনিয়োগের কোনো লাভজনক মাধ্যম নেই।

অভিষেক অনুষ্ঠানে রাজধানীর আশপাশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে জুয়েলার্স ব্যবসায়ীদের কারখানা স্থাপনের জন্য প্লট বরাদ্দ চান সমিতির নেতারা।

এ বিষয়ে দিলীপ কুমার আগরওয়ালা প্রথম আলোকে বলেন, ঢাকার জুয়েলার্সগুলোর অধিকাংশ কারখানা পুরান ঢাকার তাঁতীবাজারে। সেখানে ঘিঞ্জি এলাকায় লাখ লাখ স্বর্ণশিল্পী খুবই মানবেতর জীবন যাপন করেন। তাঁদের উন্নত কর্মপরিবেশ দিতে হলে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সোনা ও জুয়েলার্স ব্যবসায়ীদের অন্তর্ভুক্ত করা জরুরি।