'ট্রানজিটে আমরা সবাই লাভবান হব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাসকিন আহমেদ
তাসকিন আহমেদ

ট্রানজিট, বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক, ভিসাসহ ভারতের সঙ্গে সম্পর্কিত নানা বিষয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) নবনির্বাচিত সভাপতি তাসকিন আহমেদ
প্রথম আলো : বাংলাদেশ-ভারত বাণিজ্যিক সম্পর্ক কেমন? বিদ্যমান সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে ট্রানজিট কীভাবে সহায়ক হতে পারে?
তাসকিন আহমেদ : দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক ঐতিহাসিকভাবেই ভালো। অনেক কাঁচামাল ভারত থেকে আমদানি করতে হয়। ভারত নিকটতম প্রতিবেশী, এখান থেকে পণ্য আনলে খরচ কম পড়ে। তবে দেশটির সঙ্গে আরও ভালো বাণিজ্য হওয়ার সুযোগ রয়েছে। সে ক্ষেত্রেই আসছে ট্রানজিটের প্রশ্ন। আমাদের ভৌগোলিক অবস্থান এমন জায়গায় যে, আমরা সৌভাগ্যবান। তিন দিকে ভারত ও এক দিকে সমুদ্র। সঙ্গে নেপাল, ভুটানও আছে। সে কারণেই নতুন করে নেওয়া হয়েছে বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল (বিবিআইএন) উদ্যোগ। চার দেশীয় এ উদ্যোগ বাস্তবায়িত হলে আমরা সবাই লাভবান হব।
প্রথম আলো: সবার লাভ তো আর সমান হবে না; যেমন-ভারতের লাভ বেশি হতে পারে।
তাসকিন আহমেদ: দেখুন, বিশ্ব বাণিজ্য ব্যবস্থা এখন বদলে গেছে। রাজনৈতিক বিশ্বের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখন অর্থনৈতিক বিশ্ব। ভারতে যাই আমরা নিজেদের প্রয়োজনে। ট্রানজিট পুরোপুরি চালু হলে আমাদেরই সুযোগ বাড়বে। একসময় সিঙ্গাপুরের তেমন কিছুই ছিল না। বন্দর ব্যবহার করে তারা আজ উন্নত দেশ। চট্টগ্রাম, মংলা ও পায়রা বন্দরের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে আমরাও অনেক কিছু পারি। প্রশ্ন হচ্ছে, আমরা চাই কি না। তবে বিবিআইএন কাঠামো নিয়ে সরকার যে কাজ করছে, তা অবশ্যই প্রশংসনীয়। ভারত আমাদের কাছে পণ্য বিক্রি করে লাভবান, আমরাও লাভবান ভারত থেকে পণ্য কিনে।

প্রথম আলো: উভয়ই যদি লাভবান হই, তাহলে ট্রানজিটের জন্য যে অবকাঠামো উন্নয়ন করতে হবে এবং সে জন্য যে বিপুল অঙ্কের টাকা বিনিয়োগ করতে হবে, তাও তো উভয়েরই করা উচিত।
তাসকিন আহমেদ: অবকাঠামো উন্নয়নের জন্য টাকা কোনো বিষয় না। সরকারের সদিচ্ছা থাকলে তা সম্ভব। পদ্মা সেতু কি আমরা নিজেদের টাকায় তৈরি করছি না? বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক তো অবকাঠামো উন্নয়নের জন্য টাকা নিয়ে দাঁড়িয়ে আছে। বাংলাদেশ-ভারতকে এ জন্য কত টাকা বিনিয়োগ করতে হবে, সেটাই হচ্ছে আসল। এটা নিয়ে দর-কষাকষি হতে পারে। আশার কথা যে, ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি ও অবকাঠামো উন্নয়ন নিয়ে যেকোনো সময়ের তুলনায় সরকার এখন খুব মনোযোগী।
প্রথম আলো: এক লাখ কোটি টাকা নিয়ে ব্যাংক খাত বসে আছে। অন্যদিকে, বিদেশি বিনিয়োগ তেমন নেই, ভারতীয় বিনিয়োগও নেই। এই পরিস্থিতি কেন?
তাসকিন আহমেদ: সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে কথা তুললেন। কী বলব, বিনিয়োগকারীদের মনে সব সময় একটা ভীতি কাজ করছে। বিনিয়োগে দেশের মানুষই আস্থা পাচ্ছে না, বিদেশিরা তো পাবেনই না। তবে আশার কথা যে, বাংলাদেশে জুতা উৎপাদনে ভারত যৌথ বিনিয়োগে আগ্রহী হয়েছে। আমরাও ভারতে যৌথ বিনিয়োগে আগ্রহী। বিশ্বের যে প্রান্তে যে বাংলাদেশিই থাকুন না কেন, বাংলাদেশের জন্য ব্র্যান্ডিং করতে হবে।
প্রথম আলো: বিবিআইএনের কথা বলছিলেন...
