‘গ্রামীণফোনের লাইসেন্স বাতিলের ইচ্ছা নেই’
গ্রামীণফোনের লাইসেন্স বাতিলের কোনো ইচ্ছাই সরকারের নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।সচিবালয়ে গতকাল সোমবার ‘বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদ’-এর নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন।গ্রামীণফোন কর্তৃপক্ষের উদ্দেশে অর্থমন্ত্রী বলেন, ‘আমি মনে করি, এ ব্যাপারে তাদের দুশ্চিন্তা না করার জন্য আমার এই বক্তব্যই যথেষ্ট।’এর আগে গতকাল দুপুরে গ্রামীণফোনের অংশীদার টেলিনরের এশীয় অঞ্চলের প্রধান সিগভে ব্রেক্কে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।বৈঠকের আলোচনা প্রসঙ্গে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘থ্রিজি লাইসেন্স ফি ও গ্রামীণফোন নিয়ে গ্রামীণ কমিশনের প্রতিবেদন নিয়ে আলোচনা হয়েছে। গ্রামীণ কমিশনের প্রতিবেদনের বিষয়ে তারা অখুশি। তবে এই বলে আমি তাদের আশ্বস্ত করেছি যে, গ্রামীণফোনের লাইসেন্স বাতিলের কোনো ইচ্ছাই সরকারের নেই।’ এদিকে, আগামী বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য স্থায়ী ‘পে অ্যান্ড সার্ভিসেস কমিশন’ গঠন করা হবে বলে জানান অর্থমন্ত্রী। বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদের সাত দফা দাবির কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘তাদের বড় দাবি হচ্ছে মহার্ঘ ভাতা। আগেই বলেছি, আমার বাজেটে এটা নেই। তবে স্বীকার করি, তাদের দাবি যৌক্তিক।’ বাড়ি নির্মাণ বা জমি কেনার জন্য বর্তমানে তারা এক লাখ ২০ হাজার টাকা করে পান—এ কথা উল্লেখ করে বর্তমান বাস্তবতায় টাকার এ পরিমাণকে অর্থমন্ত্রী ‘হাস্যকর’ বলে মন্তব্য করেন।অর্থমন্ত্রী বলেন, জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সংগতি রেখে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা নির্ধারণ করা একটি জটিল বিষয়। স্থায়ী পে অ্যান্ড সার্ভিসেস কমিশন গঠিত হলে সব সময়ই কাজ করবে, সরকারকে সুপারিশ দেবে। সুপারিশ বাস্তবায়নের দায়িত্ব সরকারের।সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা বাড়ানোসংক্রান্ত প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমামের সুপারিশ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘এসব সুপারিশ স্থায়ী কমিশনে পাঠিয়ে দেওয়া হবে।’বিচারকদের বেতন স্কেল বাড়িয়ে নতুন আদেশ জারি করা হয়েছে গত রোববার। সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা এ বিষয়টি অর্থমন্ত্রীর সামনে তুলে ধরলে তিনি বলেন, ‘তাদের বিষয়টির সঙ্গে জজদের বিষয়টির একটি পার্থক্য রয়েছে। জজদের তো অন্য কোনো আয় নাই। কিন্তু বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের নানা ধরনের আয় বা সুবিধা আছে। হয়তো অর্থমন্ত্রণালয়ে যারা আছেন তারা এক ধরনের সুবিধা পান।অন্য মন্ত্রণালয়ের লোকেরা আবার পান অন্য ধরনের সুবিধা।’