'চাপে রাখতে চান ট্যানারি মালিকেরা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টিপু সুলতান
টিপু সুলতান

প্রথম আলো: বেঁধে দেওয়া দরের চেয়ে বেশি দামে এবার চামড়ার বেচাকেনা হলো। এ নিয়ে কি জটিলতা হতে পারে?
টিপু সুলতান: প্রতিটি কোরবানির ঈদের পরই ট্যানারি মালিকেরা বসে সিদ্ধান্ত নেন, তাঁরা কত দামে আমাদের কাছ থেকে চামড়া কিনবেন। আমরাও বসে ঠিক করি, কত দামে আমাদের চামড়াটা বিক্রি করব। আগামী শনিবার আমরা বসব। চামড়া সংগ্রহ, সেটা পোস্তায় আনা পর্যন্ত খরচ, গাড়ি থেকে চামড়া ওঠানো-নামানোর খরচ, সংরক্ষণ খরচ, গুদাম ভাড়া এবং কিছু মুনাফা রেখেই আমাদের চামড়া বিক্রি করতে হয়। কিন্তু ট্যানারি মালিকেরা সেই দামটা সব সময় দিতে চান না। তাঁরা আমাদের চাপে রাখতে চান। তাঁরা কিন্তু সব চামড়াই কিনবেন। চাপে ফেলে কম দামে চামড়া কেনা তাঁদের একটা কৌশল। তাঁরা সব সময়ই সেটা করেন।
প্রথম আলো: পোস্তায় কী পরিমাণ চামড়া এসেছে। এখনকার চিত্র কেমন?
টিপু সুলতান: ঢাকার প্রায় সাড়ে তিন লাখ চামড়া ইতিমধ্যেই পোস্তার গুদামগুলোতে সংরক্ষণ করা হচ্ছে। আগামী রবি-সোমবার থেকে দেশের প্রত্যন্ত অঞ্চলের চামড়া এখানে আসতে থাকবে। এর মধ্যেই ঢাকার চামড়া বিক্রি হয়ে যাবে। বিভিন্ন স্থানের ব্যাপারীরা আমাদের জিজ্ঞেস করছেন, গুদাম খালি আছে কি না। কারণ, তাঁরা চামড়া নিয়ে আসতে চান। এর আগেই তো গুদাম খালি করতে হবে।
প্রথম আলো: এবার চামড়া নষ্ট হওয়ার আশঙ্কা আছে কি না?
টিপু সুলতান: ১০ থেকে ১২ ঘণ্টার মধ্যে চামড়া সংরক্ষণ না করলে চামড়া নষ্ট হয়ে যায় (পশম উঠে যায়)। এ অবস্থায় চামড়ার দাম হয়ে যায় অর্ধেক। চামড়া পচনশীল পণ্য। আমরা আগে থেকেই মাঠপর্যায়ে নির্দেশ দিয়েছিলাম লোকবল বাড়ানোর জন্য। কিন্তু সবাই তা করেননি। আমাদের ধারণা, গত বছরের মতো এবারও ১০ থেকে ১৫ শতাংশ চামড়া নষ্ট হতে পারে। তবে গত বছর রাস্তাঘাটে যেমন চামড়া পড়ে ছিল, এবার তা দেখা যায়নি। এবার গুদামে চামড়া সংরক্ষণ করা হয়েছে।
প্রথম আলো: প্রতিবছরই কোরবানির পর চামড়া নিয়ে ট্যানারি মালিক ও আড়তদারেরা মুখোমুখি অবস্থানে থাকেন। কেন বারবার এমনটা হয়?
টিপু সুলতান: প্রতিবছরই আমরা সিদ্ধান্ত নিই একভাবে, বাস্তবে কাজ হয় আরেকভাবে। এবার চামড়ার দাম ৭৫ টাকা ঠিক করা হলো, কিন্তু দেখা গেল কেনা হয়েছে ১০০ টাকায়। অনেক ট্যানারি মালিকও ১০০ থেকে ১১৫ টাকায় চামড়া কিনেছেন। এখন তাঁরা বলছেন, বেশি দামের চামড়া তাঁরা কিনবেন না। তাহলে ৭৫ টাকা নির্ধারণ করা হলো কেন? চামড়া যে দামে কেনা হবে, সেই দামটাই যদি ঠিক করে দেওয়া হতো এবং বলা হতো এর বেশি দাম হলে কোনো চামড়াই কেনা হবে না, তাহলে সমস্যা কম হতো। ট্যানারি মালিকেরা চামড়া রপ্তানি করেন। তাঁরা মনে করেন, তাঁরাই সবকিছু। আবার আমরা কাঁচা চামড়ার জোগান দিই। আমরা মনে করি, আমরাই সবকিছু। এ কারণেও সমস্যা হয়। চামড়া নিয়ে সবাই মিলেমিশে কাজ করা উচিত।

টিপু সুলতান
মহাসচিব, বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্টস অ্যাসোসিয়েশন

[সাক্ষাৎকার নিয়েছেন আবুল হাসনাত]