'ঝুঁকিপূর্ণ দেশ' হওয়ার আশঙ্কা বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সাম্প্রতিক অস্থিরতায় বাংলাদেশের আবারও ‘ঝুঁকিপূর্ণ দেশ’-এর তালিকায় যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এশিয়া প্যাসিফিক গ্রুপ অন মানি লন্ডারিংয়ের (এপিজি) ১৯তম বার্ষিক সভা বাতিল হওয়ায় এই আশঙ্কা প্রকট হচ্ছে। ২৩-২৮ জুলাই ঢাকায় এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সভাটি আয়োজনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছিল বাংলাদেশ ব্যাংক। গত সোমবার এ সভা বাতিলের ঘোষণা দেয় এপিজি। এতে ঝুঁকির পাশাপাশি আর্থিক ক্ষতিতেও পড়তে হয়েছে বাংলাদেশ ব্যাংককে।
এপিজি হচ্ছে ‘অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন’ বিষয়ে মানদণ্ড নির্ধারণকারী এশিয়া অঞ্চলের সংস্থা। বাংলাদেশ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় যাবে কি না, তা নির্ধারিত হবে এপিজির বার্ষিক সভাতেই। ২৩-২৮ জুলাই রাজধানীর র্যাডিসন ব্লু হোটেলে এপিজির বার্ষিক সম্মেলনের পাশাপাশি কারিগরি সহায়তা ও প্রশিক্ষণ হওয়ার কথা ছিল। এর মধ্যে ২৩ জুলাই প্রাক্-উদ্বোধনী সভা এবং ২৪ জুলাই নির্ধারিত ছিল গ্রুপ সভার জন্য। ২৫ থেকে ২৮ জুলাই ছিল মূল আয়োজন। এ জন্য কেন্দ্রীয় ব্যাংক নিজস্ব তহবিল থেকে পাঁচ কোটি টাকা বরাদ্দও রাখে।
গতকাল মঙ্গলবার র্যাডিসন ব্লু হোটেল কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশ ব্যাংক ২৩ থেকে ২৮ জুলাই পর্যন্ত সব বুকিং বাতিল করেছে। এদিকে, সম্মেলন উপলক্ষে রিজেন্সি ও লা মেরিডিয়ান হোটেলের বুকিংও বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক।
জানা গেছে, অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়নের ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ১১টি মানদণ্ড রয়েছে। এ ১১টি মানদণ্ডের মধ্যে যদি কোনো দেশ ৯ বা তার অধিক মানদণ্ডে ‘নিম্ন ও মধ্যম মানে’ থাকে, তাহলে ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে ইন্টারন্যাশনাল কো-অপারেশন রিভিউ গ্রুপ (আইসিআরজি) ভুক্ত হবে। আর যদি কোনো দেশ ৮ বা তার কম মানদণ্ডে ‘নিম্ন ও মধ্যম মানে’ থাকে, তাহলে সে ক্ষেত্রে দেশটি বিশ্বজনীন আন্তসরকার সংস্থা ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্কফোর্সের (এফএটিএফ) মানদণ্ড পূর্ণভাবে বাস্তবায়নকারী দেশের তালিকায় চলে যায়। বাংলাদেশ ২০১৪ সালের ১৭ ফেব্রুয়ারি আইসিআরজি প্রক্রিয়া থেকে বের হয়ে এফএটিএফ পূর্ণভাবে বাস্তবায়নকারী দেশের তালিকাভুক্ত হয়। প্রতিবেশী দেশ ভারতও এফএটিএফভুক্ত দেশ।
এপিজির খসড়া মূল্যায়ন প্রতিবেদনে বার্তা দেওয়া আছে যে বাংলাদেশ আবারও ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় যাচ্ছে। এপিজির বার্ষিক সভার আগে ন্যূনতম আরও দুটি মানদণ্ডে উন্নতি করতে পারলে ‘ঝুঁকিপূর্ণ দেশ’ হিসেবে তালিকাভুক্ত হতে হবে না বাংলাদেশকে। যদি ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে তালিকাভুক্ত হয়ে যায়, সে ক্ষেত্রে আন্তর্জাতিক বাণিজ্য, বিদেশি বিনিয়োগসহ নানা ক্ষেত্রে ক্ষতির মুখে পড়তে হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। প্রচলিত সাধারণ নিয়মে, বিশ্বের কোনো দেশ আইসিআরজি প্রক্রিয়াভুক্ত থাকলে আন্তর্জাতিক আমদানি-রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে সেই দেশটির ঋণপত্র বা এলসি (লেটার অব ক্রেডিট) খরচ বেড়ে যায়। এ ছাড়া বিদেশি বিনিয়োগের ক্ষেত্রেও তা নেতিবাচক প্রভাব ফেলে। এপিজির তৃতীয় পর্বের খসড়া মূল্যায়ন প্রতিবেদন অনুযায়ী, অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন-সংক্রান্ত ১১টি মানদণ্ডের মধ্যে বর্তমানে বাংলাদেশ একটি বাদে বাকি সব কটিতে নিম্ন ও মধ্যম মানে রয়েছে।
তবে কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) মহাব্যবস্থাপক দেবপ্রসাদ দেবনাথ প্রথম আলোকে বলেন, ‘সাম্প্রতিক ঘটনা ও এপিজির সভা বাতিলের কোনো প্রভাব আমাদের রেটিংয়ে পড়বে না। তবে বাংলাদেশে সভাটি হলে আমরা বেশি জনবল নিয়ে মতামত তুলে ধরার সুযোগ পেতাম। এপিজি চূড়ান্ত প্রতিবেদনের খসড়া তৈরি করেছে, তা সভায় উপস্থাপন করে গৃহীত হবে।’ দেবপ্রসাদ দেবনাথ আরও বলেন, ‘সভায় গৃহীত প্রতিবেদনের বিষয়ে আমাদের বক্তব্য দেওয়ার সুযোগ থাকবে। আগামী সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে এ সভা অনুষ্ঠিত হবে। ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় না যেতে কাজ করে যাচ্ছি আমরা।’