'টিকফা স্বাক্ষরে দেরিই হয়েছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তি (টিকফা) সই করতে তাড়াহুড়া তো নয়ই, বরং দেরি হয়ে গেছে বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের।
বাণিজ্যমন্ত্রী জানান, মন্ত্রিসভায় অনুমোদনের পর গত জুলাইয়েই এটি হওয়ার কথা ছিল। প্রক্রিয়া শেষ করতে করতে বরং সময়ক্ষেপণ হয়েছে।
সচিবালয়ে গতকাল মঙ্গলবার টিকফা সই উপলক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মূর্তজা রেজা চৌধুরী ও যুগ্ম সচিব শওকত আলী ওয়ারেছী এ সময় উপস্থিত ছিলেন।
আগের দিন সোমবার বাংলাদেশ সময় রাত সোয়া নয়টায় যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) কার্যালয়ে স্বাক্ষরিত হয় টিকফা।
চুক্তি হতে দেরির জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে কিছুটা দায়ী করেন বাণিজ্যমন্ত্রী। তবে তিনি জানান, ২০০২ সাল থেকে দীর্ঘদিনের আলোচনা, বিশেষজ্ঞদের মতামত এবং সব শেষে মন্ত্রিসভার অনুমোদনের পরই টিকফা সই হয়েছে।
যুক্তরাষ্ট্র ছাড়াও ৪১টি দেশের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় চুক্তি রয়েছে উল্লেখ করেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ভুটান ছাড়া সব দেশের সঙ্গে একই ধরনের চুক্তি রয়েছে যুক্তরাষ্ট্রের।
বাণিজ্যমন্ত্রী বলেন, ২০০২ থেকে প্রতিটি সরকার টিকফা নিয়ে আলোচনা করেছে। বিষয়টি এক সরকার যেখানে রেখে গেছে, পরের সরকার সেখান থেকে শুরু করেছে। এটি নিতান্তই সদুদ্দেশে করা হয়েছে।
জনাব কাদের বলেন, ‘এই চুক্তি বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্টের কোনো কারণ হতে পারে না। অনেকে প্রশ্ন তুলছেন, এত বড় দেশের সঙ্গে চুক্তি হয়েছে যে দর-কষাকষিতে আমরা তাদের সঙ্গে পারব কি না। আমি তা মানতে চাই না। দেশের স্বার্থরক্ষা করে দক্ষতার সঙ্গেই আমরা রাষ্ট্র পরিচালনা করছি। আর, এত বড় দেশ...ভারতও তো বড় দেশ। ভারতের সঙ্গেও তো আমাদের চুক্তি রয়েছে।’
বাণিজ্যমন্ত্রী বলেন, একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের প্রধান গন্তব্যস্থল। গত জুনে যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের অগ্রাধিকারমূলক বাণিজ্যসুবিধা (জিএসপি) বাতিল করলেও দেশটিতে বাজার প্রবেশাধিকার নিয়ে টিকফা সইয়ের পরপরই গত সোমবার আলোচনা হয়েছে।
আগামী জানুয়ারিতে ঢাকায় টিকফা ফোরামের প্রথম বৈঠক অনুষ্ঠানের কথা জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, জিএসপি বহালের দাবিসহ যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য রপ্তানিতে শুল্কহার কমানোর বিষয়েও তখন আলোচনা হবে।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘টিকফার বিরোধিতা করার কিছু নেই। যাঁরা বিরোধিতা করছেন, তাঁদের দেশপ্রেম নিয়েও সন্দেহ নেই আমার। কিন্তু কোথাও একটা ভুল করছেন তাঁরা। টিকফায় লাভবান হবে বাংলাদেশই।
সংবাদ সম্মেলন চলার সময় বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে টিকফার অনুলিপি সাংবাদিকদের সরবরাহ করা হয়। এদিকে, ইউএসটিআর গতকালই বাংলা ও ইংরেজি ভাষায় হওয়া চুক্তির অনুলিপি দিয়েছে ওয়েবসাইটে।
যে সময়ে রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে, নির্বাচনে সব দল অংশ নেবে কি নেবে না ঠিক নেই, যেনতেন প্রকারের নির্বাচন হলে সরকারের দরকার আন্তর্জাতিক সমর্থন, ঠিক সেই সময়ে টিকফা সই করার উদ্দেশ্য কি যুক্তরাষ্ট্রের কাছ থেকে কোনো সমর্থন পাওয়ার প্রত্যাশায়?—এমন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘না, চুক্তি সইয়ের তারিখ আগেই নির্ধারিত হয়েছে। আমি তো আর জানতাম না যে একই দিনে নির্বাচনী তফসিল ঘোষিত হবে।’
বলা হয়ে থাকে যে যুক্তরাষ্ট্র যার বন্ধু, তার শত্রুর দরকার হয় না। আবার, চুক্তির প্রথম আগ্রহ ব্যক্ত করেছিল যুক্তরাষ্ট্র। দেশটি কেন এত আগ্রহী, তা কি বিশ্লেষণ করা হয়েছে?—এই প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্র যার বন্ধু, তার শত্রুর দরকার হয় না, এটা আমার দর্শন নয়। আমি মনে করি, যুক্তরাষ্ট্র সম্পদশালী একটি দেশ এবং তাদের সঙ্গে বাণিজ্য বৃদ্ধির সুযোগ রয়েছে। আর টিকফা হলো স্রেফ একটি বাণিজ্য চুক্তি।’
টিকফা সইয়ের আইনগত বৈধতা আছে কি না, জানতে চাইলে জনাব কাদের বলেন, ‘এ ক্ষেত্রে কোনো রাজনৈতিক বিষয় কাজ করেনি। আইনগত বৈধতার বিষয়টি আমি ঠিক বলতে পারব না। মন্ত্রিসভা তো অনুমোদন দিয়েছে জুন মাসেই। এটি নিতান্তই নির্দোষ চুক্তি।’
ইউএসটিআরের তথ্য অনুযায়ী, ২০১২ সালে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য হয়েছে ৫৪০ কোটি ডলারের পণ্য। এর মধ্যে বাংলাদেশ রপ্তানি করেছে ৪৯০ কোটি ডলারের পণ্য। যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ আমদানি করেছে ৫০ কোটি ডলারের পণ্য। বাণিজ্য ৪৪০ কোটি ডলারের উদ্বৃত্ত বাংলাদেশের অনুকূলে।