'ট্রাভেল কার্ড' চালুর প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে যোগাযোগ বাড়াতে ‘ট্রাভেল কার্ড’ চালুর প্রস্তাব দিয়েছে বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। পাশাপাশি সংগঠনটির নেতারা এই দেশগুলোর মধ্যে প্রতিবছর একবার ব্যবসা সম্মেলন ও পণ্য প্রদর্শনী আয়োজনের তাগিদ দেন।
ভারত মহাসাগরের তীরঘেঁষা দেশগুলোর জোট ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘লিডারস সামিটে’ অংশ নিয়ে এফবিসিসিআই নেতারা এসব প্রস্তাব দেন। এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হয়ে দেশের ব্যবসায়ীরা ইন্দোনেশিয়ায় গেছেন।
সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলোর ব্যবসায়ী সংগঠনের নেতারা গত সোমবার একটি যৌথ ঘোষণা প্রকাশ করেন। এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ সংগঠনটির পক্ষে এতে সই করেন। এ সময় ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি আবুল কাসেম খান ও মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি নিহাদ কবির উপস্থিত ছিলেন বলে এফবিসিসিআইয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ সম্মেলনে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, কেনিয়া, মাদাগাস্কার, মালয়েশিয়া, মরিশাস, মোজাম্বিক, ওমান, সিসিলিজ, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, সোমালিয়া, শ্রীলঙ্কা, তানজানিয়া, থাইল্যান্ড, আরব আমিরাত ও ইয়েমেন অংশ নিয়েছে।