তাসকিন আহমেদ: বিবিআইএন মূলত উপ-আঞ্চলিক সহযোগিতার উদ্যোগ। এটা নিয়ে চার দেশের সরকারই ভালোভাবে কাজ করছে। আগামী এক থেকে দুই বছরের মধ্যে আশা করছি, এর সুফল দেখতে পাওয়া যাবে।
প্রথম আলো : একসময় বলা হতো, ট্রানজিট হলে ভারতের উত্তর-পূর্ব অংশের সাত রাজ্যে (সেভেন সিস্টারস খ্যাত) বিপুল পরিমাণ বাংলাদেশি পণ্য রপ্তানি করা যাবে। এখন বলা হয়, ট্রানজিট হলে মূল ভূখণ্ড থেকে সাত রাজ্যে পণ্য নিয়ে যাবে ভারত। অর্থাৎ বাংলাদেশ-ভারতের পরিবর্তে ফোকাসটি হয়ে গেল ভারত-ভারত। কারণ কী?
তাসকিন আহমেদ: না, ভারত তো নিজের দেশ হিসেবে এভাবে ভাববেই। তবে আমাদের সুযোগও বন্ধ থাকবে না। এখন যেমন ভারতের সাত রাজ্যে বাংলাদেশি পণ্য যাচ্ছে, তখন আরও বেশি যাবে। ভারতের মূল ভূখণ্ড থেকে রাজ্যগুলোর দূরত্ব ৩ থেকে সাড়ে ৩ হাজার কিলোমিটার। ট্রানজিট চালু হলে তা কমে আসবে ৫০০-৬০০ কিলোমিটারে। দূরত্ব কমার এই সুবিধাটা বাংলাদেশি ব্যবসায়ীরাও উপভোগ করবেন।
প্রথম আলো : দূরত্ব কমার কারণে ভারত যে পরিমাণ লাভবান হবে, তার একটা অংশ তো বাংলাদেশেরও পাওয়া উচিত
তাসকিন আহমেদ: নিজের দেশের স্বার্থ বিবেচনায় নিয়ে এ ব্যাপারে আমলারা অঙ্ক কষবেন। কতটুকু ছাড় দেওয়া উচিত হবে, কতটুকু উচিত হবে না। বর্তমানের ১০০ টাকা খরচের বদলে ট্রানজিটের কারণে যদি তা ২০ টাকায় নেমে আসে, তাহলে ৮০ টাকার সুবিধার বদলে নিশ্চয়ই বাংলাদেশকে ২ টাকা মাশুল দিলে হবে না। দর-কষাকষির প্রশ্নটি আসছে এখানেই।
প্রথম আলো: ভারতের ভিসা পাওয়া এত কঠিন কেন? ব্যবসায়ী হিসেবে আপনাদের সংকটে পড়তে হয় না?
তাসকিন আহমেদ: স্বীকার করি কঠিন। তবে, বাংলাদেশের ভিসা পাওয়া ভারতীয়দের জন্য আরও কঠিন। ভারতকে বরং আমি ধন্যবাদ দিই যে, বাংলাদেশিদের জন্য তাঁরাই প্রথম পাঁচ বছর মেয়াদি ভিসা চালু করেছে। আমরা কিন্তু তাঁদের জন্য এখনো তা করিনি। অনেক ভারতীয় ব্যবসায়ী বাংলাদেশের ভিসা পান না। তাঁদের কেউ কেউ তখন ফোন করেন। তাঁদের সামনে তখন ছোট হই।
প্রথম আলো: আইবিসিসিআইয়ের সভাপতি হিসেবে আগামী দুই বছরে আপনি কী ভূমিকা পালন করতে চান?
তাসকিন আহমেদ: আমি সবচেয়ে বেশি জোর দেব বাংলাদেশে ভারতীয় বিনিয়োগে। তা সে যৌথ বিনিয়োগ হোক বা সরাসরি বিনিয়োগই। এর বাইরে এমন একটি পদ্ধতি দাঁড় করাব, যাতে ভারতীয় বিনিয়োগকারীরা সহজেই তাঁদের প্রয়োজনীয় ব্যক্তি বা অংশীদারকে খুঁজে বের করতে পারেন।
সাক্ষাৎকারটি নিয়েছেন ফখর্ুল ইসলাম