'ট্রাম্প ব্র্যান্ডের' পোশাক তৈরি হয় বাংলাদেশে!
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প তাঁর নামকে ‘ব্র্যান্ড নেম’ হিসেবে ব্যবহার করেন বিভিন্ন পণ্য বাজারজাত করার জন্য। ট্রাম্প টাওয়ার, ট্রাম্প ইউনিভার্সিটি, ট্রাম্প গলফ ক্লাব, ট্রাম্প টাই, ট্রাম্প শার্ট ইত্যাদি তাঁর ব্র্যান্ডিং কৌশলই ইঙ্গিত করে।
প্রেসিডেন্ট পদে মনোনয়নের জন্য প্রতিদ্বন্দ্বিতায় নেমে তিনি বরাবর দাবি করে এসেছেন যে মার্কিন কোম্পানিগুলো নিজের দেশে বিভিন্ন পণ্য উৎপাদনের পরিবর্তে তা সস্তায় বিদেশে বানায়। অথচ সেসব দেশে শ্রম ব্যবস্থাপনা অত্যন্ত নিম্নমানের এবং শ্রমিকেরা কম বেতন পান। তিনি প্রেসিডেন্ট হলে মার্কিন কোম্পানিগুলোকে তাদের পণ্য দেশেই উৎপাদনে বাধ্য করবেন এবং বিদেশি পণ্যের ওপর উচ্চহারে কর বসাবেন।
অথচ এখন দেখা যাচ্ছে, ট্রাম্পের নামে পরিচিত ব্র্যান্ডের প্রায় সব পণ্যই যুক্তরাষ্ট্রের বাইরে তৈরি হয়। এর মধ্যে রয়েছে ‘ট্রাম্প শার্ট’। ওয়াশিংটন পোস্ট ট্রাম্পের নামে ব্র্যান্ড হিসেবে ব্যবহৃত পণ্যের ওপর প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনে জানিয়েছে, ‘ট্রাম্প ড্রেস’ ব্র্যান্ডের পোশাক বাংলাদেশের তৈরি। প্রতিবেদনে আরও জানানো হয়, বাংলাদেশ ছাড়াও চীন, ভিয়েতনাম, হুন্ডুরাস ও অন্যান্য উন্নয়নশীল দেশ থেকে সস্তায় পণ্য কিনে থাকেন ট্রাম্প।
১৩ মার্চ ওয়াশিংটন পোস্ট-এ এ-সংক্রান্ত প্রতিবেদনে বাংলাদেশে তৈরি একটি শার্টের ছবি ব্যবহৃত হয়েছে।
জানা গেছে, এসব পণ্যে ট্রাম্পের নাম থাকলেও এর কোনোটিই ট্রাম্পের প্রতিষ্ঠানের নিজস্ব ব্যবস্থাপনায় উৎপাদিত হয় না। শুধু নিজের নামটিই সেখানে ব্যবহৃত হয়। পণ্য সরবরাহকারী কোনো কোম্পানির সঙ্গে চুক্তি মোতাবেক এসব পণ্য কিনে তা বাজারজাত করা হয়।
ট্রাম্প বরাবর নিজেকে একজন সফল ব্যবসায়ী হিসেবে দাবি করে এসেছেন। তিনি জানিয়েছেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি বিভিন্ন দেশের সঙ্গে এমন চুক্তি করবেন, যার ফলে মার্কিন শ্রমবাজার লাভবান হবে।
এক সপ্তাহ আগে ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে ট্রাম্প নিজের ব্যবসায়িক সাফল্য প্রমাণের জন্য তাঁর কোম্পানির তৈরি বিভিন্ন পণ্য প্রদর্শন করেন। এগুলোর মধ্যে ছিল ট্রাম্প স্টেক ও ট্রাম্প পানীয়। জানা গেছে, তাঁর নাম বহন করলেও সেসব পণ্যের কোনোটাই ট্রাম্পের প্রতিষ্ঠান উৎপাদন করেন না। বিভিন্ন সরবরাহকারীর কাছ থেকে পাইকারি হারে কিনে তাতে শুধু নিজের ‘ব্র্যান্ড নেম’ লাগিয়ে দেন ট্রাম্প।
একজন অর্থনীতিবিদের উদ্ধৃতিতে পত্রিকাটি জানিয়েছে, বিদেশে উৎপাদনের বদলে যুক্তরাষ্ট্রে উৎপাদিত হলে ট্রাম্পের নাম বহন করা অধিকাংশ পণ্যের দাম কয়েক গুণ বেড়ে যেত।