'জিপি কৃষিসেবা' আনল গ্রামীণফোন
কৃষকদের জন্য ‘জিপি কৃষিসেবা’ ২৭৬৭৬ উদ্বোধন করেছে মোবাইল অপারেটর গ্রামীণফোন। রাজধানীর একটি হোটেলে গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে কৃষিভিত্তিক এ সেবার উদ্বোধন করা হয়।
মুঠোফোনে পরামর্শসেবার মাধ্যমে কৃষকদের তথ্যগত সহায়তা দেওয়া হবে এ সেবায়। এ সেবা ব্যবহার করে কৃষকেরা মূলত শস্য উৎপাদন, শাকসবজি, মৎস্য চাষ, গবাদিপশু পালন ও পুষ্টিসহ পাঁচ রকমের কৃষি তথ্য পাবেন।
অনুষ্ঠানে জানানো হয়, জিপি কৃষিসেবায় কৃষক যে অঞ্চলে অবস্থান করছেন, সেই অঞ্চলের সঙ্গে মিল রেখে কৃষি তথ্য দেওয়া হবে। এই সেবা পেতে কৃষককে তাঁর এলাকা ও পছন্দের শস্য, মাছ, গবাদিপশুর নাম দিয়ে নিবন্ধন করতে হবে। একজন কৃষক সর্বোচ্চ তিন রকমের সেবা বেছে নিতে পারবেন।
শস্য বর্ষপঞ্জি ও ঋতুর সঙ্গে সামঞ্জস্য রেখে কৃষকদের এ সেবার মাধ্যমে তথ্য দেওয়া হবে। খুলনা অঞ্চলের কোনো কৃষক যদি তাঁর এলাকার আবহাওয়া অনুযায়ী তেলাপিয়া মাছ চাষের তথ্য জানতে চান, তাহলে তাঁকে সেভাবেই বর্ষপঞ্জি অনুযায়ী তথ্য দেওয়া হবে। এই তথ্য হবে আইভিআর (ইন্টারঅ্যাকটিভ রেসপন্স) ও ভয়েস মেসেজভিত্তিক যা মোবাইল ফোনে শোনা যাবে। এ সেবা পেতে প্রতি সপ্তাহে খরচ পাঁচ টাকা।
কৃষকেরা এ সেবার মাধ্যমে সরাসরি কলসেন্টারে ফোন করে কৃষি বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলতে পারবেন প্রতি মিনিট তিন টাকা করে। এই সেবার জন্য নিবন্ধিত গ্রাহকেরা যেকোনো অপারেটরে এক পয়সা সেকেন্ডে কল করতে পারবেন।
অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা ইয়াসির আজমান, প্রধান করপোরেট অ্যাফেয়ার্স কর্মকর্তা মাহমুদ হোসেন, হেড অব কমিউনিকেশন নেহাল আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কৃষিসেবার পরীক্ষামূলক পর্যায়ে প্রায় ১২ হাজার কৃষক এ সেবা নেওয়ার জন্য নিবন্ধন করেছেন। জিপি কৃষিসেবায় কনটেন্ট পরামর্শক হিসেবে মোবাইল অপারেটরদের বৈশ্বিক সংগঠন জিএসএমএ ও কনটেন্ট পার্টনার হিসেবে উইনমিয়াকি কাজ করেছে।