কারখানা পরিদর্শন কিংবা তদারকির ক্ষেত্রে জনবল স্বল্পতার অজুহাত না দেখিয়ে কর্মকর্তাদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মো. মজিবুল হক চুন্নু।
প্রতিমন্ত্রী বলেছেন, ‘রানা প্লাজার কারখানাগুলোর লে-আউট দেওয়ার পর চার বছরে কারখানা পরিদর্শকেরা সেখান যাননি। এই সময়ে অনুমতি না নিয়ে কারখানার মালিকেরা ভারী যন্ত্রপাতি স্থাপন করেন। আমি সংশ্লিষ্ট দুই কর্মকর্তাকে ডেকে জানতে চেয়েছিলাম। তখন তাঁরা বলেছেন, লোকবলের সংকটের কারণে যেতে পারেননি। কিন্তু তাঁদেরই দেওয়া তথ্য অনুযায়ী সেখানকার ৫০০ কারখানার বিপরীতে ১০ জন কর্মকর্তা, আর কর্মদিবস হিসাব করে দেখা গেল, ছয় মাসে একটি কারখানায় যেতে পারেন কারখানা পরিদর্শক।’
মজিবুল হক বলেন, ‘জনবল কম একটা বাহানা। কারখানা পরিদর্শকেরা যদি নিয়মিত কারখানায় যেতেন ও মালিকদের সঙ্গে কথা বলতেন তাহলে হয়তো এত বড় দুর্ঘটনা ঘটত না।’ কর্মকর্তাদের উদ্দেশ্যে মজিবুল হক বলেন, ‘দেশে অনেক ভালো ভালো আইন আছে। কিন্তু ইমপ্লিমেন্টশন (বাস্তবায়ন) নেই। অনেক মানুষ সেই সব আইনের কথা জানেও না। তবে মালিক ও শ্রমিকদের মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধি করেন, দেখবেন আইন আপনাআপনি বাস্তবায়িত হবে।’
রাজধানীর একটি হোটেলে গতকাল বুধবার আয়োজিত সংশোধিত শ্রম আইন বিষয়ে দুই দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে শ্রম প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এই প্রশিক্ষণে অংশ নিয়েছেন শ্রম অধিদপ্তরের ৩০ জন কর্মকর্তা।
কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী মুজিবুল হক বলেন, ‘প্রশিক্ষণ নিতে এসেছেন, নেন। ভালো কথা। তবে আল্লাহর ওয়াস্তে দায়িত্ব পালন করেন। শ্রম আইন মুখস্থ করে কোনো লাভ নেই। দায়িত্ব পালন করেন। বাস্তবায়ন করেন। আমাদের মালিক ও শ্রমিক উভয়েই ভালো। শুধু দুই পক্ষের মধ্যে একটু মিলমিশ করে দিলেই হয়।’
অনুষ্ঠানে শ্রমসচিব মিকাইল শিপার বলেন, ‘সরকার চায় প্রতিটি শ্রমিক ট্রেড ইউনিয়নের (শ্রম সংগঠন) অধীনে আসুক। আপনাদের উচিত ছিল এ বিষয়ে শ্রমিকদের উদ্বুদ্ধ করা। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, বাইরের লোকজন এসে তাদের উৎসাহিত করে ফায়দা নিচ্ছে।’ তিনি বলেন, ‘এত দিন যা করেছেন, তার থেকে ওপরে ওঠে আসতে হবে। ইতিমধ্যে আপনাদের কিছু কাজ সরকারকে বেকায়দায় ফেলেছে, প্রায়ই এ-সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে হচ্ছে।’
শ্রমসচিব জানান, বিভিন্ন কারখানায় এখন পর্যন্ত ১০০-এর বেশি ট্রেড ইউনিয়ন হয়েছে। এর মধ্যে ৮০টিতে কোনো সমস্যা হয়নি। তবে ২০টিতে নানারকম ঝামেলা হচ্ছে। শ্রম অধিদপ্তরকে উন্নত করার প্রক্রিয়া শুরু হয়েছে। একই সঙ্গে কর্মকর্তাদের দীর্ঘদিনের পদোন্নতির বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম বলেন, ‘আমরা সব সময়ই ট্রেড ইউনিয়নকে
স্বাগতম জানাই। তবে সেটি অবশ্যই আইন অনুযায়ী বিধি মোতাবেক হতে হবে।’
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) এ দেশীয় পরিচালক শ্রীনিবাস রেড্ডি বলেন, ‘সরকার যদি শ্রমিকদের অধিকার রক্ষায় যথাযথ পদক্ষেপ নিয়ে বাস্তবায়ন করে এবং আন্তর্জাতিক শ্রমমান নিশ্চিত করে তবে সবার মধ্যে আস্থা তৈরি হবে। তাহলে ব্যবসা বাড়বে, একই সঙ্গে কর্মসংস্থানও বৃদ্ধি পাবে।’ ইতিমধ্যে সরকার বেশ কিছু পদক্ষেপ নেওয়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি।
অধিদপ্তরের সহযোগিতায় কর্মকর্তাদের এই প্রশিক্ষণ কর্মশালাটি আয়োজন করেছে আইএলও। অর্থায়ন করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের লেবার ডিপার্টমেন্ট। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রম অধিদপ্তরের পরিচালক আবু সাঈদ মো. খোরশিদুল আলম।